জানুয়ারি ০৮, ২০২১ ১৪:২১ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

প্রিয় পাঠক/শ্রোতা! ৮ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ ‘মিথ্যাচারের কালো দলিল’ : রিজভী -দৈনিক কালেরকণ্ঠ
  • প্রবাসী গৃহকর্মী-দেশ হোক আর বিদেশ, দুর্ভোগ অশেষ-দৈনিক প্রথম আলো

  • ট্রাম্প সমর্থকদের দাঙ্গায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু- ওবামা বললেন- কংগ্রেসে হামলা ‘জাতির জন্য বড় লজ্জার’ দৈনিক যুগান্তর
  • পুলিশে নিষ্ঠুরতা চাই না: আইজিপি-দৈনিক সমকাল
  • ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৫-দৈনিক মানবজমিন
  • মাস্টারমাইন্ড স্কুলছাত্রীকে ধর্ষণের আসামি আটক, রিমান্ড চাইবে পুলিশ-দৈনিক নয়াদিগন্ত
  • জুলাই থেকে দেশে সব অবৈধ ও নকল মুঠোফোন বন্ধ : বিটিআরসি-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • একে ৪৭ কিনেছে সুপারি কিলাররা, খুনের হুমকি চিঠি পেলেন নবীন-আনন্দবাজার পত্রিকা
  • ‌আগামী কয়েক দিনের মধ্যেই দেশবাসীর জন্য টিকা’‌, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
  • কোন দেশগুলিকে দেওয়া হবে আকাশ, ব্রহ্মস মিসাইল? তালিকা তৈরি করল ভারত-দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ ‘মিথ্যাচারের কালো দলিল’ : রিজভী -দৈনিক ইত্তেফাক

সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণকে ‘মিথ্যাচারের কালো দলিল’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'প্রধানমন্ত্রীর ভাষণকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্জলা মিথ্যাচার করেছেন তিনি। তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।'

শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'প্রধানমন্ত্রী দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্যখাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ যেসব বক্তব্য দিয়েছেন তা ‘মিথ্যাচারের কালো দলিল’। দেশবাসী তার এই ভাষণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।'

‘প্রকৃতপক্ষে গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ, খুন, গুম, অপহরণ, ধর্ষণ, টাকা পাচার, দুর্নীতি-লুণ্ঠন ও দুর্বৃত্তায়ন, দুঃশাসনের একযুগ পার করলো বাংলাদেশ,’ যোগ করেন রিজভী।

বিএনপির এ নেতা আরো বলেন, বছরের পর বছর ধরে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ক্ষমতাসীন দুষ্টচক্র মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য-মানবাধিকার-ন্যায়বিচারকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে জনগণকে বোকা বানাতে তথাকথিত উন্নয়নের শ্লোগান তুলেছে।

প্রবাসী গৃহকর্মী-দেশ হোক আর বিদেশ, দুর্ভোগ অশেষ-দৈনিক প্রথম আলো

পারিবারিক নির্যাতনে পিষ্ট হয়ে অনেক নারী ভাগ্য ফেরাতে বিদেশ যাচ্ছেন। স্বামীর নিগ্রহের শিকার নারীদের কেউ কেউ বিদেশে গিয়েও পড়ছেন নানা নিপীড়নের মধ্যে। বাধ্য হয়ে, পালিয়ে, শারীরিক বা মানসিক অসুস্থ হয়ে কিংবা লাশ হয়ে ফিরে আসছেন অনেকে। করোনাকালে এমন ফিরে আসা নারীর সংখ্যা গত বছরের চেয়ে বেড়ে গেছে। দেশে ফিরে সামাজিক, অর্থনৈতিকসহ নানা দুর্ভোগে আছেন নারী কর্মীরা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র বলছে, ২০১৯ সালে বিভিন্ন দেশ থেকে খালি হাতে ৩ হাজার ১৬৪ জন নারী দেশে ফিরে এসেছিলেন। আর গত বছর ফিরে এসেছেন ৫০ হাজারের বেশি নারী কর্মী, তবে এর মধ্যে চুক্তি শেষে ফিরে আসা নারীরাও আছেন। ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডও একই তথ্য দিচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ফিরেছেন ৬৯৫ জন নারী কর্মী। এরপর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নানা কারণে দেশে ফিরে এসেছেন আরও প্রায় ৫০ হাজার নারী।

ট্রাম্প সমর্থকদের দাঙ্গায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু- ওবামা বললেন- কংগ্রেসে হামলা ‘জাতির জন্য বড় লজ্জার’ দৈনিক যুগান্তর

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দাঙ্গায় আহত হওয়ার পর এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। 

এমন এক সময় এই খবর এসেছে, যখন সহিংসতা উসকে দেয়ায় ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের দাবি তুলেছেন ডেমোক্র্যাটদলীয় কর্মকর্তারা।

প্রেসিডেন্টকে তার পদে অযোগ্য ঘোষণা করতে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

আর তা কার্যকর করা না হলে বিকল্প হিসেবে তিনি প্রেসিডেন্টকে অভিশংসন প্রক্রিয়া শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। চারদিক থেকে চাপ আসার পর এই জঘন্য হামলার নিন্দা জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন কংগ্রেসে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।  তিনি বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের জাতির জন্য বড় অসম্মান ও লজ্জার।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

আর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য এটি একটি জঘন্য হামলা।  

সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, ইতিহাস আজকের এই সহিংসতার কথা মনে রাখবে, যেখানে একজন নারীকে গুলি ও হত্যা করা হয়েছে। এই হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের উসকানিকে দায়ী করে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, আইনসঙ্গত নির্বাচনের ফলকে ভিত্তিহীনভাবে মিথ্যা প্রতিপক্ষ দাবিদার একজন দায়িত্বশীল প্রেসিডেন্টের উসকানিতে সংঘটিত এ হামলা আমাদের জন্য বড়ই অসম্মানের এবং জাতির জন্য লজ্জার। 

পুলিশে নিষ্ঠুরতা চাই না: আইজিপি-দৈনিক সমকাল

পুলিশে নিষ্ঠুরতা কিংবা এ বিষয় সংক্রান্ত খবর দিয়ে বাহিনী পত্রিকায় খবরের শিরোনাম হোক তা চান না পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশের দুর্নীতির বিষয়ে কাজ করা হচ্ছে। শুরুতে মোটিভেশনাল এক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না। তিনি বলেন, আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাই না। যেখানে আইনগত ক্ষমতা রয়েছে তাহলে কেন পেশী শক্তি ব্যবহার করতে হবে? বেনজীর আহমেদ বলেন, পুলিশ বাহিনীতে যদি কেউ খারাপ কাজ করেন, সে অন্য কাজের জন্য ডিসিপ্লিনের ক্ষেত্রে চরম নিষ্ঠুরতা দেখানো হয়। আবার যদি ন্যায় ও ন্যায্য সংক্রান্ত সাহায্য প্রয়োজন হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি।

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৫-দৈনিক মানবজমিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৩৪জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭৮৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ২০ হাজার৬৯০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৩৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।

জুলাই থেকে দেশে সব অবৈধ ও নকল মুঠোফোন বন্ধ : বিটিআরসি-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ‘আগামী ১ জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল সেটগুলো বন্ধ করে দেয়া হবে।। এর আগে গ্রাহকদের হাতে থাকা সচল হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আনা হবে।’ গতকাল বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভায় একথা বলেন তিনি। শ্যাম সুন্দর জানান, যে মোবাইল সেটগুলো চালু আছে তাদের ইনকরপোরেট করে নেব, সে সুযোগ দেব। নতুন যেগুলো আসবে সেগুলো অবশ্যই নিবন্ধন হয়ে আসতে হবে। 

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

 একে ৪৭ কিনেছে সুপারি কিলাররা, খুনের হুমকি চিঠি পেলেন নবীন-আনন্দবাজার পত্রিকা

যে কোনও সময় খুন হতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এমনই একটি বেনামি চিঠি ঘিরে তোলপাড় ওড়িশার পুলিশ-প্রশাসন। ঢেলে সাজানো হচ্ছে নবীনের নিরাপত্তা। চিঠি অনুযায়ী, খুনের জন্য নিয়োগ করা হয়েছে সুপারি কিলার। একে ৪৭-এর মতো অত্যাধুনিক অস্ত্র কেনাও হয়ে গিয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠির প্রেরককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

ইংরেজিতে লেখা একটি চিঠি। গত ৫ জানুয়ারি সেটি পেয়েছেন নবীন। মুখ্যমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে কোনও নাম উল্লেখ করা হয়নি। লেখা হয়েছে, ‘‘আপনাকে জানাতে চাই যে, আপনাকে খুনের জন্য নিয়োগ করা হয়েছে কয়েক জন সুপারি কিলার। এরা পেশাদার খুনি। হাতে রয়েছে হালফিলের অধ্যাধুনিক একে-৪৭ রাইফেল, সেমি অটোমেটেড পিস্তল।’’ ওড়িশার মুখ্যমন্ত্রীকে সাবধান করে বলা হয়েছে, "আপনি যে কোনও সময় খুন হতে পারেন। তাই সাবধান থাকবেন।"

‌আগামী কয়েক দিনের মধ্যেই দেশবাসীর জন্য টিকা’‌, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

আগামী কয়েক দিনের মধ্যেই দেশবাসীর জন্য টিকা চলে আসবে। শুক্রবার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সেই সঙ্গে জনিয়ে দিলেন, টিকাকরণের সমস্ত খুঁটিনাটি তথ্য সাধারণ মানুষকে দেওয়া হবে। এদিন করোনা টিকার দ্বিতীয় মহড়া দেখতে চেন্নাইয়ে পৌঁছল হর্ষ বর্ধন। সেখানে সরকারি হাসপাতালে দঁাড়িয়েই তিনি বললেন, ‘‌খুব কম সময়েই ভারত সফলভাবে টিকা উৎপাদন করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা এই টিকা দেশবাসীকে দিতে সক্ষম হব। প্রথমে স্বাস্থ্যকর্মী এবং তার পর সামনের সারির কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হবে।’‌কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কথায়, এই ড্রাই রানের মাধ্যমে লাখ লাখ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরও অনেককে দেওয়া বাকি রয়েছে। চেন্নাইয়ের সরকারি হাসপাতালের পর অ্যাপোলো, ওমানদুরার, চেঙ্গালপাট্টু হাসপাতালে টিকার মহড়া ঘুরে দেখার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। খবর, ১৩ জানুয়ারি থেকে দেশে চালু হতে পারে টিকাকরণ।  

কোন দেশগুলিকে দেওয়া হবে আকাশ, ব্রহ্মস মিসাইল? তালিকা তৈরি করল ভারত-দৈনিক আজকাল

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হয়ে উঠতে বড়সড় পদক্ষেপ করল দেশ। অস্ত্রের বাজার ধরতে আকাশ ও ব্রহ্মস মিসাইল রপ্তানি করার উদ্দেশ্যে সম্ভাব্য গ্রাহক তথা ‘বন্ধু’ দেশগুলির একটি তালিকা তৈরি করছে ভারত।

সূত্রের খবর, ফিলিপিন্সের কাছে সুপারসনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল রপ্তানি করার একটি প্রস্তাব ইতিমধ্যেই প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির কাছে পাঠানো হয়েছে। ব্রহ্মস রপ্তানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকাও এই অত্যাধুনিক মিসাইলটি কিনতে আগ্রহী। তবে ব্রহ্মসের রপ্তানির জন্য তৈরি সংস্করণটির আঘাত হানার ক্ষমতা থাকবে ২৯০ কিলোমিটার পর্যন্ত। কারণ, মিসাইল ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে নয়াদিল্লিকে বেশ কিছু আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মমতো ৩০০ কিলোমিটারের উপর মিসাইল রপ্তানিতে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভাল, ভারতীয় সেনাবাহিনীর জন্য ব্রহ্মস মিসাইলের নতুন সংস্করণের উপর কাজ চলছে। ৪০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম হবে সেটি। রাশিয়াও মিসাইলটির পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত বাড়াতে চলেছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।