জুন ০১, ২০২০ ১১:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় বাংলাদেশে একদিনে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৮১ জন-দৈনিক ইত্তেফাক
  • চীন-ভারত মুখোমুখি-দক্ষিণ এশিয়া উদ্বেগে -দৈনিক মানবজমিন 
  • বাস ভাড়া বৃদ্ধি অমানবিক সিদ্ধান্ত: বিএনপি -দৈনিক যুগান্তর
  • পরিস্থিতির অবনতি হলে কঠোর সিদ্ধান্ত: কাদের -দৈনিক প্রথম আলো
  • যুক্তরাষ্ট্রের ৪০ শহরে কারফিউ, হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ-অগ্নিসংযোগ -দৈনিক সমকাল
  • এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট: ড. আতিউর রহমান -বাংলাদেশ প্রতিদিন
  • প্রধানমন্ত্রীর কাছে যাবো এর বিচার চাইবো, এমপি এনামুলে স্ত্রী -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:    

  • ভারতে ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড হারে মৃত্যু-দৈনিক সংবাদ প্রতিদিন
  • আক্রান্তে জার্মানি, ফ্রান্সকে টপকালো ভারত, মৃত্যুতে রাশিয়াকে -আনন্দবাজার পত্রিকা
  • মার্কিন প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে পাথর, হোয়াইট হাউসের বাঙ্কারে লুকোলেন ট্রাম্প -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.নিয়ম মানছে না কাউন্টারগুলো, বাস ভাড়া দ্বিগুণ। এটি আজকের দৈনিক পত্রিকার খবর। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?

২.আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যার কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে এবং প্রায় দেড় হাজার মানুষকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। বিক্ষোভ মোকাবেলায় মার্কিন সরকারের নেওয়া পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।

জর্জ ফ্লয়েড হত্যা: আমেরিকা জুড়ে বিক্ষোভ

করোনার বাইরে আন্তর্জান্তিক অঙ্গনে সবচেয়ে চাঞ্চল্যকর খবর আমেরিকা জুড়ে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিক্ষোভ চলছে। এ সম্পর্কে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, আমেরিকা জ্বলছে, শুক্রবার রাতে বাঙ্কারে ঢুকে পড়েছিলেন ট্রাম্প

জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে বিক্ষোভ-অশান্তি আরও ছড়িয়ে পড়ছে আমেরিকা জুড়ে। বিক্ষোভকারীরা পৌঁছে গিয়েছেন হোয়াইট হাউসের দোরগোড়া পর্যন্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছুক্ষণের জন্য বাঙ্কারেও ঢুকে পড়তে হয়। এখনও বিক্ষোভ চলছে হোয়াইট হাউসের সামনে। চলছে গোটা আমেরিকা জুড়ে। প্রতিদিন নতুন নতুন শহরে ছড়াচ্ছে বিক্ষোভের আগুন।২৫ মে মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে পা দিয়ে গলা টিপে খুন করা হয়। পুলিশি অত্যাচারের সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। সেই ঘটনার পর ছ’দিন কেটে গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত হয়ে আসা দূর অস্ত, বরং গোটা মার্কিন মুলুক জুড়ে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের আঁচ। দেশের অন্তত ১৪০টি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে প্রতিবাদের আগুন। একাধিক শহরে বিক্ষোভ হিংসাত্মক চেহারা নিয়েছে। অন্তত পাঁচ জনের মৃত্যুও হয়েছে।

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: মানব পাচারকারী চক্রের হোতা  হাজী কামাল গ্রেফতার

মানব পাচারকারী চক্রের হোতা  হাজী কামাল গ্রেফতার

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামাল (৫৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর মো: রহমত উল্লাহ বলেন, ধৃত মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালের পিতার নাম মো: জামাত আলী। কুষ্টিয়ার সদর থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তার কাছে থেকে পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।

লিবিয়া ট্রাজেডি: নিহতদের পরিবারের আহাজারি

এনিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাবের হাতে দুই মানব পাচারকারী আটক হয়েছে। অপর জনের নাম মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি। তাকে ভৈরব থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া আজ গণমাধ্যমকে জানান, লিবিয়ার ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে সিআইডি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্তে সহায়তা করছে। লিবিয়ার মিজদা শহরে এই হত্যার ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত সাদ্দাম হোসেন আকাশের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করেন।

ওই মামলায় ভৈরবের মানবপাচারকারী চক্রের সদস্য তানজিরুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ঢাকার সিআইডির অর্গানাইজ ক্রাইম টিম ভৈরবে এসে মামলার তদন্ত কাজ শুরু করেছে। মামলাটি তদন্ত করবে সিআইডি।

বাস ভাড়া বৃদ্ধি অমানবিক সিদ্ধান্ত: বিএনপি-দৈনিক যুগান্তর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

করোনা পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে অমানবিক বলে আখ্যা দিয়েছে বিএনপি।সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, জনগণের প্রতি দায়িত্বশীলতা নেই বলেই সরকার করোনা প্রাদুর্ভাবের মাঝেই এভাবে তুগলগি কারবার করছে। এতে করে জনগনকে পুরোপুরিভাবে মহাবিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এদিকে, বাসভাড়া বৃদ্ধি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব হাইকোর্টে রিটটি করেন।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে আজ থেকে। দৈনিক মানবজমিনের খবর। দৈনিকটি গণপরিবহন সম্পর্কিত লিখেছে, করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ ছিলো গণপরিবহন। লকডাউন তুলে দেয়ায় আজ থেকে শুরু হয়েছে বাস চলাচল। ইতিমধ্যে সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকার নির্ধারিত এ ভাড়াও মানছেন না কাউন্টারগুলো।

স্বাভাবিক পরিস্থিতিতে রংপুর থেকে ঢাকায় বাসভাড়া ৫০০ টাকা। করোনা পরিস্থিতির কারণে সরকার নির্ধারিত অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করলে বর্মান ভাড়া দাঁড়ায় ৮০০ টাকায়। কিন্তু তারা এ নিয়মও মানছেন না। জনপ্রতি ভাড়া রাখছেন ১০০০ হাজার টাকা। আর স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না গণপরিবহনে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দৈনিক সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, লকডাউন শেষে দেশজুড়ে শুরু হয়েছে ‘আনলক ১। কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র যথেষ্ট শিথিল বিধিনিষেধ। এই পরিস্থিতিতে ফের উদ্বেগ বাড়াল দেশের করোনা গ্রাফ। ক্রমশই হু হু করে বাড়ছে সংক্রমিত এবং মৃত্যুর সংখ্যা। এ পরিস্থিতি চিন্তা ও উদ্বেগ বাড়াচ্ছে সকলের। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক  থেকে দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৩৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায় ২৩০ জনের। মোট মৃতের সংখ্যা ৫৩৯৪ জন। সংক্রমণের নিরিখে ইতিমধ্যে জার্মানি এবং ফ্রান্সকে পিছনে ফেলে সপ্তমে চলে এসেছে ভারত। 

 দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা অদৃশ্য শত্রু হতে পারে, কিন্তু জয়ী হবেন দেশের যোদ্ধারাই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলের উদ্দেশে সোমবার এমনই বার্তা দিলেন তাঁদে মোদী। তিনি বলেন, “অদৃশ্য বনাম অপরাজেয়দের লড়াই শুরু হয়েছে দেশে। করোনা অদৃশ্য শত্রু ঠিকই, কিন্তু আমাদের যোদ্ধারা, স্বাস্থ্যকর্মীরাও অপরাজেয়। এই যুদ্ধে নিশ্চিত ভাবে জয়ী হবেন তাঁরাই।”

সঙ্কটকালে অন্য রাজ্যের নাগরিকদের চিকিৎসা দিতে নারাজ কেজরিওয়াল! বন্ধ দিল্লির সীমান্ত-দৈনিক আজকাল সংবাদপ্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,করোনার সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হল রাজধানীর সীমান্ত। লকডাউনের পঞ্চম দফা শুরুর প্রথম দিনেই সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সীমান্ত খুলে দিলেই বাড়তে পারে আক্রান্তের পরিমাণ। তাই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ করা হল সীমান্ত।

এদিকে, মাসের শুরুতেই মধ্যবিত্তের মাথায় হাত। এক ধাক্কায় ৩২ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৬১৬ টাকা। তবে প্রধানমন্ত্রীর উজ্বলা যোজনার গ্যাসে এর কোনও প্রভাব পড়বে না।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১