আগস্ট ০১, ২০১৯ ১২:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • সরকারকে বিপদে ফেলতেই স্বার্থান্বেষী মহলের গুজব: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • রাজধানীর ১১ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত: সাঈদ খোকন-দৈনিক প্রথম আলো
  • ডেঙ্গু ওষুধ আনতে গড়িমসি, স্থানীয় সরকার সচিবকে হাইকোর্টে তলব-দৈনিক মানবজমিন
  • মশার অত্যাচারে থানায় জিডি-দৈনিক মানবজমিন
  • ইসিতে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা-দৈনিক ইত্তেফাক
  • কমিউনিটি সেন্টারে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • দিল্লিতে আজ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, ঘোষণা কেজরীবালের- দৈনিক আনন্দবাজার
  • এক বছরে বিজেপির সম্পত্তি বাড়ল ২৭০ কোটি--দৈনিক সংবাদ প্রতিদিন
  • অবশেষে বিজেপি থেকে বহিষ্কৃত উন্নাও ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব

দৈনিক যুগান্তরের খবরে ডেঙ্গু বিষয়ে লেখা হয়েছে, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক। দৈনিকিটর অন্য একটি খবরে লেখা হয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত। সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ।ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্টদের অবহেলা অমার্জনীয়

রাজধানীর ১১ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত: সাঈদ খোকন- প্রথম আলো। এদিকে ডেঙ্গুর কারণে দুই সিটি করপোরেশনের বাজেট ঘোষণা পিছিয়ে দেয়া হয়েছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ জনের ডেঙ্গু জ্বর শানাক্ত।  প্রথম আলো অন্য একটি প্রতিবেদনে লিখেছে, এ বছর দ্বিতীয় দফায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের ঝুঁকি বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, এবার আক্রান্তদের ৫ শতাংশ এই ঝুঁকিতে আছে। একই আশঙ্কা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। দৈনিক যুগান্তরের খবর-এডিস মশা নির্মূলে নতুন ওষুধ বিদেশ থেকে আনার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে তলব করেছে হাইকোর্ট।ভুক্তভোগী ওই বাসিন্দার নাম ইউসুফ আহমেদ।

মশার অত্যাচারে থানায় জিডি-দৈনিক মানবজমিন

মশার অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজধানীর এক বাসিন্দা। দাবি করেছেন, নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স পরিশোধ করার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তিনি। তার এলাকায় মশার প্রচণ্ড উৎপাত থাকলেও তা নিরসনে উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। এই অবস্থায় মশা বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভবানা রয়েছে।

সরকারকে বিপদে ফেলতেই স্বার্থান্বেষী মহলের গুজব: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে বিপদে ফেলতেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। এটি শুধু আমাদের দেশে হচ্ছে তা না, বিশ্বের অন্য দেশেও হচ্ছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী মহল রয়েছে।ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নানা বিষয়ের ওপর গুজব ছড়ানো হচ্ছে। প্রথমে গুজব ছড়ানো হয় পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে। এই গুজবটি ছড়াতে লন্ডন থেকে দেয়া পোস্টে লেখা ছিল সরকারি অনুমোদন নিয়ে পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন করার জন্য এক লাখ শিশু বলি দিতে হবে।

‘সরকার’ উল্লেখ করে সরকারকে বেকায়দায় ফেলার জন্যই সেই পোস্ট দেয়া হয়েছিল। তিনি বলেন, আমাদের দেশে এসবের পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে। এটা মহা-অনভিপ্রেত, বিব্রতকর, দুঃখজনক।

ইসিতে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা-দৈনিক ইত্তেফাক

নির্বাচন কমিশনে ২০১৮ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকালে ইসি সচিব মো. আলমগীরের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। হিসাব দেওয়া শেষে দলটির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের জানান, এবার দলের আয় হয়েছে ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩টাকা। এখন পর্যন্ত দলীয় তহবিলে মোট উদ্বৃত্ত আছে ৬ কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা।

কমিউনিটি সেন্টারে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা-দৈনিক নয়া দিগন্ত

মর্মান্তিক এ খবরে লেখা হয়েছে, রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে এসে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক তরুণ। ওই ঘটনার সময় প্রেমিকার মা’কেও কুপিয়ে আহত করেন বলে জানা গেছে। ঘাতক তরুণকে আটক করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে মগবাজারের দিলু রোডের প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ওই তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিয়ের আসরে থাকা তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী অন্য একজনকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তিনি বিয়ের আসরে হাজির হয়ে তার বাবা-মা’কে আঘাত করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অবশেষে বিজেপি থেকে বহিষ্কৃত উন্নাও ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গার-দৈনিক আজকাল

যোগী আদিত্যনাথের সরকারের আরও অস্বস্তি বাড়িয়ে উন্নাও–এর নির্যাতিতা কিশোরীকে শুক্রবারের মধ্যে ২৫ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতে আদেশ দিল সুপ্রিম কোর্ট।

এদিকে, দেশজোড়া বিক্ষোভের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে বিজেপি। উন্নাও ধর্ষণকান্ডের মূল অভিযুক্ত উন্নাও জেলার বঙ্গারমৌ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে বৃহস্পতিবার বহিষ্কার করেছে তারা। এদিনই সকালে সুপ্রিম কোর্ট বলেছে, ওই কিশোরীর ধর্ষণ সংক্রান্ত চারটি মামলা লখনউ–এর আদালত থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। ওই মামলার দায়িত্বপ্রাপ্ত সিবিআই অফিসারকে বৃহস্পতিবারের মধ্যেই রবিবারের গাড়ি দুর্ঘটনার স্টেটাস রিপোর্ট জমা দিতে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

এক বছরে বিজেপির সম্পত্তি বাড়ল ২৭০ কোটি, ধারেকাছে নেই তৃণমূল- সংবাদ প্রতিদিন

লোকসভার আগে ব্যাপক টাকা ছড়ানোর অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। বিরোধীদের দাবি ছিল, বিজেপির অর্থবলের কাছে পরাস্ত হয়েছে বিরোধীদের জনসমর্থন। সেই অভিযোগের সত্যতা প্রশ্নাতীত না হলেও, বিজেপি যে অন্য রাজনৈতিক দলগুলির তুলনায় অনেকটাই ধনী তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআরের দেওয়া তথ্য সেকথায় প্রতিষ্ঠিত করছে। পরিসংখ্যান বলছে, শুধু সম্পত্তির নিরিখে নয় সম্পত্তি বৃদ্ধির নিরিখেও অন্য বিরোধীদের থেকে কয়েক যোজন এগিয়ে বিজেপি।

বুধবারই দেশের সাতটি জাতীয় দলের সম্পত্তির পরিসংখ্যান দিয়েছে এডিআর। তাতে দেখা যাচ্ছে, একবছরে বিজেপির সম্পত্তি বেড়েছে প্রায় ২৭০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে গেরুয়া শিবিরের সম্পত্তি ছিল ১২১৩ কোটি ১৩ লক্ষ টাকা, ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩ কোটি ৩৫ লক্ষ টাকা। সম্পত্তির নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেও বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। শুধু তাই নয়, অন্য রাজনৈতিক দলগুলির যেখানে গত ১ বছরে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের সম্পত্তি সেখানে বেশ খানিকটা কমে গিয়েছে। ২০১৬-১৭ সালে শতাব্দীপ্রাচীন দলটির সম্পত্তি ছিল ৮৫৪.৭৫ কোটি টাকা। ২০১৭-১৮ সালে তা কমে হয়েছে ৭২৪.৩৫ কোটি।রাজনৈতিক দলগুলির সম্পত্তির নিরিখে চতুর্থ স্থানে সিপিএম। তাদের সম্পত্তির পরিমাণ ৪৮২ কোটি টাকা। সে তুলনায় অনেকটা পিছিয়ে এরাজ্যের শাসকদল তৃণমূল। তাদের সম্পত্তির পরিমাণ মাত্র ২৯ কোটি টাকা। একবছরের ব্যবধানে তা বেড়েছে মাত্র ৩ কোটি। এর আগে ২০১৬-১৭ অর্থবর্ষে তৃণমূলের সম্পত্তি ছিল ২৬.২৫ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা গিয়েছে, তৃণমূল গরিবের পার্টি। এডিআরের রিপোর্ট সেই দাবিকেই প্রতিষ্ঠিত করল।

দিল্লিতে আজ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, ঘোষণা কেজরীবালের-দৈনিক আনন্দবাজার

মাসে বিদ্যুতের বিলে ২০০ ইউনিট হলে আর চিন্তা নেই দিল্লিবাসীর। কোনও পয়সাই দিতে হবে না। আর বিল যদি থাকে ২০১ থেকে ৪০০-র মধ্যে, তা হলেও এখন ইউনিট-পিছু যে দামে বিদ্যুৎ কিনতে হয় দিল্লির নাগরিকদের, আজ, বৃহস্পতিবার থেকে তা অর্ধেক হয়ে গেল। কারণ, বাকি ৫০ শতাংশ ভর্তুকি দেবে দিল্লি সরকার।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এ দিন এ কথা ঘোষণা করেছেন। বলেছেন, ‘‘দেশে এখন সবচেয়ে সস্তায় বিদ্যুৎ মিলবে দিল্লিতেই। আম আদমির জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১