এরশাদের পর রওশনও গৃহপালিত বিরোধীদলীয় নেতা: ফখরুল
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- এরশাদের পর রওশনও গৃহপালিত বিরোধীদলীয় নেতা: ফখরুল-দৈনিক প্রথম আলো
- ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে কৃষ্ণার পরিবার-দৈনিক যুগান্তর
- রওশনকে বিরোধী দলের নেতা, কাদেরকে উপনেতা করে গেজেট-দৈনিক ইত্তেফাক
- ভর্তি জালিয়াতি করে ডাকসু নেতা: ভিসি-ডিনের পদত্যাগ ও উপ-নির্বাচন দাবি-দৈনিক মানবজমিন
- ‘নির্বাচন কমিশন ভবনের আগুনে ক্ষতির পরিমাণ কম’-দৈনিক নয়া দিগন্ত
- ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে : টিআইবি
ভারতের শিরোনাম:
- ‘যোগাযোগ ছিন্ন হওয়ার যন্ত্রণা জানি’, শিবনকে ‘সান্ত্বনা’ কাশ্মীরির -দৈনিক আনন্দবাজার
- বিল পাশের পরও অব্যাহত গণপিটুনি, আলিপুরদুয়ারে ফের মৃত্যু যুবকের-দৈনিক সংবাদ প্রতিদিন
- স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ! যোগীর রাজ্যের নির্মম ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
এরশাদের পর রওশনও গৃহপালিত বিরোধী দলীয় নেতা: ফখরুল
এরশাদকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য অসত্য উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া কোনোভাবেই জড়িত ছিলেন না। তিনি অভিযোগ করেন, এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করেছেন।
আজ সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সংসদে এরশাদের পর রওশন এরশাদও গৃহপালিত বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিয়েছেন। গতকাল সংসদ অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে আনা শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় অনুযায়ী সাবেক সেনা শাসক জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের শাসনামল অবৈধ। এ দুজনের কাউকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা বৈধ নয়। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, সংসদে প্রধানমন্ত্রী প্রায়ই অসত্য কথা বলেন যার কোনো ভিত্তি নেই, ইতিহাস তা সাক্ষ্য দেয় না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এরশাদকে সঙ্গে নিয়েই এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং মানুষের অধিকারকে কেড়ে নিয়েছেন।
২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে কৃষ্ণার পরিবার-দৈনিক যুগান্তর
ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের পরিবার দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে। এ-সংক্রান্ত একটি আইনি নোটিশ গতকাল রোববার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকমাধ্যমে পাঠিয়েছেন কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাধে শ্যামের আইনজীবী ইমরান হোসেন। ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষতিপূরণ দুভাবে চাওয়া হয়েছে। তাঁর (কৃষ্ণা) যে পারিবারিক দুর্ভোগ হয়েছে, সে জন্য এক কোটি টাকা। আর ব্যক্তিগতভাবে যে দুর্ভোগ হয়েছে, সে জন্য আরও এক কোটি টাকা। মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
‘নির্বাচন কমিশন ভবনের আগুনে ক্ষতির পরিমাণ কম’-দৈনিক ইত্তেফাক
নির্বাচন কমিশন ভবনে লাগা আগুনে কিছু ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশঙ্কা অনুযায়ী ক্ষতির পরিমাণ অনেক কম। সোমবার এ কথা জানান ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, আগুনে ক্ষতি কম হয়েছে, যা ক্ষতি হয়েছে পানির কারণে। এ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সম্পর্কে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, তদন্ত কমিটির প্রধান ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেছেন, এক হাজারের মতো ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুদামে প্রায় ৪ হাজার ইভিএম মেশিন ছিল।সোমবার দুপুরে ইসি ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে : টিআইবি-দৈনিক নয়া দিগন্ত
ভূমি দলিলের ক্ষেত্রে সেবা গ্রহণকারীদের জিম্মি করে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। জবাবদিহিতা এবং সুশাসন এই খাতে কাজ করছে না বলেও জানান দুর্নীতিবিরোধী এই সংস্থার নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। আজ দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।ভূমি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে টিআইবির পক্ষ থেকে ১৫ দফা সুপারিশও করা হয়েছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দলিল নিবন্ধক ও দুর্নীতি সমার্থক শব্দ হয়ে গেছে। ভূমি নিবন্ধনে প্রতিটি পর্যায়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির উপস্থিতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুনীতির প্রাতিষ্ঠানিকীকরণে ঝুঁকি সৃষ্টি করেছে এবং সেবাগ্রহীতা, সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘যোগাযোগ ছিন্ন হওয়ার যন্ত্রণা জানি’, শিবনকে ‘সান্ত্বনা’ কাশ্মীরির-দৈনিক আনন্দবাজার
প্রিয়জনের সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার যন্ত্রণায় গত এক মাস ধরে ভুগছেন তিনি। তাই চন্দ্রযান২-এর সঙ্গে সংযোগ ছিন্ন হওয়ার পরে ইসরো প্রধান কে শিবনের মনের অবস্থা বুঝতে তাঁর কষ্ট হয়নি। এই ভাষাতেই যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীরিদের যন্ত্রণা ফুটিয়ে তুলে ইসরো প্রধানকে খোলা চিঠি দিলেন এক কাশ্মীরি। ‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার পরে প্রকাশ্যেই ভেঙে পড়েন শিবন। উপত্যকার বাসিন্দাদের অবস্থার সঙ্গে তাঁর এই ভেঙে পড়ার তুলনা করে একটি ইংরাজি পোর্টালের সিটিজেন জার্নালিস্ট ফৈজ়ান বুখারি লিখেছেন, ‘‘প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পারা কতটা যন্ত্রণা ও কষ্টের, তা জানি। আমি আমার চাঁদ— আমার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’’শিবনকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর সান্ত্বনা দেওয়া প্রসঙ্গে ফৈজ়ান লেখেন, ‘‘আপনি (ইসরো প্রধান) ভাগ্যবান। প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। আমার মতো হতভাগ্যকে দেখুন, এক মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন— কেউ সান্ত্বনা দিতে, সহমর্মিতা জানাতে এলেন না। আমার মতো মানুষের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী।’
স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ! যোগীর রাজ্যের নির্মম ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়’-দৈনিক আজকাল
যোগীর রাজ্যে ফের ঘটল নির্মম ধর্ষণের ঘটনা। আর তার জেরে প্রশ্ন উঠে গেল আইনশৃঙ্খলা পরিস্থিতির। অভিযোগ, ই–রিকশায় চেপে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। তাঁদের টেনে নামিয়ে স্বামীর সামনেই ২৫ বছরের যুবতীকে উপর্যুপরি ধর্ষণ করল চারজন ধর্ষক। স্বামী বাধা দিতে গেলে তাঁকে লক্ষ করে গুলিও ছোঁড়ে দুষ্কৃতীরা। কিন্তু প্রতিরোধের জন্য কাউকে পাশে পাওয়া গেল না।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে (৭ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের আমরোহায় ঘটে এই নারকীয় ধর্ষণের ঘটনা। আমরোহার পুলিস সুপার বিপিন টাডা জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মহিলাটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিল পাশের পরও অব্যাহত গণপিটুনি, আলিপুরদুয়ারে ফের মৃত্যু যুবকের-দৈনিক সংবাদ প্রতিদিন
এবার আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জে গণপিটুনিতে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, বচসার জেরে এক পুরোহিত ও তাঁর ভাইকে ধারালো অস্ত্রের আঘাত করে ওই যুবক। এরপর স্থানীয়রাই ওই যুবককে আটকে বেধড়ক মারধর করে। গণপিটুনির জেরেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় জড়িতদের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হ্যামিলটনগঞ্জ থানার পুলিশ।প্রসঙ্গত, মঙ্গলবার রাতেও ছেলেধরা সন্দেহে এক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধর করা হয় আলিপুরদুয়ারের রাজগঞ্জের দেবেন্দ্রনগর এলাকায়।কিছুদিন আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল৷ কিন্তু তাতে যে আদতে কোনও পরিবর্তনই ঘটেনি, একের পর এক ঘটনা তারই প্রমাণ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯