ঢাকায় কোনো গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- ‘বালিশ-পর্দাকাণ্ডকে হাওয়া ভবনের লুটপাটের সঙ্গে মেলালে চলবে না’-দৈনিক যুগান্তর
- উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শোকজ করা হচ্ছে : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- ঢাকায় কোনো গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার-দৈনিক প্রথম আলো
- ৭৫ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী-দৈনিক মানবজমিন
- এটা অস্বাভাবিক সরকার : ড. খন্দকার মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- তীরে এসে...চাঁদের ২.১ কিমি উপরে নীরব হয়ে গেল বিক্রম-দৈনিক আনন্দবাজার
- ‘যে কাজ পারো না, করো না,’ ভারতের মিশন চন্দ্রযান ২-কে অপমান পাক মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
- চন্দ্রযান–২ অভিযান: ব্যর্থতার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে কেঁদে ফেললেন ইসরোর চেয়ারম্যান -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. জনাব.... ঢাকার কিশোর অপরাধ নিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় খবর এসেছে। এ সম্পর্কে দৈনিক মানবজমিনের একটি শিরোনাম হচ্ছে- ‘ঢাকায় সক্রিয় ৫০ কিশোর গ্যাং।’ পত্রিকার আরেকটি শিরোনাম- গ্যাং চক্রকে নিশ্চিহ্ন করা হবে: ডিএমপি কমিশনার। কি বলবেন আপনি সম্পর্কে?
২. ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতার আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা স্থগিত করেছে এবং নতুন করে সেন্ট্রিফিউজ স্থাপন শুরু করেছে। এ নিয়ে ইউরোপ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে। আপনার পর্যবেক্ষণ কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
ঢাকায় কোনো গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার-দৈনিক প্রথম আলো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অভিযান চালিয়ে ঢাকায় কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেব। কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকতে দেব না।’ তিনি আরও বলেন, ঢাকায় কোনো গ্যাং থাকবে না। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ বেলা ১১টার দিকে রাজধানীর লালবাগের হোসনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
‘বালিশ-পর্দাকাণ্ডকে হাওয়া ভবনের লুটপাটের সঙ্গে মেলালে চলবে না’-দৈনিক যুগান্তর
বালিশ-পর্দাকাণ্ডের সঙ্গে বিএনপি আমলের হাওয়া ভবনের লুটপাটকে মেলালে চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক শেষে অনুষ্ঠিত বিফ্রিংয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স হলেও রুপপুর পারমানবিক কেন্দ্রে বালিশকাণ্ড ও ফরিদপুর মেডিকেলে পর্দাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ধরনের ছিঁচকে কাজগুলো যারা করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু কোনো এমপি কিংবা সংশ্লিষ্ট মন্ত্রী নন।
এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, চলতি বছর অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতা ১৫০ জনকে শোকজ করা হচ্ছে। এ তালিকায় মদদদাতা হিসেবে এমপি-মন্ত্রীরাও আছেন। রোববার থেকে তাদের চিঠি ইস্যু হবে। বালিশ-পর্দাকাণ্ডকে ‘ছিঁচকে কাজ’ বলেও এসময় আখ্যায়িত করেন তিনি।
৭৫ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী-দৈনিক মানবজমিন
সরকারি হিসাবে চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। জানুয়ারি থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ৭৫ হাজার ১৪৬ জন হাসপাতালে ভর্তি হন। ভর্তি রোগীদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৬১৭ জন। অর্থাৎ ৯৫ শতাংশ চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৩৩৭ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বিভিন্ন হাসপাতালে ৭৯৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এটা অস্বাভাবিক সরকার : ড. খন্দকার মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত
বর্তমান সরকারকে অস্বাভাবিক সরকার হিসেবে আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এখন সব কিছু অস্বাভাবিক ভাবে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ ক্রয় করা ও তুলতে কতো টাকা লাগে সেটা দেখলাম। এখন ফরিদপুর মেডিক্যাল কলেজের পর্দা কেনার দুর্নীতি, এটাকেও হার মানিয়েছে। এক সেট পর্দা কিনতে নাকি ৩৭ লাখ টাকার উপরে লেগেছে। কেনো? কেনোনা, কারণ সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই।’তিনি বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে ব্যাংকের মাধ্যমে লুট করছে। ব্যাংক লুট হচ্ছে কোনো বিচার নাই, রিজার্ভ লুট হচ্ছে কোনো বিচার নাই। খেলাপিদের আরো সুযোগ দেয়া হচ্ছে। এখন যারা বালিশ আর পর্দা কেনার দায়িত্বে বেশি বড় কর্মকর্তারা, তারা মনে করছে গত ১০ বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে। তো আমরা কিছু করি না কেনো? তো তারা এই বালিশ আর পর্দা কেনার মাধ্যমে লুটপাট করছে। এটা জাতি ও দেশের জন্য অত্যন্ত অশনিসংকেত।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
তীরে এসে...চাঁদের ২.১ কিমি উপরে নীরব হয়ে গেল বিক্রম-দৈনিক আনন্দবাজার
নেমে আসছিল নিখুঁত ভাবেই। কিন্তু চাঁদের মাটি থেকে আকাশে ২.১ কিলোমিটার উপরে থাকার সময় ইসরো যোগাযোগ হারিয়ে ফেলল বিক্রমের সঙ্গে! চাঁদে নামার আগে হারিয়ে গেল বিক্রম।কিন্তু কী হল বিক্রমের? জানে না ইসরোও। চলছে তথ্য বিশ্লেষণ।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, এই শ্রম বৃথা যাবে না, পাশে আছে গোটা দেশ, ইসরোর বিজ্ঞানীদের বললেন মোদী। এ খবরে লেখা হয়েছে, ব্যর্থতার প্রশ্নই নেই। বিজ্ঞানচর্চায় সেরা সময়ের খুব কাছেই দেশ। বিক্রমের চন্দ্রাবতরণ অনিশ্চিত জেনেও ইসরোর বিজ্ঞানীদের এই ভাষাতেই উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ভাগ্যজনক ভাবে ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরো-র গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরে জাতির উদ্দেশে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী একইভাবে শনিবার সকালেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।বিজ্ঞানীদের কর্মদক্ষতাকে স্যালুট করে তিনি বলেন, “আপনারা দেশের জন্যে নিরলসভাবে খেটেছেন। এই শ্রম বৃথা যাবে না। ব্যর্থতা আমাদের পিছিয়ে দেবে না।’
চন্দ্রযান–২ অভিযান: ব্যর্থতার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে কেঁদে ফেললেন ইসরোর চেয়ারম্যান-দৈনিক আজকাল
সবকিছু ঠিকঠাকই ছিল। একদম শেষ মুহূর্তে ইতিহাস ছোঁয়ার কিছুক্ষণ আগে আচমকা স্বপ্নভঙ্গ। তীরে এসে ডুবল তরী। চাঁদে পা দেওয়ার কিছুক্ষণ আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এরপরই কার্যত হতাশ হয়ে পড়েন ইসরোর বিজ্ঞানীরা। কারণ এতদিনের কঠোর পরিশ্রম সত্ত্বেও সাফল্য এল না। তবে গোটা দেশের মতোই বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী। পরামর্শ দিয়েছেন হতাশ না হয়ে পড়ার জন্য। আবেগপ্রবণ ইসরো চেয়ারম্যানকে জড়িয়েও ধরেন তিনি।
‘যে কাজ পারো না, করো না,’ ভারতের মিশন চন্দ্রযান ২-কে অপমান পাক মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
ব্যর্থ নয়, বরং ৯৫ শতাংশ সফল ভারত। মিশন চন্দ্রযান ২-কে ঠিক এভাবেই দেখছে দেশবাসী। কিন্তু স্বভাবসিদ্ধভাবেই একেবারে উলটো পথে হাঁটল পাকিস্তান। চন্দ্রযান ২ প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় যে দারুণ খুশি হয়েছে তারা, সেটাই স্পষ্ট করে প্রতিবেশী রাষ্ট্র। রীতিমতো টুইট করে উচ্ছ্বাস ব্যক্ত করলেন পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ চৌধুরি।মিশন চন্দ্রযান ২ নিয়ে একের পর এক টুইট করে ভারতকে রীতিমতো অপমান করতে থাকেন ফাওয়াদ খান। তিনি লেখেন, “অঅঅ… যে কাজটা পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় ‘এন্ডিয়া’।” ইন্ডিয়ার বানান বদলে ‘এন্ডিয়া’ লিখে মন্ত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন, ভারতের মিশন শেষ হয়ে গিয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭