অক্টোবর ২৬, ২০১৯ ১৫:৩৯ Asia/Dhaka
  • খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দূরভিসন্ধি করছে : কাদের

প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দূরভিসন্ধি করছে : কাদের- দৈনিক ইত্তেফাক।
  • চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চান স্বজনরা- দৈনিক সমকাল।
  • বিএনপি পারলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক : কাদের- দৈনিক আমাদের সময়।
  • আন্দোলন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা : খন্দকার মাহবুব- দৈনিক নয়াদিগন্ত
  • ভোলার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক ইত্তেফাক।
  • ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা প্রদান- দৈনিক মানবজমিন।
  • বোর্ডকে না জানিয়ে পণ্যদূত হয়েছেন সাকিব; তাকে আইনি নোটিশ পাঠানোর চিন্তা বিসিবির- দৈনিক প্রথম আলো।
  • সৌ‌দিতে ধরপাকড় অব্যাহত, একদিনেই ফিরলেন ২০০ বাংলাদেশি- দৈনিক সমকাল।

ভারতের শিরোনাম:

  • রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন ২৫ নভেম্বর: লোকসভা ভোটের পর আবার সম্মুখ সমরে তৃণমূল- বিজেপি- দৈনিক বর্তমান
  • ‘‌চেহারা দেখলেই মনে হয় মৌলবাদী,’‌ ভোটে জামানত খুইয়ে ‌বিজয়ী প্রার্থীকে কটাক্ষ বিজেপি প্রার্থীর- দৈনিক আজকাল

  • কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন মোদী-ঘনিষ্ঠ মুর্মু- দৈনিক আনন্দবাজার।

এবারে বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তারিত:

খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দূরভিসন্ধি করছে : কাদের- দৈনিক ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দূরভিসন্ধি করছে। শনিবার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেছেন, দেশের সকল দুর্নীতিবাজ সরকারের নজরদারিতে রয়েছে। সুনির্দিষ্ট প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রাষ্ট্রনায়ক, যিনি শুদ্ধি অভিযান করতে গিয়ে নিজের দলের লোকজনকে দিয়েই অভিযান শুরু করেছেন। দুর্নীতি-মাদক-টেন্ডারবাজিসহ যেকোন সেক্টরে যারা অপরাধ করছে তাদের বিষয়ে তদন্ত চলছে।

দুর্নীতি মামলায় এক সংসদ সদস্যের সাজা ও একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে চলমান মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না।নুসরাত হত্যার রায়ের মামলায় আসামিদের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন। তাকেও অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এতে প্রমাণ হয় আওয়ামী লীগে অপরাধীর কোন ছাড় নেই।’

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চান স্বজনরা- দৈনিক সমকাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চান তার পরিবারের সদস্যরা। তারা বলেছেন, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হচ্ছে না।শুক্রবার বিকালে বিএসএমএমইউ'তে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের কাছে তাদের এই অভিপ্রায় ব্যক্ত করেন।

বিকাল সাড়ে তিনটায় পরিবারের ৬ সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। এসময়ে সেলিমা ইসলাম ছাড়াও ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক এস্কান্দার এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান বিন্দু, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে অতনু এস্কান্দর ও তার ছেলে উজায়ের এস্কান্দার উপস্থিত ছিলেন।

পরিবারের স্বজনদের এমন বক্তব্যের পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইস্যুটি আবারো সামনে এসেছে। এর আগে গত ১ অক্টোবর খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ এমপি বলেছিলেন, জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা জিয়া। চিকিৎসার সুযোগ পেলেতো অবশ্যই বিদেশ যাবেন। পরের দিন জিএম সিরাজ এমপির নেতৃত্বে চারজন এমপি খালেদার সঙ্গে দেখা করে বেরিয়ে বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না। তার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করেন।

তবে সরকারের 'অনমনীয়' মনোভাবের পর বিএনপির অবস্থান স্পষ্ট করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া কারো অনুকম্পায় মুক্তি চান না। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া জামিন না পেলে আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে। একইভাবে দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও ইউটার্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি আদায় করা হবে বলে জানান।

খালেদা জিয়ার সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টার সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। পা বেঁকে গেছে। চলতে পারছে না, শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার।

‘মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেয়া উচিত ছিলো’: মওদুদ আহমদ- দৈনিক নয়াদিগন্ত

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বংলাদেশ এখন গণতন্ত্রহীনতার রোল মডেল, একটি ভোটার বিহীন সরকারের রোল মডেল, ভোট চুরির রোল মডেল। তিনি বলেন, ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সত্য কথা বলেছেন। পাঁচ বছর ক্ষমতায় আয়েশে থেকে সত্য বলেছেন-এজন্য তাকে ধন্যবাদ। তার এই বক্তব্যের পর পরই সরকারের উচিৎ হবে সংসদ ভেঙে দেওয়া। এই সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিলে দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ সরকার ফিরে আসবে। তিনি বলেন, এই সরকারের কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। তাই মেননের এই বক্তব্যের পরে সরকারের উচিত ছিল অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বিএনপি সমর্তক আইনজীবীদের সংগঠন গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আইনজীবী সমাবেশ তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান আইনজীবী তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে আইনজীবী সমাবেশ উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা প্রদান- দৈনিক মানবজমিন

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে নগদ ২০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তার পক্ষ থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল এই অর্থ নিহতের পরিবারের কাছে তুলে দেন।

আজ বেলা ১২ টায় বোরহানউদ্দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সংসদ সদস্য আলী আজম মুকুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যৌক্তিক দাবিগুলো আমরা ইতিমধ্যেই মেনে নিয়েছি। তাদের ৬ দফার মধ্যে অন্যতম দাবি ছিলো নিহতের পরিবারকে আর্থিক সহয়তা, আমরা নিহত প্রত্যেক পরিবারকে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করেছি এবং আহতদেরও চিকিৎসার সহয়তা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটির প্রতিবেদন ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন। ভিডিও ফুটেজ দেখে মূল অপরাধীদের অনেককে চিহ্নিত করা হয়েছে বাকিদেরও চিহ্নিত করার কার্যক্রম দ্রুত গতিতে চলছে।

ভোলা-২ আসনের এই এমপি বলেন, ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে সহয়তা ও ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কারের ব্যবস্থা করা হবে।তিনি এলাকা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে তাদের সহানুভূতির সঙ্গে সঙ্গে তাদের পুনর্বাসনসহ সার্বিক ব্যবস্থা নেয়ার কথাও সংবাদ সম্মেলনে বলেছেন।

গত ২০ তারিখের ঘটনাটি সরকার ও দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি এ ঘটনা রামু ও নাসিরাবাদ ঘটনারই পুনর্রাবৃত্তি।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন ২৫ নভেম্বর: লোকসভা ভোটের পর আবার সম্মুখ সমরে তৃণমূল- বিজেপি- দৈনিক বর্তমান

লোকসভা নির্বাচনের পরে আগামী মাসেই রাজ্যে ফের তিনটি বিধানসভার উপনির্বাচনে সম্মুখ সমরে নামতে চলেছে তৃণমূল ও বিজেপি। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে শূন্য হয়। সেই আসনে ভোট হবে ২৫ নভেম্বর। একই দিনে ভোট হবে নদীয়ার করিমপুর এবং খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে। এই দু’টি কেন্দ্রের বিধায়করা গত লোকসভা ভোটে জিতে সংসদ সদস্য হয়েছেন। করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র এবং খড়গপুর সদরের বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই উপনির্বাচনের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, লোকসভা ভোটের মোদি হাওয়া এখনও আছে না মহারাষ্ট্র-হরিয়ানার মতো বিজেপি ধাক্কা খেতে চলেছে। লোকসভা ভোটের ছ’মাসের মধ্যে ফের জল মাপার সুযোগ পাবে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। আগামী বছর কলকাতা পুরসভা সহ একশোর বেশি পুরসভার ভোট রয়েছে। তার আগে এই তিনটি কেন্দ্রের উপনির্বাচনে ‘অ্যাসিড টেস্ট’ হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে ৩০ অক্টোবর থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ৭ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। ভোট হবে ২৫ নভেম্বর। ভোট হবে ইভিএমে। প্রতি বুথে থাকবে ভিভিপ্যাট। গণনা ২৮ নভেম্বর। ৩০ অক্টোবর থেকে আদর্শ আচরণবিধি লাগু হবে উত্তর দিনাজপুর, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন মোদী-ঘনিষ্ঠ মুর্মু- দৈনিক আনন্দবাজার।

নরেন্দ্র মোদী ও অমিত শাহ— একই সঙ্গে দু’জনেরই সমান ঘনিষ্ঠ ও একই রকম আস্থাভাজন, আমলা মহলে এমন ব্যক্তি বিরল। ব্যতিক্রম আপাত নিরীহ, সাধারণ চেহারার গিরিশচন্দ্র মুর্মু। অর্থ মন্ত্রকের বর্তমান ব্যয়সচিব।

নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হিসেবে সেই মুর্মুকে নিয়োগের সিদ্ধান্ত নিল মোদী সরকার। ২০০২-এর গুজরাত দাঙ্গা থেকে ইশরত জহান ভুয়ো সংঘর্ষ মামলা— মোদী ও অমিত শাহ, দু’জনেরই রাজনৈতিক কেরিয়ারের স্পর্শকাতর সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে এই ওড়িয়া অফিসারকে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদী তাঁকে দিল্লিতে আনেন। মুর্মুর বিরুদ্ধে গুজরাত দাঙ্গার তদন্তে তৈরি নানাবতী কমিশনের সামনে সরকারি সাক্ষীদের ‘শেখানো-পড়ানো’-র অভিযোগ উঠেছিল। ইশরত জহান ভুয়ো সংঘর্ষ মামলায় সিবিআই তাঁকে জেরাও করে। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া রেকর্ডিংয়ে অভিযোগ ওঠে, মুর্মু-সহ গুজরাতের মন্ত্রী-আমলারা মিলে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন।

জম্মু-কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিককে গোয়ার রাজ্যপাল করে উপত্যকা থেকে সরানো হল। মূলত অতিরিক্ত মুখ খুলে বিতর্ক তৈরির জন্যই তাঁকে সরানো হল বলে সরকারি সূত্রের ব্যাখ্যা। মালিক নিজেই সম্প্রতি বলেছিলেন, মুখ ফস্কে এক দিন কথা বলার জন্য তাঁকে তিন দিন ধরে ব্যাখ্যা দিতে হয়!

‘‌চেহারা দেখলেই মনে হয় মৌলবাদী,’‌ ভোটে জামানত খুইয়ে ‌বিজয়ী প্রার্থীকে কটাক্ষ বিজেপি প্রার্থীর- দৈনিক আজকাল

অসমের জোনাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জিতেছেন এআইইউডিএফ প্রার্থী রফিকুল ইসলাম। দ্বিতীয় স্থানে কংগ্রেস। বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছার বদলে তাঁর চেহারা নিয়ে সাম্প্রদায়িক কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। সদ্য জয়ী বিধায়কের চেহারা দেখলেই নাকি তাঁকে মৌলবাদী বলে মনে হয়। এমনই মন্তব্য শিলাদিত্যের। এখানেই শেষ নয়, তাঁর মতে, এনআরসি প্রক্রিয়ায় ‘অন্তত এক কোটি বাংলাদেশি মুসলিম’–‌এর নাম থেকে যাওয়াতেই রফিকুল জিতেছে। রফিকুলের শিক্ষাদীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি–‌র এই বিতর্কিত বাঙালি বিধায়ক। জবাবে অবশ্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রফিকুল নিজের সৌজন্য বজায় রেখে মন্তব্য করেছেন, একজন বিধায়কের এধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। তাঁর মতে, শিলাদিত্য তাঁর নির্বাচনী কেন্দ্রের জনগণকেই অপমান করেছেন। উল্লেখ্য, রফিকুলের বাবা ইমান মাস্টার অসমে বিশিষ্ট সমাজসেবী হিসাবে পরিচিত। বংশ পরম্পরায় তাঁরা অসমের বাসিন্দা। কিন্তু একটি টেলিভিশন টক–‌শোয় শিলাদিত্য নিজেই স্বীকার করেন তাঁর জন্ম বাংলাদেশে। তাঁর বাবার সঙ্গে তিনিও ভারতে আসতে বাধ্য হন। এটা স্মরণ করিয়ে দিয়ে রফিকুলের কটাক্ষ, উনি (শিলাদিত্য) নিজেই তো বিদেশি। তাই বোধহয় অসম সম্পর্কে ধারণা কম। শুধু রফিকুলকেই নয়, নাম না করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকেও কটাক্ষ করেন শিলাদিত্য। বিজেপি–‌র এই বিধায়ক বলেন, ‘দিল্লিতে অসমেরই একজন’ রাজ্যের সর্বনাশ করছেন।‌

সুপ্রিয় পাঠক/শ্রোতা, কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। আবারো কথা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।