সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১২:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী'-দৈনিক কালেরকণ্ঠ
  • বাংলাদেশকে দেখে পাকিস্তানের বুদ্ধিজীবীরা এখন আক্ষেপ করে-দৈনিক যুগান্তর
  • গ্রামীণফোনের শেয়ারহোল্ডাররা হারিয়েছেন ১৫ হাজার কোটি টাকা: দৈনিক ইত্তেফাক
  • ফেরিঘাটে তিতাসের মৃত্যু, যুগ্ম সচিব ডিসির দায় নেই-দৈনিক মানবজমিন
  • দিশেহারা বিএনপি বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে: সেতুমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • মদ, মাংস.‌.‌.‌ সব নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলনে নামছে বজরং দল -দৈনিক আজকাল
  • এনআরসির ‘ক্ষত’! তালিকায় নাম নেই মিশন চন্দ্রযানের অন্যতম উপদেষ্টা বিজ্ঞানীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ডেঙ্গি রুখতে ঢাকার সঙ্গে কথা বলুক বিদেশ মন্ত্রক, দাবি মমতার-দৈনিক এই সময় 
  • নয়া দিল্লির রেল স্টেশনে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন- দৈনিক এই সময়   

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী'-দৈনিক কালেরকণ্ঠ

'দেশের মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে। জনগণের পকেট কাটতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

'আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, দুদিন আগে একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের মহাসড়ক থেকে টোল আদায় করতে। সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। জনগণের পকেট কাটতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি বলেন, মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে, যানজটের তীব্রতা বাড়বে, নষ্ট হবে সময়।'

বাংলাদেশকে দেখে পাকিস্তানের বুদ্ধিজীবীরা এখন আক্ষেপ করে-দৈনিক যুগান্তর

বাংলাদেশের সমৃদ্ধি দেখে পাকিস্তানের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা এখন আক্ষেপ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন পাকিস্তানের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেন- সব সূচকে বাংলাদেশ আজকে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটা উন্নত দেশে রূপান্তর করার স্বপ্নের কথা বলেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সেই স্বপ্ন পূরণে নতুন প্রজন্মের সহযোগিতা দরকার আমাদের। যে প্রজন্ম হবে মূল্যবোধ, দেশপ্রেম, মমত্ববোধের সমন্বয়ে গঠিত। যাদের হাত ধরে বাংলাদেশ শুধু স্বপ্নের ঠিকানা নয়। স্বপ্নের ঠিকানাকেও অতিক্রম করে বহুদূর এগিয়ে যাবে।

গ্রামীণফোনের শেয়ারহোল্ডাররা হারিয়েছেন ১৫ হাজার কোটি টাকা: দৈনিক ইত্তেফাক

শেয়ারবাজারে গ্রামীণফোনের শেয়ারদর ক্রমাগত কমছে। এই কোম্পানির শেয়ারহোল্ডাররা গত পাঁচ মাসে শেয়ারের দর হারিয়েছেন প্রায় ১৫ হাজার কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে।

সেই হিসেবে দরপতনের কারণে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা হারিয়েছেন সবচেয়ে বেশি।গত পাঁচ মাস আগে গ্রামীণফোনের কাছে পাওনা টাকা দাবি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর থেকেই কোম্পানিটির শেয়ারের দর কমতির দিকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত প্রায় পাঁচ মাসে শেয়ারের দর ১২২ টাকা কমে এখন ৩০০ টাকার নিচে নেমে এসেছে। গত ১ এপ্রিল কোম্পানির প্রতিটি শেয়ারের দর ছিল ৪১৭ টাকা। আর গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯৫ টাকায়। বাজারে কোম্পানির শেয়ার সংখ্যা ১৩৫ কোটি।

ফেরিঘাটে তিতাসের মৃত্যু, যুগ্ম সচিব ডিসির দায় নেই-দৈনিক মানবজমিন-দৈনিক মানবজমিন

ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর জন্য যুগ্ম সচিব ও জেলা প্রশাসককে বাদ দিয়ে তিনজনকে দায়ী করে  হাই কোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন, ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

প্রতিবেদনে যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডলের কোনো অপরাধের কথা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডল জানতেন না যে ফেরিঘাটে কোনো মুমূর্ষু রোগী আছে। কোনো ব্যক্তি বিশেষের জন্য কোনোভাবেই ফেরি দেরি করে ছাড়া যাবে না বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর জন্য ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন, ঘাটের প্রান্তিক সহকারী খোকন মিয়া ও উচ্চমান সহকারী ফিরোজ আলমকে দায়ী করে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

দিশেহারা বিএনপি বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে : সেতুমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

শেখ হা‌সিনার অপ্রতি‌রোধ্য অগ্রযাত্রা বিএন‌পি‌কে সংক‌টে ফে‌লে দি‌য়ে‌ছে ব‌লে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

সেতুমন্ত্রী ব‌লেন, বিএনপি যতই বিষোদগার করুক; শেখ হাসিনার উন্নয়ন বিরোধী দলকে সংকটে ফেলে দিয়েছে। তাই বিএনপি আজ পথহারা পথিকের মতো দিশেহারা। তাই বিদেশীদের কাছে তারা ধরনা দি‌চ্ছে। তারা এখন এক দেওলিয়াপনায় ভুগছে। সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে ওবায়দুল কাদের ব‌লেন, জাতীয় পার্টির জাতীয় সংসদে বিরোধী দল। দলটিতে যে টানাপোড়েন চলছে‌ এতে আওয়ামী লীগের কিছু বলার নাই। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের চেয়ারম্যান কে হচ্ছেন তারাই নির্বাচন করবেন। কারো প্রতি আওয়ামী লীগের পক্ষপাতীত্ব নাই। সংস‌দে বি‌রোধী দ‌লের আস‌নে যিনি বস‌বেন স্পীকার তাকেই স্বীকৃ‌তি দি‌বেন।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

মদ, মাংস.‌.‌.‌ সব নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলনে নামছে বজরং দল-দৈনিক আজকাল

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে মদ, মাংস নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলনে নামতে চলেছে বজরং দল। অযোধ্যার বজরং দলের সদস্যদের দাবি, দ্রুততার সঙ্গে ১৪ কোসি পরিক্রমা এলাকায় মদ, মাংস বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করুক রাজ্য সরকার।

দাবি না মানলে, আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছে বজরং দল। অযোধ্যায় সাংবাদিক সম্মেলনে বজরং দল নেতা মহেশ মিশ্র বলেছেন, ‘‌পঞ্চকোশি এলাকায় ইতিমধ্যেই মদ ও মাংস বিক্রি বন্ধ হয়ে গেছে। এবার যোগী আদিত্যনাথের সরকার ১৪ কোসি পরিক্রমা মার্গ এলাকাতেও মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করুক। গত বছরের নভেম্বরে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা হওয়ার পর থেকে আমরা পথে নেমেছি আমিষ জাতীয় খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির জন্য। কিন্তু এখনও তা হয়নি। এবার বৃহত্তর আন্দোলনে যাব। ইতিমধ্যেই আমরা সচেতনামূলক প্রচার শুরু করেছি। সই সংগ্রহের কাজ চলছে। এরপর দাবি না মিটলে আন্দোলন শুরু হবে।’‌ মহন্ত শ্রী রাম আশ্রমের প্রধান জয়রাম দাস বলেছেন, ‘‌আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।

এনআরসির ক্ষত! তালিকায় নাম নেই মিশন চন্দ্রযানের অন্যতম উপদেষ্টা বিজ্ঞানীর-দৈনিক সংবাদ প্রতিদিন

এনআরসির গেরোয় রাষ্ট্রহীন অসম তথা ভারতের বহু প্রথিতযশা ব্যক্তিত্ব। চূড়ান্ত তালিকায় নাম নেই ১৯ লক্ষ মানুষের। যার সিংহভাগ হিন্দু বাঙালি। কে নেই সেই বাদের তালিকায়। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার থেকে বিরোধী দলের বিধায়ক, কারগিল যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামীর পরিজন। ধীরে ধীরে শাসকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের।

Image Caption

এবার সেই বাদের তালিকায় সংযোজন হল অসমের আরও এক বিশিষ্ট ব্যক্তির। আজ, বৃহস্পতিবার গভীর রাতে যখন চন্দ্রপৃষ্ঠ ছোঁবে ভারতের গর্বের চন্দ্রযান ২ আর সেই কর্মযজ্ঞেরই একজন অন্যতম অংশীদারের নাম বাদ পড়ল এনআরসি চূড়ান্ত তালিকা থেকে। ড. জিতেন্দ্রনাথ গোস্বামী, যিনি কিনা চন্দ্রযান ২-এর অন্যতম উপদেষ্টা, তাঁরই নাম নেই চূড়ান্ত তালিকায়। গর্বের দিনেও যা লজ্জার সমান ভারতবাসীর কাছে।

ডেঙ্গি রুখতে ঢাকার সঙ্গে কথা বলুক বিদেশ মন্ত্রক, দাবি মমতার-দৈনিক এই সময়

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। আর তার জেরে, এবারের অধিবেশনের শুরু থেকেই বিরোধী দল গুলিরর তরফে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল। সেই আনুসারে শুক্রবার বিধানসভার প্রশ্ন-উত্তর পর্বে বর্তমানে রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি এবং তার মোকাবিলা সহ একাধিক বিষয়ে বিরোধীদের করা প্রশ্নের উত্তরদেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Image Caption

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যজুড়ে মোট সাড়ে ১০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। যাদের মধ্যে ৫ হাজার ডেঙ্গি আক্রান্ত বাংলাদেশি নাগরিক। মুখ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ডেঙ্গি রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। তাতেও সরকারি হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন ৪ জন মানুষ।

নয়া দিল্লির রেল স্টেশনে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন- দৈনিক এই সময়   

শুক্রবার দুপুরে আচমকাই আগুন লেগে যায় নয়া দিল্লির রেল স্টেশনে। খবর যায় দিল্লির দমকলে। চণ্ডীগড়-কোচুভেলি এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল আট নম্বর প্ল্যাটফর্মে। আগুন লাগে পিছনের দিকের পাওয়ার কারে। সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে বের করে আনা হয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে।জানা গিয়েছে, দুপুর ১.৫৭ নাগাদ আগুন লাগার খবর ফোনে জানানো হয় দিল্লি ফায়ার সার্ভিসকে।

আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির আগুন নেভানোর জন্যে ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ১২টি ইঞ্জিন।কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুশ গয়াল জানিয়েছেন, ‘চণ্ডীগড়-কোচুভেলি এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। গোটা ঘটনার উপর নজরদারি রাখছেন তাঁরা। এখনও পর্যন্ত কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।’#

পার্সটুডে/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।