আদালতের ভেতর ছুরি নিয়ে যায় কীভাবে, পুলিশ কী করে: হাইকোর্ট
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- আদালতের ভেতর ছুরি নিয়ে যায় কীভাবে, পুলিশ কী করে: হাইকোর্ট-দৈনিক যুগান্তর
- মিন্নির ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর-দৈনিক প্রথম আলো
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৩.৯৩-দৈনিক ইত্তেফাক
- মহাকবি ফেরদৌসী ও ওমর খৈয়াম স্মরণে সেমিনার-দৈনিক নয়া দিগন্ত
- আগামীতে বিদ্যুৎচালিত ট্রেন চলবে: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ইস্তফা নিয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে আস্থাভোটে যেতে বাধ্য নন বিধায়করা: সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
- এবার ইদে গরু কোরবানি দেওয়া যাবে না! মুসলিমদের কাছে আর্জি মন্ত্রীর-দৈনিক আজকাল
- ২৬/১১ জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদকে গ্রেপ্তার করল পাক পুলিশ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৩.৯৩-দৈনিক ইত্তেফাক
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারাদেশের এবারের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনেই এই ফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজ উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশের এই ধারা অব্যাহত রাখতে হবে।
আদালতের ভেতর ছুরি নিয়ে যায় কীভাবে, পুলিশ কী করে: হাইকোর্ট-দৈনিক যুগান্তর
সারা দেশের আদালতে আইনজীবী, বিচারক ও কর্মকর্তাদের নিরাপত্তায় কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কুমিল্লার ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত। কুমিল্লার আদালতের এজলাসে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি নিহত হওয়ার ঘটনায় বিচারকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত চেয়ে করা এক রিট আবেদনের শুনানিতে বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মিন্নি ৫ দিনের রিমাণ্ডে-দৈনিক যুগান্তর
বরগুনায় রাস্তায় ফেলে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে বরগুনার সিনিয়র মেজিস্ট্রেট আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুর ২ টার পর মিন্নিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, মিন্নিকে জিজ্ঞাসাবাদে এ হত্যায় জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার করা হল। এদিকে মিন্নিকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর বললেন, পুলিশ তার মেয়েকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
আগামীতে বিদ্যুৎচালিত ট্রেন চলবে: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
আগামীতে দেশে বিদ্যুৎচালিত ট্রেন চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমরা ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন আমাদের বিদ্যুৎ ১৬০০০ হাজার মেগাওয়াট। আগামীতে আমাদের দেশে বিদ্যুৎচালিত দ্রুতগতির ট্রেন চলাচল শুরু হবে। এর মাধ্যমে যোগাযোগ বাড়বে, পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে। অর্থনৈতিকভাবে উন্নতি হবে। আজ গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন ও বনলতা এক্সপ্রেসের রুট বাড়ানোর ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ইস্তফা নিয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে আস্থাভোটে যেতে বাধ্য নন বিধায়করা: সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
বৃহস্পতিবার আস্থা ভোটের মুখে কর্নাটকের কুমারস্বামী সরকার। তার আগে, সুপ্রিম কোর্টের ‘ভারসাম্যের রায়ে’ জোর ধাক্কা খেল কংগ্রেস ও জে়ডিএস জোট। বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা মামলা নিয়ে বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষই। তবে একইসঙ্গে, ওই বিধায়কদের জোর করে আস্থা ভোটে হাজির করানো যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত। গত দু’সপ্তাহে কংগ্রেস-জেডিএস জোটের ১৬ জন বিধায়ক ও ২ নির্দল বিধায়ক ইস্তফা দিয়েছেন। পদত্যাগ পত্র নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন কর্নাটকের স্পিকার, এই অভিযোগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ১৫ বিক্ষুব্ধ বিধায়ক।
২৬/১১ জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদকে গ্রেপ্তার করল পাক পুলিশ-দৈনিক সংবাদ প্রতিদিন
মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ৷ পাক অধিকৃত পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে।
মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্করের এই শীর্ষ নেতা। মুম্বই হামলার পরেই তাকে কালো তালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘ। সেই থেকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ। কিন্তু ২০১৭ সালে আইনজীবী মারফত এই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার আবেদন করেন হাফিজ। জঙ্গি নেতার এই আবেদনের বিরুদ্ধে জোরাল সওয়াল করে ভারত। ভারতের পাশাপাশি, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো বড় বড় দেশগুলি হাফিজের এই আবেদনের বিরোধিতা করে। ভারতের দেওয়া অকাট্য প্রমাণ এবং আন্তর্জাতিক মহলের চাপে হাফিজকে কালো তালিকাতে রাখতে বাধ্য হল রাষ্ট্রসংঘকে।
এবার ইদে গরু কোরবানি দেওয়া যাবে না! মুসলিমদের কাছে আর্জি মন্ত্রীর-দৈনিক আজকাল
ঈদুল আজহায় গরু কোরবানি দেবেন না। এমনই অনুরোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তেলঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আর তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলিকে এই অনুরোধ করছেন তিনি । তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানান, এ অনুরোধ করার কারণ হচ্ছে একটি সম্প্রদায়ের মানুষ গরুকে পুজো করেন।
তিনি বলেন, ‘আমি সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি গরু কোরবানি থেকে বিরত থাকার জন্য। কারণ গরুকে সম্মান দিয়ে পুজো করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ছাগল ও অন্যান্য ছোট পশুকে বলি দিক। যদি এরপরও গরুকে বলি দেওয়া হয় তাহলে পুলিশ আইনের পথেই হাঁটবে। গতবছরও পুলিশ বাণিজ্যিক যানবাহনকে এসকর্ট করে নিয়ে গিয়েছিল।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭