বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে
সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে- জানাল ইসি
-
দিনাজপুরের একটি ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। ২৯০ আসনে দলটির প্রার্থী ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে।
আজ (রোববার) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার সাংবাদিকদের জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তৃতীয় অবস্থানে কোন দল নয়, বরং এই নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিএনপি আর জামায়াতের পরের অবস্থানে।
তারা মোট ভোটের পাঁচ দশমিক ৭৯ শতাংশ পেয়েছেন। সারাদেশে ২৭৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে লড়াই করেছেন।
এর পরেই অবস্থান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তারা পেয়েছে মোট ভোটের তিন দশমিক ০৫ শতাংশ। তারা ৩২টি আসনে তাদের প্রার্থী দিয়েছিলো, দলটির মোট ছয়জন প্রার্থী সংসদ সদ্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত তিন সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি (জাপা) ১৯৯ আসনে প্রার্থী দিয়েছিল। তারা লাঙ্গল প্রতীকে পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।
এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল। হাতপাখা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক ৭০ শতাংশ।
১১-দলীয় ঐক্যে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রার্থী দিয়েছিল। তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক শূন্য ৯ শতাংশ।
অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য। #
পার্সটুডে/এমএআর/১৫