সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১০:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • দেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক-দৈনিক প্রথম আলো
  • নৈশপ্রহরীর মেয়েকে ধর্ষণ : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার-দৈনিক মানবজমিন
  • বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নিতে হবে : কাদের-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • শিবকুমারের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত কর্নাটক, প্রতিহিংসার অভিযোগে সরব কংগ্রেস-সহ বিরোধীরা-দৈনিক আনন্দবাজার
  • NRC বিতর্ক এড়াতে পদক্ষেপ, ‘প্রোটেক্টেড এরিয়া’-র আওতায় আনা হল অসমকে-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কাশ্মীরের যুবকরা এখন সেনাবাহিনী যোগ দিতে ঝাঁপিয়ে পড়েছে, আবেদন পড়ছে বহু-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. জনাব.... বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক হয়েছে। কী নিয়ে এ বৈঠকে আলোচনা হল এবং এ  বৈঠকের গুরুত্ব কি?

২. ইরানের মহাকাশ গবেষণা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আপনার কি মনে হয় মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরান এ  সংস্থার কার্যক্রম ভালোভাবে চালিয়ে নিতে পারবে?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

দেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই। তাই নির্বাচনে অংশগ্রহণ করাটা বড় বিষয় নয়। তাছাড়া দেশে নির্বাচনের পরিবেশও নেই। নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করে দেয়া হয়েছে। তারপরও আমরা রংপুর-৩ আসনে উপনির্বাচনে অংশ নিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই।

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক-দৈনিক প্রথম আলো

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় এই বৈঠক হয়।বৈঠকের একটি সূত্র জানায়, ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও বৈঠকে কথা হয়।

বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নিতে হবে : কাদের-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, বিশ্বের তিনজন সৎ নেতার একজন শেখ হাসিনা। বঙ্গবন্ধু যখন মারা গেলো, তখন তার কোনো সম্পদ ছিল না। এটা তার সততা। বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নাও। জয় সফরওয়্যার ইঞ্জিনিয়ার, পুতুল অটিজম নিয়ে কাজ করে, ববি চাকরি করে। তাদের নিকট থেকে শিখতে হবে কিভাবে নিজের কর্মসংস্থান নিশ্চিত করে তারপর মানুষের সেবায় রাজনীতি করতে হয়। রাজনীতি কারো পেশা হতে পারে না। এটা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের আদর্শ নয়। বুধবার দুপু‌রে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের প্রধান কার্যাল‌য়ে বাংলা‌দেশ তাঁতী লীগ আ‌য়ো‌জিত ১৫ আগ‌স্টের শোক সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‌ওবায়দুল কা‌দের ব‌লেন, তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সৈ‌নিক হিসেবে দা‌বি ক‌রে, বঙ্গবন্ধু ছ‌বি ব্যবহার করে যারা দোকান যারা খু‌লে‌ছেন তাদের রেহাই নেই। রাজ‌নৈ‌তিক দোকান যারা খু‌লে‌ছেন তা‌দের রেহাই হ‌বে না।

নৈশপ্রহরীর মেয়েকে ধর্ষণ : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার-দৈনিক মানবজমিন

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের চাঁদপুরের শাহরাস্তি থানার সাধারণ সম্পাদক সোহেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার আগে এ বিষয়ে শাহরাস্তি উপজেলার এক নৈশ প্রহরী মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

NRC বিতর্ক এড়াতে পদক্ষেপ, ‘প্রোটেক্টেড এরিয়া’-র আওতায় আনা হল অসমকে-দৈনিক সংবাদ প্রতিদিন

এনআরসি বিতর্কে অসমকে প্রোটেক্টেড এরিয়া ক্যাটেগরিতে নিল ভারত

এনআরসি নিয়ে বিতর্ক এড়াতে কড়া পদক্ষেপ সরকারের। এবার অসমকেও প্রোটেক্টেড এরিয়া ক্যাটেগরির আওতায় আনল কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ফলে, জম্মু ও কাশ্মীরের পর দেশের দ্বিতীয় বড় রাজ্য হিসেবে প্রোটেক্টেড এরিয়া ক্যাটেগরিতে চলে এল অসম। উত্তরপূর্বের কয়েকটি রাজ্য এই ক্যাটেগরির আওতায় থাকলেও অসমের মতো এত কড়াকড়ি করা হয় না। প্রোটেক্টেড এরিয়া ক্যাটেগরির অন্তর্গত এলাকায় সংবাদমাধ্যমের বিচরণে বিধি নিষেধ আরোপ করা হয়। বিদেশ থেকে আসা কোনও সাংবাদিক বিনা অনুমতিতে এই এলাকায় প্রবেশ করতে পারে না। যে সমস্ত বিদেশি সাংবাদিক ইতিমধ্যেই অসম চত্বরে রয়েছেন তাদেরও বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক মহিলা সাংবাদিক অসম ছাড়তে রাজি না হওয়ায় একপ্রকার জোর করেই তাঁকে দিল্লিগামী বিমানে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে বেশ ক্ষুব্দ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরা এদিকে, এনআরসির জেরে অসমজুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে।

শিবকুমারের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত কর্নাটক, প্রতিহিংসার অভিযোগে সরব কংগ্রেস-সহ বিরোধীরা-দৈনিক আনন্দবাজার

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র  হাতে দলের নেতা ডি কে শিবকুমারের গ্রেফতারির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বন্‌ধ ঘিরে কর্নাটক জুড়ে ব্যাপক উত্তেজনা। জাতীয় সড়কসহ বিভিন্ন রাস্তায় কংগ্রেস কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভ দেখিয়েছে। কর্নাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন'র একাধিক বাসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কংগ্রেসসহ বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন বিরেোধীরা। দুর্নীতির অভিযোগে চার দিন ধরে জিজ্ঞাসাবাদের পর কর্নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী ডিকে শিবকুমারকে মঙ্গলবার গ্রেফতার করে ইডি। তার পর থেকেই কর্নাটকের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার কর্নাটক বন্‌ধ পালিত হয়েছে।

কাশ্মীরের যুবকরা এখন সেনাবাহিনী যোগ দিতে ঝাঁপিয়ে পড়েছে, আবেদন পড়ছে বহু-দৈনিক আজকাল

ঠেকায় পড়লে কিনা হয়। জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়ে যাওয়ার পর এখন দিন গোছানোর পালা। তাই ১০০ জনের বেশি যুবক ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে উদ্যোগী হয়েছেন। উপত্যকা জুড়ে সেনাবাহিনীতে নিয়োগও চলছে। তাই রুটি–রুজির টানে এখন ঝাঁপিয়ে পড়েছে যুবকরা। সেনাবাহিনী সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৯ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে বেশিরভাগই জম্মু–কাশ্মীরের যুবক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪