জুন ১৩, ২০১৯ ১১:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ঋণের ফাঁদে বাজেট-দৈনিক প্রথম  আলো
  • রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় জাতিসংঘের উদ্বেগ -দৈনিক ইত্তেফাক
  • সৌদিতে ‘হালাল নাইটক্লাব’ খোলার ঘোষণা নিয়ে বিতর্ক -দৈনিক যুগান্তর
  • কোটি কোটি টাকা যাচ্ছে বিদেশে
  • বিশ্বকাপ ঘিরে রমরমা জুয়া -দৈনিক মানবজমিন
  • সোনারগাঁও যাদুঘরের সাবেক পরিচালক রবীন্দ্র গোপ নারীসহ আটক -দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • নিঃশর্ত ক্ষমা চান মুখ্যমন্ত্রী, না হলে আন্দোলন চলবে, এনআরএস-এর জুনিয়র ডাক্তারদের ঘোষণা -দৈনিক আনন্দবাজার
  • আগ্রায় কোর্ট চত্বরেই গুলিতে ঝাঁজরা বার কাউন্সিলের প্রথম মহিলা সভাপতি -দৈনিক সংবাদ প্রতিদিন
  • বাড়ি বসে কাজ নয়, সকাল সাড়ে ন’টার মধ্যে অফিসে আসতে হবে মন্ত্রীদের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

মন্ত্রিসভায় বাজেট অনুমোদন-দৈনিক প্রথম আলো

২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটি দেশের ৪৮ তম বাজেট। আওয়ামী লীগ সরকারের ১৯তম এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট প্রস্তাব। সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ নাম দিয়ে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। চলতি অর্থবছরের মূল বাজেট ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

ঋণের ফাঁদে বাজেট-দৈনিক প্রথম আলো

ঋণের ফাঁদে বাজেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর তার এ শিরোনামের নিবন্ধে লিখেছেন,বাজেটের পরিকল্পনা, বাস্তবায়নের প্রক্রিয়া, খাতভিত্তিক বরাদ্দ ও সমস্যা নির্ধারণ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে। অনুৎপাদনশীল খাতে খরচ অত্যধিক। প্রতিবছরই বাজেটে বিপুল পরিমাণ ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতি মেটাতে ঋণের পরিমাণও বাড়ছে। বাজেট বাস্তবায়নের হারেও দেখা যায় নিম্নমুখিতা। চলমান আর্থিক বছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায়ের পরিমাণ যেমন কম, তেমনি করের আওতাও বাড়েনি। গত বছরের জুনে ঘোষিত এ বছরের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বিধায় সংশোধিত লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ করদাতা। অন্যদিকে ব্যয় বেড়েই চলছে। ঋণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধির ফলে সুদ-আসল পরিশোধ করতেই বিশাল ব্যয় হচ্ছে। বাজেট ঘাটতি মেনে নেওয়া যায়, যদি তা অর্থনীতিতে গুণক প্রভাব তৈরি করে। ঋণ বৃদ্ধির অন্যতম বড় কারণ সরকারি চাকরিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পদ সৃষ্টি, গণহারে পদোন্নতির মাধ্যমে বেতনকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দকৃত ব্যয় কতটা গুণসম্পন্ন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ জনগণকে বড় ঋণখেলাপিদের জন্যও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। বাজেটে মৌলিক সমস্যা সমাধানের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না। অসমতা বাড়ছে হু হু করে। ৎপাদনশীল খাতের পরিমাণ বাড়ছে না ও বহুমুখীকরণ হচ্ছে না। বাংলাদেশের বাজেট–ব্যবস্থায় জবাবদিহির চর্চা নেই। বাজেট ঘোষিত হওয়ার পর আমলাতান্ত্রিক পদ্ধতিতে সংশোধিত হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় জাতিসংঘের উদ্বেগ-দৈনিক ইত্তেফাক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। বুধবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিপক্ষীয় বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে হালনাগাদ তথ্য তুলে ধরেন। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সরকারের অসহযোগিতা ও বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো তিনি জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন।

কোটি কোটি টাকা যাচ্ছে বিদেশে-বিশ্বকাপ ঘিরে রমরমা জুয়া-দৈনিক মানবজমিন

ক্রিকেট নিয়ে রমরমা জুয়া

এ এক অন্য রকম নেশা। ক্রিকেট খেলার মাঠে না গিয়েই ব্যাট করা যায়। এর মাধ্যমে যেমন আয় হয় তেমনি সর্বস্ব হারাতেও হয়। এই ভয়ঙ্কর খেলার নাম অনলাইন জুয়া। এ জুয়া  এখন দেশে রমরমা। অবশ্য তা প্রতিরোধ করতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। তবু থামছে না কিছুতেই। বরং দিনদিন বাড়ছে। জুয়াড়িদের মাধ্যমে কোটি কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। অসংখ্য ওয়েবসাইট গড়ে উঠেছে জুয়া ভিত্তিক। যে কোনো খেলা নিয়েই জুয়া হচ্ছে এসব সাইটে। সম্প্রতি তিন জুয়ারিকে গ্রেপ্তারের পর জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। গত কয়েক মাসে অনলাইনে দেশে অন্তত শত কোটি টাকার জুয়া হয়েছে। চলতি মাসে এই সংখ্যা আরও বিপুল হবে বলে ধারণা করছেন গোয়েন্দারা। বর্তমানে ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচে বিপুল টাকার জুয়া খেলা হচ্ছে অনলাইনে। জুয়া হচ্ছে বলে-বলে, চার, ছক্কাসহ রান নিয়ে। কোন খেলোয়াড় কত রান করবেন, কত উইকেট নিবেন এসবের উপরও। অনলাইনের এই জুয়া খেলায় জড়াচ্ছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক, রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে শিক্ষার্থীরা। খুব অল্প টাকায় জুয়া খেলার সুযোগ থাকলেও সাধারণত প্রতি জনে জুয়া হচ্ছে হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকার। কোনো কোনো আর্ন্তজাতিক সাইটের এজেন্ট রয়েছে ঢাকায়। জুয়া খেলায় টাকা লেনদেনের ক্ষেত্রে তারা নিজেরা সহযোগিতা করে। এক্ষেত্রে বিকাশে টাকা লেনদেন করা হয়। এরকম দুটি সাইট থেকে গত তিন মাসে প্রায় ১০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। সম্প্রতি অনলাইন বেটিং সাইট লিংক ব্যবহার করা অনলাইন জুয়াড়ি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।

সোনারগাঁও যাদুঘরের সাবেক পরিচালক রবীন্দ্র গোপ নারীসহ আটক-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদশে লোক ও কারুশল্পি ফাউন্ডেশনের ( যাদুঘর) সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে অসামাজিক কার্যকলাপের সময় এক নারীসহ আটক করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও যাদুঘরের ডাক বাংলোর ভেতরের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, নারীসহ জনতার হাতে রবীন্দ্র গোপ আটকের খবর পেয়ে এসআই আবু্ল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় । নারী ও রবীন্দ্র গোপ ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করেন। রবীন্দ্র গোপের বিরুদ্ধে এর আগেও এসব অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

৬০ ঘণ্টা পার, অচল এনআরএস, কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসা অমিল- এ সম্পর্কিত খবর কোলকাতার প্রায় সব বাংলা  দৈনিকে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক আনন্দবাজারের একটি খবরে লেখা হয়েছে, এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৪ ঘণ্টার মধ্যে কাজ যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। না হলে কঠোর পদক্ষেপ করা হবে।

এদিকে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-নিঃশর্ত ক্ষমা চান মুখ্যমন্ত্রী, না হলে আন্দোলন চলবে, এনআরএস-এর জুনিয়র ডাক্তারদের ঘোষণা।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আন্দোলন তোলা তো দূর অস্ত, আরও কঠোর অবস্থান নিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এনআরএস হাসপাতালে আন্দোলনকারীদের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন প্রত্যাহার করবেন না তাঁরা।

দৈনিক সংবাদ প্রতিদিনে এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পালটা গণইস্তফা! পদত্যাগ সাগর দত্ত হাসপাতালের ৮ চিকিৎসকের।

আগ্রায় কোর্ট চত্বরেই গুলিতে ঝাঁজরা বার কাউন্সিলের প্রথম মহিলা সভাপতি-দৈনিক সংবাদ প্রতিদিন

উত্তরপ্রদেশ বার কাউন্সিল সভাপতি দরবেশ সিংকে গুলি করে হত্যা

দু’দিন আগেই উত্তরপ্রদেশ বার কাউন্সিল সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন দরবেশ সিং। প্রথম মহিলা বার কাউন্সিল সভাপতিকে বুধবার আগ্রা আদালতে সংবর্ধনা দিতে আমন্ত্রণ জানানো হয়। এসেওছিলেন তিনি। সেখানেই আততায়ীর গুলিতে মৃত্যু হল তাঁর। দরবেশ সিংকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করে আততায়ী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেও একজন আইনজীবী এবং দরবেশের পূর্ব পরিচিত। তবে কী কারণে খুন, তা জানা যায়নি।

বাড়ি বসে কাজ নয়, সকাল সাড়ে ন’টার মধ্যে অফিসে আসতে হবে মন্ত্রীদের-দৈনিক আজকাল

Image Caption

লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি। ফের একবার প্রধানমন্ত্রী পদে মোদির উপরেই আস্থা রেখেছেন দেশের জনগণ। আর ক্ষমতায় ফিরেই কেন্দ্রের কাজকর্ম দ্রুত সারতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন নরেন্দ্র মোদি। সেই জন্য প্রত্যেকদিন ঠিক সকাল সাড়ে ৯টায় মন্ত্রীদের অফিস পৌঁছে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। বাড়িতে বসে কাজ না করে সকালেই অফিসে যেতে হবে। শুধু তাই নয়, লোকসভা অধিবেশন চলাকালীন দেশের বাইরে কেউ যেন কোনও কাজ না রাখে। সরকারের ১০০ দিনের মধ্যে সব মন্ত্রীকে পাঁচ বছরের পরিকল্পনা ঠিক করে তা নিরূপণ করার কাজ শুরু করে দিতেও নির্দেশ দিয়েছেন নমো। এদিকে, মোদি সরকার সংসদের প্রথম অধিবেশনেই তাত্‍ক্ষণিক তিন তালাক বন্ধের বিল পাশ করাতে চাইছে। মন্ত্রিসভা বুধবার এই সংক্রান্ত নতুন বিলে ছাড়পত্র দিয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩