'দেশে বন্যা, প্রতিদিন গুম-খুন- সরকারের কাছে সবই গুজব''
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ডেঙ্গুর বিস্তার বাড়ার সতর্কতা আগেই দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর-দৈনিক প্রথম আলো
- 'দেশে বন্যা, প্রতিদিন গুম-খুন- সরকারের কাছে সবই গুজব'': দৈনিক কালেরকণ্ঠ
- সর্বোচ্চ ৫ লাখ টাকার সঞ্চয়পত্রে কর ৫ শতাংশ-দৈনিক যুগান্তর
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫-দৈনিক ইত্তেফাক
- ২১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, জানালেন ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
- পাউডার দুধে ক্ষতিকর উপাদান আছে কিনা খতিয়ে দেখতে বলল হাইকোর্ট-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বিশ্বব্যাঙ্কের এমডি পদে অংশুলা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- গরুরা হিন্দু, তাদের পোড়াতে হবে’, দাবি বারবাঁকির বিজেপি নেতার-দৈনিক আজকাল
- দুর্নীতি ও প্রতারণার মামলায় এবার মুকুল রায়কে নোটিস কলকাতা পুলিশের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (২৯ জুলাই)
১. বাংলাদেশের সিলেট জেলার ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০ লাখ টাকা। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. ইরানের পরমাণু সমঝোতা নিয়ে গতকাল ভিয়েনায় বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো এ সমঝোতা রক্ষা করতে প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার কী মনে হয় এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
ডেঙ্গুর বিস্তার বাড়ার সতর্কতা আগেই দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর-দৈনিক প্রথম আলো
ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তে সব ধরনের পরীক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য অনুযায়ী নেওয়া হচ্ছে কি না, তা তদারক করতে ১০টি দল গঠন করেছে সংস্থাটি। তারা রাজধানীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে এই কাজের তদারক করছে। পাশাপাশি এসব হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য একটি আলাদা কর্নার করা এবং একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণ করার বিষয়েও নজর রাখবে। সরকারি নির্দেশ না মানা হলে নাগরিকেরা অধিদপ্তরের ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ হটলাইনে অভিযোগ জানাতে পারবেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। এক প্রশ্নের জবাবে সানিয়া বলেন, এবার এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগী বাড়তে পারে, এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তর আগেই করেছিল এবং সে ব্যাপারে সতর্ক হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গু শনাক্তে ঢাকার বাইরের জেলাগুলোতে কিট পাঠানো হচ্ছে। ঢাকায় প্রবেশের জায়গায়গুলো-ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মোংলা, বেনাপোল এবং চট্টগ্রাম বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে জ্বরের রোগী পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা সেখানে কিটের মাধ্যমে এনএসওয়ানের (NS1) পরীক্ষা করবে। এ ছাড়া আগত বাকি সব মানুষকে প্রচারপত্র, পোস্টার দেওয়া ও সচেতন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
'দেশে বন্যা, প্রতিদিন গুম-খুন- সরকারের কাছে সবই গুজব'': দৈনিক কালেরকণ্ঠ
জনবিচ্ছন্নতার কারণে আওয়ামী লীগ নেতারা জনগণের সমস্যাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। দেশে যে বন্যা হচ্ছে, প্রতিদিন গুম-খুন হচ্ছে, সরকারের কাছে সবকিছুই গুজব। তাঁরা যদি জনগণের কাছাকাছি আসতেন, তাহলেই বুঝতে পারতেন এগুলো গুজব নয়।'
আজ সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজারে জেলা বিএনপির আয়োজনে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু বলেন, 'দেশের আইন ভঙ্গ করে, সংবিধান লঙ্ঘন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। আপনাদের সমস্ত অধিকার আদায়ের জন্য দেশনেত্রীকে মুক্ত করতে হবে।' তিনি বলেন, 'বিএনপির সময় কুড়িগ্রাম জেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকার তা করেনি। আওয়ামী লীগের কতিপয় নেতা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। এ অবস্থা চলতে পারে না। এ অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।'
সর্বোচ্চ ৫ লাখ টাকার সঞ্চয়পত্রে কর ৫ শতাংশ-দৈনিক যুগান্তর
সব ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে। ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে উৎসে কর কাটা হবে ১০ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকেই এ হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এটি কার্যকরের ২৯ দিনের মাথায় সংশোধন করা হলো।

অর্থমন্ত্রী জানান, গরিব বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে উৎসে কর কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, পারিবারিক, পেনশনারসহ সব ধরনের বিনিয়োগে সঞ্চয়পত্রের ট্যাক্স হবে ৫ শতাংশ। অর্থাৎ যারা ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় রাখবেন, তাদের ৫ শতাংশ করে ট্যাক্স দিতে হবে। তবে ৫ লাখের বেশি যাদের সঞ্চয়পত্র থাকবে, তারা ১০ শতাংশ হারে কর দেবেন।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা দেয়া হবে জানিয়ে মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেয়ার সিস্টেম ডেপেলপের ক্ষেত্রে সরকার এখনও প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে ১ জুলাই থেকে প্রবাসীরা যারা টাকা পাঠাচ্ছেন, তাদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দিয়ে দেয়া হবে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫-দৈনিক ইত্তেফাক
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাস যাত্রী নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০/২৫ জন। জানা গেছে, গোপালগঞ্জ থেকে বেশপুরগামী যাত্রীবাহী বাসের চালক মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে রাখা একটি ট্রাকের উপর আঁঁছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়াও ফরিদপুর মেডিক্যালে নেয়ার পথে মারা যান আরো একজন। কাশিয়ানী থানার ওসি আজিজুল রহমান এ খবর নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
২১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, জানালেন ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের জানান, ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিনদিন (৩১শে জুলাই, ২রা ও ৩রা আগস্ট) কর্মসূচি পালন করবে। তিনি বলেন, ওই তিনদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।তিনি বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে।
পাউডার দুধে ক্ষতিকর উপাদান আছে কিনা খতিয়ে দেখতে বলল হাইকোর্ট-দৈনিক নয়া দিগন্ত
দেশের দুগ্ধজাত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক এটা আমরা চাই না। বাইরে দেশের কোম্পানি এখানে গেড়ে বসুক সেটাও আমরা চাই না। আমরা চাই দেশেই নিরাপদ দুধ উৎপাদিত হোক- এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এসময় আদালত বলেন, পাউডার দুধে কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। দুধে ভেজাল, গোখাদ্যসহ সমস্ত বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়ার জন্য ২০ অক্টোবর আদেশ দিবেন হাইকোর্ট।
এর আগে রোববার মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিতরণ পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বাজারে থাকা এসব দুধ কেনা ও খাওয়ার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী বাজারে থাকা পাস্তুরিত দুধের নমুনা চারটি প্রতিষ্ঠানকে দিয়ে পরীক্ষা করার পর সেইসব প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
বিশ্বব্যাঙ্কের এমডি পদে অংশুলা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
বিশ্বব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হতে চলেছেন অংশুলা কান্ত। তিনিই হবেন ওই পদে প্রথম মহিলা। বর্তমানে অংশুলা স্টেট ব্যাঙ্কের এমডি। আর তারও আগে ছিলেন সিএফও।
সম্প্রতি ওই পদে অংশুলার নাম ঘোষণা করেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। বলেন, বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর আর্থিক পরিচালনা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করাই হবে তাঁর দায়িত্ব। এ ছাড়াও, সিইও-র সঙ্গে মিলে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও অন্যান্য আর্থিক ক্ষেত্রের দায়িত্বও সামলাবেন তিনি।
গরুরা হিন্দু, তাদের পোড়াতে হবে’, দাবি বারবাঁকির বিজেপি নেতার-দৈনিক আজকাল
গরুরা জাতে হিন্দু। তাই কোনও গরু মারা গেলে সেটাকে কবর দেওয়া যাবে না। কারণ ওটা মুসলিমদের সৎকারের নিয়ম। হিন্দুদের সৎকারের নিয়ম মেনে মৃত গরুকে এখন থেকে পোড়াতে হবে। উত্তর প্রদেশের বারবাঁকি পুরসভার বোর্ড মিটিং–এ এই মন্তব্য করেছেন পুরসভার চেয়ারপার্সনের স্বামী তথা বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব।

এজন্য পৃথক বৈদ্যুতিন চুল্লি তৈরি করে তারপর সাদা কাপড়ে মুড়ে গরুর শবদেহের শেষকৃত্যের দাবি জানিয়েছেন রঞ্জিত এবং বারবাঁকিতে গরুদের জন্য পৃথক শ্মশানঘাট তৈরির ব্যবস্থা করবেন। যদিও এ ব্যাপারে যোগী আধিত্যনাথ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
দুর্নীতি ও প্রতারণার মামলায় এবার মুকুল রায়কে নোটিস কলকাতা পুলিশের-দৈনিক সংবাদ প্রতিদিন
দুর্নীতি ও প্রতারণার মামলায় এবার মুকুল রায়কে জেরা করতে চেয়ে নোটিস পাঠাল কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, ৩০ জুলাই বিজেপি নেতাকে জেরা করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে৷
বড়বাজারের একটি দুর্নীতি ও প্রতারণার মামলায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে৷ নোটিসে আধিকারিকরা জানিয়েছেন, দিল্লিতে গিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা৷কলকাতা পুলিশ সূত্রে খবর, বড়বাজারের ওই দুর্নীতি মামলায় এর আগে বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা৷ সেই জেরাতেই মুকুল রায়ের নাম উঠে আসে৷ পুলিশের আধিকারিকরা জানতে পারেন, প্রতারণার সঙ্গে যোগ রয়েছে বিজেপি নেতার৷#
পার্সটুডে/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।