জুন ০৮, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • কথাবার্তা: কবে কোথায় প্রথম করোনা সংক্রমণ, চাপে পড়ে সব প্রকাশ চীনের

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫ জন-দৈনিক সমকাল
  • লকডাউনের নামে আসলে কি হচ্ছে?-দৈনিক ইত্তেফাক
  • করোনা:  মিনিটে সিদ্ধান্ত পরিবর্তন-দৈনিক মানবজমিন
  • দেশব্যাপী করোনা চিকিৎসা’ আইসিইউ ও অক্সিজেন সংকট তীব্র-দৈনিক যুগান্তর
  • কুয়েতে সাংসদ আটকের ঘটনা লজ্জাজনক-পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • সশস্ত্র বাহিনীতে  করোনা আক্রান্ত ২৭৮৮, সুস্থ ১৪৬১-দৈনিক কালের কণ্ঠ
  • কবে কোথায় প্রথম করোনা সংক্রমণ, চাপে পড়ে সব প্রকাশ করল চীন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • ভারতে করোনা সংক্রমণ আড়াই লাখ ছাড়ালো-আনন্দবাজার পত্রিকা
  • শরীরে করোনার উপসর্গ! হোম আইসোলেশনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী -দৈনিক সংবাদ প্রতিদিন 
  • সোমবার থেকে পশ্চিমবঙ্গে খুলে গেল অফিস-বাসের অভাবে যাত্রী ভোগান্তি চরমে-দৈনিক আজকাল 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১) কুয়েতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল এর আটকের খবর দিয়েছে বাংলাদেশের গণমাধ্যাম। কীভাবে দেখছেন বিষয়টিকে। 

২) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না রিপাবলিকান দলের সিনিয়র নেতারা- এমন খবর রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মার্কিন ভোটের রাজনীতিতে বিষয়টি কেমন প্রভাব ফেলবে বলে মনে হয়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বিশ্ব করোনা পরিস্থিতি: কবে কোথায় প্রথম করোনা সংক্রমণ, চাপে পড়ে সব প্রকাশ করল চীন-বাংলাদেশ প্রতিদিন

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে চীন। তবে ক্রমাগত চাপ বাড়তে থাকায় অবশেষে দেশে করোনা সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল বেজিং। চীনে কবে, কোথায় করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে, এই শ্বেতপত্রে সেই সব তথ্যই প্রকাশ করা হয়েছে।

 রবিবার চীন দাবি করেছে, করোনা সংক্রমণের প্রথম মামলাটি গত বছরের ২৭ ডিসেম্বর ইউহানে সামনে এসেছিল। তবে করোনাভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া এবং মানব শরীর থেকে মানব শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম চলতি বছরের ১৯ জানুয়ারি জানা যায় বলে দাবি করেছে বেজিং। চীনের দাবি, গত ১৯ জানুয়ারি একজনের শরীর থেকে অন্যের শরীরে সংক্রমণের এই ঘটনা সামনে আসার পরই তা রুখতে ব্যবস্থা নেওয়া হয়।

তবে এ দিনও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে চীন। করোনা ভাইরাস সংক্রমণের কথা গোপন করা নিয়ে আন্তর্জাতিক স্তরে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আত্মপক্ষসমর্থনে শ্বেতপত্রে বিশদে ব্যাখ্যাও দিয়েছে চীন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা অভিযোগ করেছেন, চীন সময়মতো তথ্য না জানানোর কারণেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। পরিস্থিতি সামাল দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

চীনে করোনাভাইরাসের উৎসস্থল হলেও এখন সেদেশ তা অনেকটাই নিয়ন্ত্রণে । বরং করোনাভাইরাস মহামারি বিশ্বের অন্যান্য অনেক দেশে চীনের থেকেও কয়েকগুণ ভয়াবহ রূপ ধারণ করেছে। আমেরিকা, ব্রাজিল, স্পেন, ইতালি, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ এখন করোনার ধাক্কা সামাল দিতে লড়াই করে যাচ্ছে। যার জেরে গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষের।

বাংলাদেশের করোনা পরিস্থিতি:

বাংলাদেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে

বাংলাদেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় ৪২  জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯৩০জন। নতুন আক্রান্ত ২৭৩৫  জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।দৈনিক প্রথম আলো ও সমকালসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে।

এদিকে সমকালের খবরে লেখা হয়েছে,  দুর্দিনে শ্রমিক ছাঁটাই না করার জন্য গার্মেন্ট মালিক পক্ষের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, সুদিনে তারা মালিকদের মুনাফা এনে দিয়েছেন এখন সংকটকাটে তাঁদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত হবে মড়ার ওপর খাঁড়ার ঘা। তিনি সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক বিবেচনায় নেয়ার আহবান জানিয়েছেন।

লকডাউন নিয়ে প্রশ্ন

লকডাউনের নামে আসলে কী হচ্ছে? এটা লকডাউন নাকি অন্য কিছু? করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য লকডাউন হচ্ছে, নাকি সরকারকে বেকায়দায় ফেলতে লকডাউনে ফেলা হচ্ছে—এমন অনেক প্রশ্ন বিশেষজ্ঞদের। দৈনিক ইত্তেফাকের এ প্রতিবেদনে লেখা হয়েছে, রবিবার থেকে রাজধানীর রাজাবাজার ও ওয়ারী এলাকা লকডাউন করার ঘোষণা দেওয়া হয়েছিল। মসজিদ থেকে মাইকিংও করা হয়েছিল। কিন্তু রাজাবাজারের ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম ইত্তেফাককে বলেন, শুধু মুখে বললেই হবে না, অনেক প্রস্তুতির বিষয় আছে। আমাদের কেউ নির্দেশনা দেয়নি, আমরা এটা বাস্তবায়নও করিনি। তবে ওয়ারী এলাকায় অনেকেই নিজ দায়িত্বে লকডাউন পালন করেছেন। অনেক হাউজিংয়ের গেট বন্ধ করে লকডাউনের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ বলেন, তারা কোনো লকডাউন করেননি, এমন কোনো নির্দেশনাও আসেনি।

জাতীয় টেকনিক্যাল কমিটির একজন সদস্য ও নামকরা বিশেষজ্ঞ চিকিত্সক বলেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী লকডাউন পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়ার কথা। সেখানে অবৈজ্ঞানিকভাবে কে বা কারা লকডাউনের ঘোষণা দিচ্ছেন, এলাকার মানুষও কেউ মানছে, কেউ মানছে না—এভাবে তো হবে না। সমন্বয় না থাকার কারণে আগের ছুটির সময় সফলতা আসেনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এটা বিশেষজ্ঞ কমিটির কাজ। তারা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে। সেটি প্রধানমন্ত্রী অনুমোদন করার পরই বাস্তবায়ন হবে।

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, লকডাউন করার আগে তিনটি প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এক, লকডাউন করতে হলে কীভাবে তা বাস্তবায়ন করা হবে তার পূর্বপরিকল্পনা থাকতে হবে। দুই, যে এলাকায় লকডাউন করা হবে ঐ এলাকার জনগণকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। যাতে তারা জরুরি কেনাকাটা সারতে পারে। তিন, কমিউনিটিকে সংযুক্ত করতে হবে। এভাবে লকডাউন কার্যকর করে লন্ডনসহ ইউরোপের অনেক দেশ সফলতা পেয়েছে। তাই লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে উল্লিখিত তিনটি বিষয়ে প্রস্তুত থাকতে হবে। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

ভারতে প্রতিদিনই করোনায় নতুন নতুন রেকর্ড

প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ন’হাজার ৯৮৩ জন। এই বৃদ্ধির ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো আড়াই লক্ষের গণ্ডি। । সর্বশেষ  হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট সাত হাজার ১৩৫ জন। মোট আক্রান্তে শুধু মহারাষ্ট্রই টপকে গেল চীনকে। আগেই ইটালি, স্পেনকে পিছনে ফেলেছিল। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে ভারতে। 

আনন্দবাজার পত্রিকার  অন্য একটি খবরে লেখা হয়েছে, আনলক নিয়ে প্রশ্ন, সংক্রমণে রেকর্ড হচ্ছে প্রতিদিন।একদিনে এবার করোনা সংক্রমিত প্রায় ১০ হাজার মানুষ। রেকর্ড সংক্রমণ পরপর পাঁচ দিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা না-করলেও এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার মতে, দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে প্রায় সবকিছু খুলে গেছে । ‘আনলক’-এর এই সময়টা যথাযথ কি না, সেই প্রশ্নের উত্তরে গুলেরিয়া সাফ বলেছেন, লকডাউন সফল হলেও তাতে করোনার সংক্রমণ চোখে পড়ার মতো কমেনি। তিনি বলেন, ‘‘মানুষের উচিত ছিল, গুরুত্ব দিয়ে লকডাউন মানা। সেটা তাঁরা করেননি। কাজেই এখন দায়িত্বশীল আচরণ করা উচিত। এদিকে, সংবাদ প্রতিদিন লিখেছে, তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে লকডাউন উঠলেই অর্থনীতির জন্য মঙ্গল- বলছে সমীক্ষা। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮