দেশের সম্পদ লুটতেই জনগণকে জুলুম-শোষণ: রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- দেশের সম্পদ লুটতেই জনগণকে জুলুম-শোষণ: রিজভী-দৈনিক যুগান্তর
- ধর্ষণের পেছনে কী কাজ করে-আনিসুল হক-দৈনিক প্রথম আলো
- আওয়ামী লীগ সরকার সমালোচনাকে স্বাগত জানায়: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে একজন গ্রেফতার-দৈনিক নয়া দিগন্ত
- ধর্ষণ করে এক লাখ টাকায় আপোষের প্রস্তাব মুয়াজ্জিনের-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- শুনানি পিছোল সুপ্রিম কোর্ট, কর্নাটকে মঙ্গলবার পর্যন্ত সময় পেল কংগ্রেস-জেডিএস-দৈনিক আনন্দবাজার
- জয় শ্রী রাম’ না বলায় যোগীর রাজ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর! অভিযোগ অস্বীকার পুলিশের -দৈনিক আজকাল
- বালাকোটের মতো হামলা চালাতে আত্মঘাতী ‘পঙ্গপাল বাহিনী’ বানাচ্ছে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
দেশের সম্পদ লুটতেই জনগণকে জুলুম-শোষণ: রিজভী-দৈনিক যুগান্তর
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ওপর জুলুম ও শোষণ নির্যাতন চালিয়ে দেশের সম্পদ লুট এবং জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে অবৈধ আওয়ামী সরকার। আজ রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের নার্ভ বুঝতে পেরেছে যে, জনগণ আওয়ামী দুঃশাসনের কারণে তাদের ঘৃণা করে। আর ঘৃণা করার প্রতিশোধের অংশ হিসেবে ধারাবাহিক জুলুম চালানো হচ্ছে জনগণের ওপর। সেটিরই আরও একটি নির্মম বহির্প্রকাশ ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি।
দৈনিকটির অন্য একটি খবরে গ্যাসের দাম বৃদ্ধি সম্পর্কে খবরে লেখা হয়েছে, গ্যাসের দাম হঠাৎ করে বাড়ানোয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। তিনি বলেছেন, জনগণকে একটু রেহাই দেন। অনেক জনগণ আছে যাদের এত দাম দিয়ে গ্যাস কেনার সামর্থ্য নেই। জনগণকে একটু রেহাই দেয়া উচিত। তিনি বলেন, আমরা উন্নয়ন চাই তবে গ্যাসের দাম বাড়াতে চাই না।
আওয়ামী লীগ সরকার সমালোচনাকে স্বাগত জানায়: তথ্যমন্ত্রী-ইত্তেফাক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময়ই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে আসছে। কারণ এটা সরকারকে সঠিক পথে পরিচালিত করে।' দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি নেতিবাচক রাজনীতি করে দেউলিয়া হয়ে যাওয়ায় জনগণ তাদের কোন আন্দোলনের ডাকেই সাড়া দেয় না।' তিনি বলেন, 'আন্দোলন করতে না পারাটা বিএনপি'র দুর্বলতা, আওয়ামী লীগের কিছু করার নেই। বিরোধীদল রাজপথে আন্দোলন করতে ব্যর্থ হলে সরকার সে দায় নিতে পারে না।'
ধর্ষণ করে এক লাখ টাকায় আপোষের প্রস্তাব মুয়াজ্জিনের-দৈনিক মানবজমিন
কক্সবাজারের উখিয়ায় ৭ বছরের শিশুকে মসজিদের ভেতর ধর্ষণের অভিযোগ ওঠেছে মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া মসজিদের মুয়াজ্জিন হাফেজ নুরুল আমিন পলাতক রয়েছে।স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে মসজিদ ঝাড়ু দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় মুয়াজ্জিন হাফেজ নুরুল আমিন।
মসজিদের ভেতর ঢুকিয়ে তাকে ধর্ষণ করে সে। পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় ঘরে এসে তার মাকে বিষয়টি জানায়। এই ঘটনা পুরো এলাকায় জানাজানি হওয়ায় ধর্ষক স্থানীয় মেম্বারের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে। নির্যাতিতার পরিবারকে এক লাখ টাকা দেয়ার জন্যও প্রস্তাব দেন ধর্ষক। কিন্তু নির্যাতিতার পরিবার না মানায় তা স্থানীয়ভাবে সমঝোতা হয়নি।
ধর্ষণের পেছনে কী কাজ করে-এ শিরোনামের মতামত কলামে প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক লিখেছেন,
আমি প্রায়ই বলে থাকি, ‘এই মানুষেরা দানব নয়।’ যারা ধর্ষণ করে, করে কারাগারে আছে, তাদের সম্পর্কে বলেছেন মধুমিতা পান্ডে। মধুমিতা যুক্তরাজ্যের শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাঁর বিষয় অপরাধবিজ্ঞান। তিনি ভারতের নয়াদিল্লির তিহার কারাগারে ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ১০০ জন কয়েদির সাক্ষাৎকার নিয়েছিলেন।
২০১৮ সালের আগস্টে ফার্স্টপোস্ট অনলাইন ম্যাগাজিনের সাক্ষাৎকারে গবেষক মধুমিতা পান্ডে বলেছেন, ধর্ষণকারীদের পশু বলা, জানোয়ার বলা, দানব বলা সমস্যার সমাধান নয়। তাতে হয় কি, আমরা সমাজের ভালো মানুষ, আমরা রেপের জন্য দায়ী নই, আর ওরা হলো জন্তু-জানোয়ার, ওরা দায়ী—এই রকম একটা সহজ দায়মুক্তির ধারণা সমাজে চলে আসে। মধুমিতা বলেছেন, ধর্ষণ একটা লম্বা সুতা, যার এক প্রান্তে আছে ধর্ষণ নামের ক্রিয়াটি। কিন্তু এটা শুরু হয়েছে সমাজের আরও আরও অনুষঙ্গ থেকে—নারীকে অধস্তন হিসেবে দেখা, ইভ টিজিং, নারীবিদ্বেষী কৌতুক, নারীকে তাচ্ছিল্য করে কথা বলা, হয়রানি—এ ধরনের কম গুরুতর বলে বিবেচিত উপাদানগুলোই শেষতক ধর্ষণে গিয়ে পৌঁছায়।
বিভিন্ন পত্রিকায় মধুমিতা পান্ডের সাক্ষাৎকার বেরিয়েছে, তার ওপরে খবর প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, এবং আমরা বারবার করে বলছি, পুরো সমাজে পুরুষাধিপত্য নারী নির্যাতনের, ধর্ষণের বড় কারণ। পিতৃতন্ত্র হাজার বছর ধরে জেঁকে বসে আছে, তার বিনাশ এক দিনে সম্ভব নয়, কিন্তু কাজ করতে হবে প্রতিনিয়ত, কাজ করতে হবে এখনই। ফেনীর নুসরাত হত্যাকাণ্ড হলো মাথার ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসা পিতৃতন্ত্রের একটা চরম দৃষ্টান্ত। প্রতিষ্ঠান, ধর্ম, রাজনীতি, আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাবলয়—সবটা মিলিয়ে একজন তরুণীকে কীভাবে চেপে ধরল এবং অবশেষে আগুনে পুড়িয়ে মারল নৃশংসভাবে। আর নুসরাতের প্রতিবাদটা হওয়া উচিত আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা আর প্রেরণার অনন্ত অনির্বাণ উৎস—‘আমি সমস্ত পৃথিবীকে জানিয়ে দেব, আমি প্রধানমন্ত্রীকে জানিয়ে যাব..
মধুমিতা বলেছেন, সমাজকে প্রতিবাদী হতে হবে। মুখ খুলতে হবে। আইনের আশ্রয় নিতে সংকোচ-লজ্জা পেলে চলবে না। তিনি পারিবারিক শিক্ষার ওপরে জোর দিচ্ছেন, পরিবারের ভেতরে যৌনশিক্ষার কথা বলছেন। তিনি বারবার জোর দিয়েছেন তত গুরুত্বপূর্ণ নয় এমন সব বিষয়ের ওপরে। যেমন নারীকে অবমাননা করা কৌতুক।
মধুমিতা পান্ডের কথা প্রণিধানযোগ্য। ধর্ষণ হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়ার শেষ ফল। প্রক্রিয়াটার মধ্যে আছে আমাদের দৈনন্দিন পুরুষবাদী মানসিকতা। বিচার চাই, শাস্তি চাই; কিন্তু পুরো পুরুষতন্ত্রকে কে ওলটাবে? শুরু করতে হবে পরিবার থেকে, স্কুল থেকে। আমার পরিবারে আমার নারীকে কি আমি সম্মান করি?
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
জয় শ্রী রাম’ না বলায় যোগীর রাজ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর! অভিযোগ অস্বীকার পুলিশের-দৈনিক আজকাল
যোগী আদিত্যনাথের রাজ্যে ফের ‘জয় শ্রী রাম’ বলতে জোর করা হল। কথা না শোনায় করা হল মারধর।
উত্তরপ্রদেশের উন্নাওয়ে কিছু মাদ্রাসা শিক্ষার্থীদের জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বলা হয়। বৃহস্পতিবারের ঘটনা। শিক্ষার্থীরা তা না বলায় মারধরের অভিযোগ উঠেছে। এমনকি শিক্ষার্থীদের মোটর সাইকেলেও ভাঙচুর চালানো হয়েছে। উন্নাওয়ের জামা মসজিদের ইমাম জানিয়েছেন, এই ঘটনা ঘটিয়েছে বজরং দল। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিন অভিযুক্তকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তিন অভিযুক্তের ফেসবুক আইডিতে কিন্তু লেখা রয়েছে, তারা বজরং দলের সদস্য।পুলিশ অবশ্য মাদ্রাসার এই অভিযোগ মানছে না। তাঁরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীরা খেলতে গিয়েছিল। মাঠে আরও অনেকে খেলছিল। এরপর একটি গন্ডগোল শুরু হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা মারধরের ঘটনায় জড়িয়ে পড়ে। আহতদের মেডিকেল পরীক্ষার পর বিষয়টি আরও পরিষ্কার হবে। জামা মসজিদের ইমাম অবশ্য দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শুনানি পিছোল সুপ্রিম কোর্ট, কর্নাটকে মঙ্গলবার পর্যন্ত সময় পেল কংগ্রেস-জেডিএস-দৈনিক আনন্দবাজার
কর্নাটকের বিধানসভা স্পিকারের সঙ্গে বিক্ষুব্ধ বিধায়কদের টানাপড়েন নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট। বরং বিষয়টি নিয়ে মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানাল শীর্ষ আদালত। তত দিন পর্যন্ত রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় পেয়ে গেল কর্নাটকের কংগ্রেস-জনতা দল সেকুলার (জেডিএস) জোট সরকার। তত দিনে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কোনওরকম মীমাংসায় আসা সম্ভব হয় কিনা, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
বালাকোটের মতো হামলা চালাতে আত্মঘাতী ‘পঙ্গপাল বাহিনী’ বানাচ্ছে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন
সবুজ শস্যের মাঠে যেভাবে ঝাঁপিয়ে পড়ে রাক্ষুসে পঙ্গপালের ঝাঁক। সেভাবেই এবার জঙ্গিঘাঁটিগুলির উপর আছড়ে পড়বে ভারতের আত্মঘাতী ড্রোন। বালাকোটের মতো জঙ্গিদমন অভিযানে এবার ‘বুদ্ধিমান’ ড্রোন বাহিনী গড়তে চলেছে ভারত। জানা গিয়েছে, ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ সম্পন্ন ড্রোন তৈরি করার কাজ শুরু করে দিয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)।খবর, আগামী দু’বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ভরতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রোন বাহিনী। এই অত্যাধুনিক ড্রোনগুলির নাম দেওয়া হয়েছে ‘এয়ার লঞ্চড ফ্লেক্সিবল অ্যাসেট’ (ALFA)।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২