বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ডেঙ্গু আক্রান্ত হয়ে অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু-দৈনিক ইত্তেফাক
- ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবেন না: ঢামেক পরিচালক-দৈনিক প্রথম আলো
- নিষিদ্ধ ওষুধ ফের আসছে-দৈনিক মানবজমিন
- মুক্তিযুদ্ধের সময়ও আমরা এতো অসহায় ছিলাম না : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- অজিত ডোভাল, গুপ্তচর-গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে অমিত শাহ, কাশ্মীর নিয়ে বাড়ছে উৎকণ্ঠা- দৈনিক আনন্দবাজার
- ৪৬ দিনে তিরিশটি বিল পাশ, নয়া নজির গড়ল মোদি সরকার -দৈনিক সংবাদ প্রতিদিন
- সাদা পতাকা হাতে অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যাও’, পাকিস্তানকে বলল ভারত -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। মারাও গেছে বেশ কয়েকজন। প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের খবর আসছে। এদিকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে ডেঙ্গু নিয়ে নানা পরামর্শ ও অভয় দেয়া হচ্ছে। বেশ কিছু উদ্যোগের কথাও বলছেন তারা। তো শুরুতেই ডেঙ্গু জ্বর সম্পর্কিত দৈনিকগুলোর খবরের দিকে নজর দেব।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবেন না: ঢামেক পরিচালক-দৈনিক প্রথম আলো
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, এ রোগ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি তাদের আছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজনে ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ১ হাজার আসনে রোগী ভর্তির ব্যবস্থা করা হবে। আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
দৈনিকটির অন্য খবর এরকম-পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) শাহাবুদ্দীন কোরেসীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ স্কয়ার হাসপাতালে মারা গেছেন। খুলনায় ডেঙ্গুতে স্কুলছাত্রসহ দুজন মারা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও আ.লীগ কর্মীরা মাঠে আছে। ওবায়দুল কাদের বলেছেন-ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অভিযান চলবে। আর বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন ডেঙ্গু দমনের নামে ফটোসেশন করা হচ্ছে।
নিষিদ্ধ ওষুধ ফের আসছে-দৈনিক মানবজমিন
deb
ডেঙ্গুর ভয়াবহতায় মশা নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের জন্য সরকার যে ৪টি ওষুধ আমদানির সিদ্ধান্ত নিয়েছে তার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তালিকায় থাকা দু’টি ওষুধ জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়ায় ‘প্রত্যাহার’ করে নিয়েছে থাইল্যান্ড সরকার। আর একটি ওষুধ পরিবেশ সম্মত না হওয়ায় ২০০৭ সালে জরুরি সরকারের আমলে নিষিদ্ধ হয়েছিল। আগের সরকারের আমলে ব্যাপক হারে ওষুধটি ব্যবহার হয়েছে ঢাকাসহ সারা দেশে। সংরক্ষিত নথি এবং তথ্য-উপাত্ত তাই বলছে। প্রস্তাবিত চতুর্থ ওষুধটি নিয়েও বিতর্ক রয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা এখনই ওই নিষিদ্ধ ওষুধ আমদানীর বিষয়ে কোন আপত্তি তুলছেন না বরং তারা ভিন্ন যুক্তি হাজির করছেন। বলছেন, ওষুধ আমদানির ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে।
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে ওঁৎপ্রোত ভাবে যুক্ত। তিনি যে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন সেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিদেশি টেলিভিশনে কর্নেল ফারুক ও রশিদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশিত হয়েছে।’তিনি বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে যে সমস্ত বই পুস্তক পরবর্তিতে প্রকাশিত হয়েছে সেগুলোর মাধ্যমেও আজকে স্পস্ট হয়েছে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তাই ন্যায় প্রতিষ্ঠা ও ৫০ বছর পরের প্রজন্মের সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করার জন্য একটি কমিশন গঠন করে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল নেপথ্যের কুশিলবদের মুখোশ উম্মোচন করা প্রয়োজন।
মুক্তিযুদ্ধের সময়ও আমরা এতো অসহায় ছিলাম না : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অত্যন্ত কঠিন একটি সময় পার করছি। এত বড় কঠিন সময় হয়তো বাংলাদেশে কখনোই আসেনি। তিনি বলেন, আমার কাছে মনে হয় ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তার আগের মুহূর্তেও আমরা এতো অসহায় বোধ করেনি। তখন সামনে স্বপ্ন ছিলো, আমাদের একটা শক্তি ছিলো, জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য ছিলো। এখন মনে হচ্ছে, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেয়া হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের যা কিছু অর্জন এবং আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গুলোকে ভেঙে ধুলিস্যাৎ করে দেয়া হয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
সাদা পতাকা হাতে অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যাও’, পাকিস্তানকে বলল ভারত-দৈনিক আজকাল
সাদা পতাকা হাতে পাঁচ অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যেতে পাকিস্তানকে বলল ভারত। সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ৩৬ ঘণ্টা আগে জম্মু–কাশ্মীরের কেরান সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের পাঁচ–সাতজন সদস্য। সেসময় সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয় পাঁচজন। তারপর থেকে নিয়ন্ত্রণরেখার উপরেই পড়ে রয়েছে দেহগুলি। গোলাগুলি চলতে থাকায় পাকিস্তানের তরফে দেহগুলি নিয়ে যাওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। মৃতদেহগুলির নিয়ম মেনে সৎকারের জন্যই শনিবার সেগুলি নিয়ে যেতে পাকিস্তানকে বলেছে ভারত। যদিও ভারতের বক্তব্যের কোনও প্রত্যুত্তর রবিবার পর্যন্ত দেয়নি পাকিস্তান। পাকিস্তানের বিশেষ বাহিনী এবং জঙ্গিদের নিয়ে নিয়ন্ত্রণরেখায় হামলা চালানোর লক্ষ্যেই ব্যাট গড়েছে পাকিস্তান।
অজিত ডোভাল, গুপ্তচর-গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে অমিত শাহ, কাশ্মীর নিয়ে বাড়ছে উৎকণ্ঠা-দৈনিক আনন্দবাজার
কী হতে চলেছে জম্মু-কাশ্মীরে— কৌতূহল, জল্পনা, গুঞ্জনের মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (‘র’), স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এবং সংশ্লিষ্ট সব বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ।একাধিক সূত্রে দাবি, কাশ্মীরের পরিস্থিতি নিয়েই বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু এমন পরিস্থিতিতে অমিত শাহের বৈঠক ঘিরে জল্পনা আরও তীব্র হচ্ছে।
গত সপ্তাহ থেকেই গোটা উপত্যকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ধাপে ধাপে মোট ৩৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবারই পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশিকা জারি করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যের প্রায় সর্বত্র চলছে কড়া তল্লাশি, নাকা, টহলদারি। এই পরিস্থিতিতে নানা গুঞ্জন ছড়িয়েছে গোটা উপত্যকায়। সংবিধানের ৩৫এ বা ৩৭০ ধারা তুলে দেওয়া থেকে শুরু করে জম্মু এবং কাশ্মীরকে আলাদা রাজ্য ঘোষণা, ১৫ অগস্ট প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের মতো জল্পনা ঘিরে চাপা উত্তেজনা। কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
৪৬ দিনে তিরিশটি বিল পাশ, নয়া নজির গড়ল মোদি সরকার-দৈনিক সংবাদপ্রতিদিন
দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই নতুন ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এনডিএ! বিরোধীরা এই উদ্যোগকে গণতন্ত্র হত্যার চেষ্টা বলে অভিযোগ তুলেছে। তারপরও নিজেদের লক্ষ্য থেকে চোখ সরাচ্ছে না শাসকদল। সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শেষ হতে এখনও তিনদিন বাকি। কিন্তু, তার আগে সংসদের দুটি কক্ষে ইতিমধ্যে ৩০টি বিল পাস করিয়ে ফেলেছে সরকার। যার ভিতরে এনআইএ(সংশোধনী), জম্মু ও কাশ্মীরের মানুষদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ সংক্রান্ত বিল যেমন রয়েছে। তেমনি রয়েছে তাৎক্ষণিক তিন তালাক, আরটিআই এবং ইউএপিএ বিলও। যার মধ্যে তিন তালাক এবং ইউএপিএ বিল নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে সংসদে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকার বিরোধী কন্ঠ রুদ্ধ করতে চাইছে বলেও দাবি করেছে। তবে তাতে কোনও ভ্রুক্ষেপ করেছে না সরকারপক্ষ। তাই ১৯৫২ সালে তৈরি হওয়া প্রথম লোকসভার সর্বপ্রথম অধিবেশনে যেখানে ৬৪ দিনে ২৭টি বিল পাস হয়েছিল, সেখানে এবার ৪৬ দিনে পাস হয়েছে ৩০টি বিল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪