জুলাই ১৬, ২০১৯ ১১:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মিন্নিকে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে-দৈনিক প্রথম আলো
  • মনে হচ্ছে দেশে কোনো সরকারই নেই: রিজভী-দৈনিক যুগান্তর
  • চীনা ‘ঋণের ফাঁদে’ বাংলাদেশ?-দৈনিক মানবজমিন
  • নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • কর্নাটক জট কাটার ইঙ্গিত, ‘আগামিকালের মধ্যেই সিদ্ধান্ত নেব’সুপ্রিম কোর্টে বললেন স্পিকার-দৈনিক আনন্দবাজার
  •  মুম্বইয়ে পাঁচতলা বাড়ি ভেঙে মৃত অন্তত ১২, আটকে বহু-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ১৫ মৃত, অসমের বন্যায় ৪৩ লক্ষ মানুষ ক্ষতির মুখে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

লাখো জনতার অংশগ্রহণে এরশাদের চতুর্থ জানাজা সম্পন্ন-দৈনিক যুগান্তর

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শেষ জানাজা সম্পন্ন হয়েছে।জানাজা শেষে সর্বস্তরের নেতাকর্মীরা এরশাদের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন। রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে পল্লী নিবাসেই সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার করা হয়েছে।

মনে হচ্ছে দেশে কোনো সরকারই নেই: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ দিন দিন অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে। এখন পরিস্থিতি দেখে মনে হয় দেশে কোনো সরকারই নেই। তিনি বলেন, ক্ষমতা জোর করে বেশি দিন ধরে রাখা যায় না, জোর জবরদস্তির পরিণতি বড় করুণ ও ভয়ঙ্কর, তাই ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি হয়েছে। গতকাল কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় নজিরবিহীন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আদালতের বিচারক, কর্মকর্তা, পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সামনে একজন আসামি আরেক আসামিকে কুপিয়ে হত্যা করেছে।

বিএনপির এ নেতা আরও বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘এই হত্যার শিকার আমিও হতাম কিংবা এটির শিকার আমার কোনো সহযোগী বা কোনো আইনজীবীও হতে পারতেন। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের আসলে কোনো নিরাপত্তাই নেই।’

রিজভী বলেন, সন্ত্রাস উইপোকার মতো রাষ্ট্র-সমাজকে ভেতর থেকে খেয়ে ফেলছে। দেশে কী ভয়ঙ্কর পরিস্থিতি হলে একজন বিচারক এজলাসে তার নিজের নিরাপত্তা নিয়ে এমন আতঙ্কবোধ করেন।

তিনি বলেন, সন্ত্রাসের নিরবচ্ছিন্নতা ও প্রসারে দেশজুড়ে জনগণের মধ্যে নীরব আতঙ্ক বিরাজ করছে। দেশজুড়ে কেবল গুম, খুন, ধর্ষণ, হামলা-মামলা, নারী-শিশুদের ওপর পাশবিক নির্যাতন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, আগুনে পুড়িয়ে লোমহর্ষক কায়দায় হত্যাসহ দেশ ভরে উঠেছে অনাচার-অবিচারের মহামারীতে।

‘আর অবৈধ সরকার ব্যস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। প্রশাসন, বিচার ও আইনিব্যবস্থায় গণবিরোধী প্রতারণামূলক নীতি কার্যকর আছে বলেই এসব সরকারি যন্ত্র ক্ষমতাসীনদের পক্ষে কাজ করে আসছে।’

রিজভী বলেন, এ যন্ত্রই ২৯ ডিসেম্বর মধ্যরাতে ভোটবাক্স ভর্তিতে সহযোগিতা করে এবং জনগণকে ভোটকেন্দ্রের ত্রিসীমানায় ঢুকতে না দিয়ে অবৈধভাবে গদি দখলে সরকারকে সহযোগিতা করে কৃপাধন্য হয়েছে। ফলে তারা আর সরকারের আদেশ নির্দেশ তোয়াক্কা করছে না।

এজলাস কক্ষে হত্যার ঘটনায় গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর/

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি হত্যার ঘটনায় নিরাপত্তাগত দিক থেকে কারও কোনো গাফিলতি ছিল কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিজিবি সদর দফতরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, কুমিল্লা জেলা জজ আদালতের এজলাসে বিচারকের সামনে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিরাপত্তা চেয়ে আদালতে রিট দায়ের করেছেন একজন আইনজীবী।

মিন্নিকে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে-দৈনিক প্রথম আলো

আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইঠা এলাকার বাড়ি থেকে মিন্নি ও তাঁর মাকে পুলিশ লাইনসে আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, মিন্নি রিফাত শরীফ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী এক নম্বর সাক্ষী। পুলিশ লাইনসে এনে তাঁকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নেওয়া হচ্ছে।আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তারের দাবিতে গত রোববার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রিফাত হত্যায় তাঁর স্ত্রী মিন্নি জড়িত।

চীনা ‘ঋণের ফাঁদে’ বাংলাদেশ?-দৈনিক মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে দৃশ্যত সফল হয়েছে। এই সফরে উভয় পক্ষ বহু চুক্তি সম্পাদন করেছে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশের জ্বালানি খাতে প্রায় ১৭০০ কোটি ডলারের ঋণ প্রদানের দু’টি চুক্তি।২০১৬ সালে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত আংশীদারিত্বে পরিণত করে চীন ও বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চীনা বিনিয়োগ বেড়েছে হু হু করে।২০১৮ সালে বাংলাদেশ বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে রেকর্ড হারে। ওই বছর দেশটিতে প্রায় ৩৬০ কোটি ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে।ঢাকা-ভিত্তিক পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এস মনসুর বলেন, ‘চীনা বিনিয়োগ বাংলাদেশের জন্য বাড়তি সুখবর। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর চীনা বিনিয়োগের দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হলো বাংলাদেশ। কিন্তু এই পরিস্থিতি নিয়ে সবাই আশাবাদী নন। অনেকেই সতর্ক করে বলছেন যে, চীনা অর্থের ওপর ক্রমবর্ধমান নির্ভবরতা ঢাকাকে বেইজিং-এর আজ্ঞাবহ করে তুলবে। সংশয়বাদীরা বাংলাদেশের ওপর চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

ব্লাকমেইল করে রাবি শিক্ষার্থীর কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবি!-দৈনিক নয়া দিগন্ত

ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত দুই দিন ধরে দশ হাজার টাকা দাবি করে আসছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তিনি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

১৫ মৃত, অসমের বন্যায় ৪৩ লক্ষ মানুষ ক্ষতির মুখে-দৈনিক আজকাল

অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিল। এখনও পর্যন্ত অসমের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা জলের তলায চলে গিয়েছে। বন্যা প্লাবিত এলাকায় আটকে রয়েছেন প্রায় ৪৩ লক্ষ মানুষ। রাজ্যের বন্যা কবলিত ৩০টি জেলার ৪ হাজারেরও বেশি গ্রাম সম্পূর্ণ বিপর্যস্ত। বন্যা বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা এখন বেড়ে হয়েছে ১৫।

অসমের বন দপ্তর সূত্রে খবর, কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশই এখন জলের তলায়। গত দু’দিনে কাজিরাঙায় অন্তত ১৭টি বন্যপ্রাণীর মৃত্যুর খবর মিলেছে। রাজ্যের প্রায় ৯০ হাজার হেক্টর কৃষি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্র–সহ রাজ্যের ১১টি নদীর জল এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৮৩ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বন্যা দুর্গতদের জন্য রাজ্যে ১৮৩টি ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে।

কর্নাটক জট কাটার ইঙ্গিত, ‘আগামিকালের মধ্যেই সিদ্ধান্ত নেব’, সুপ্রিম কোর্টে বললেন স্পিকার-দৈনিক আনন্দবাজার

বিধায়করা ইস্তফা দিয়েছেন, কিন্তু বিধানসভার স্পিকার গ্রহণ করেননি। আদালত পর্যন্ত গড়িয়েছে কর্নাটকের রাজনৈতিক তথা সাংবিধানিক সঙ্কট। স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন ‘বিদ্রোহী’ ১৫ বিধায়ক। মঙ্গলবার এই মামলার শুনানিতেই স্পিকার এ বার নির্দিষ্ট করে জানিয়ে দিলেন, আগামিকালের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি। অর্থাৎ বিধায়কদের ইস্তফা গৃহীত হবে কিনা, সেই সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার। এর আগে বিধায়কদের ইস্তফার পিছনে কোনও চাপ থাকতে পারে এবং সেটা খতিয়ে দেখার জন্য আগেই সময় চেয়েছিলেন স্পিকার। মঙ্গলবার সেই সময়টাই নির্দিষ্ট করে দিলেন স্পিকার অধ্যক্ষ।

মুম্বইয়ে পাঁচতলা বাড়ি ভেঙে মৃত অন্তত ১২, আটকে বহু-দৈনিক সংবাদ প্রতিদিন

মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডোংরি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পাঁচতলা বাড়ির একাংশ৷ ধ্বংসস্তূপের মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পৌঁছে গিয়েছে প্রচুর অ্যাম্বুল্যান্স। যদিও এখনও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ধ্বংসস্তূপ সরিয়ে সকলকে জীবিত অবস্থায় দ্রুত উদ্ধার করতে তৎপর বাহিনী৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬