আগস্ট ০২, ২০২১ ১২:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যুঝুঁকি -প্রথম আলো
  • মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না : জি এম কাদের -কালের কণ্ঠ
  • জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা নেই: ফখরুল-ইত্তেফাক
  • বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের -যুগান্তর
  • করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয় : স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ডেল্টাই শেষ নয় আসতে পারে করোনার আরও ভয়ঙ্কর ধরন- দৈনিক আমাদের সময়

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াই পাশ, ‘মানবিক’ সরকারের তরফে ঘোষণা সংসদ সভাপতির-আনন্দবাজার
  • Mizoram-এর সঙ্গে তুঙ্গে সংঘাত, সমস্যা সমাধানে অসমের সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
  • উদ্দেশ্য মোদি সরকারকে আরও চাপ, মঙ্গলবার বিরোধীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠকে রাহুল-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যুঝুঁকি -প্রথম আলো

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের টিকা বিভিন্ন জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাচ্ছে। টিকা নেওয়ার পরও যেকেউ করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে তাঁদের ঝুঁকি টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কম। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এ চিত্র পাওয়া গেছে। গতকাল রোববার রাতে ওই গবেষণা প্রকাশিত হয়েছে।

আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়েছেন—এমন রোগীদের তুলনায় টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা বেশি। টিকা না নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুঝুঁকিও বেশি। গত মে ও জুন মাসে এ গবেষণা পরিচালনা করে আইইডিসিআর।

মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না : জি এম কাদের -কালের কণ্ঠ

অপরিকল্পিত বিধি-নিষেধের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে, তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি। 

আজ সোমবার (২ আগস্ট) গণমাধ্যমে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, 'অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে, কয়েক গুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যেসব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখেন তাঁদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে।'

জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা নেই: ফখরুল-ইত্তেফাক

সরকার করোনা সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা দিচ্ছে না বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে অসত্য তথ্য দিচ্ছে। হাসপাতালে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন বাধানিষেধ আরোপ করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার ভয়ে সংবাদকর্মীরা প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না। গতকাল রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট সারা দেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষ পরীক্ষার জন্য জেলা হাসপাতাল ও পরীক্ষাকেন্দ্রগুলোতে ভিড় করলেও সরকারের অব্যবস্থাপনার কারণে বেশির ভাগ আক্রান্ত মানুষ টেস্ট করতে পারছে না। চিকিৎসা না পেয়ে হাসপাতালে ঘুরে ঘুরে মানুষের মৃত্যু হচ্ছে।

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের -যুগান্তর

বিএনপিকে সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে করোনায় অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাঠে থেকে জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে।

'করোনা সংকটে সরকার নাকি কিছুই করছে না'- বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা তাদের অক্ষমতা আর ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস। বিএনপি করোনা সংকটে জনগণকে পাশে আছে, এ কথা পাগলেও বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয় : স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবা দেয়া, যেটা আমরা হাসপাতালে দিচ্ছি। আমাদের দায়িত্ব টিকা দেয়া, আমরা টিকা দেয়ার চেষ্টা করছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেয়া, চিকিৎসা দেয়া। এটাও বলি হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতটুকু ভর্তি আছে। তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয়।’

সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কীভাবে সংক্রমণ বৃদ্ধি পায় তা সকলেই জানে। আপনারা ফেরিতে দেখেন কীভাবে লোক আসে, দোকানপাটে কীভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের কেউ নেই। ডাক্তার-নার্সরা তো আর ফেরি কন্ট্রোল করে না, আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের রয়েছে।’

ডেল্টাই শেষ নয় আসতে পারে করোনার আরও ভয়ঙ্কর ধরন- দৈনিক আমাদের সময়

মাস দুয়েক আগে আশার আলো দেখিয়েছিলেন বিশেষজ্ঞরা। বলেছিলেন, করোনার ডেল্টা ধরনেই হয়তো বিপদের শেষ। এর পর ক্ষমতা কমতে শুরু করবে ভাইরাসটির। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাদের দাবি, ডেল্টা আসলে বিশ্বের উদ্দেশে এক সতর্কবার্তা। এর পরে মিউটেশন ঘটিয়ে ডেল্টার চেয়েও আরও ভয়ানক ধরন তৈরি করতে পারে করোনা ভাইরাস।

ইতোমধ্যে ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে এর জেরে। পশ্চিম এশিয়ায় চতুর্থ ঢেউ আছড়ে পড়ার অন্যতম কারণও ডেল্টা। চীনে নতুন করে সংক্রমণ বেড়েছে। আরও দুটি প্রদেশ থেকে সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে।

উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াই পাশ, ‘মানবিক’ সরকারের তরফে ঘোষণা সংসদ সভাপতির-আনন্দবাজার

পরীক্ষার ফল ঘিরে বিক্ষোব অব্যাহত রাজ্যে। সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী মহুয়া দাস। সেখানেই তিনি ১০০ শতাংশ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মহুয়া বলেন, ‘‘আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। অকৃতকার্য হন প্রায় ১৮ হাজার পড়ুয়া। তা নিয়েই রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়। পরীক্ষাই যেখানে হল না, সেখানে ফেল কিসের, প্রশ্ন তোলেন অকৃতকার্য পড়ুয়ারা। সকলকে পাশ করিয়ে দিতে হেব নতুবা নতুন করে পরীক্ষা নিতে হবে বলে দাবি জানান তাঁরা। তাতে পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে, নবান্নে মহুয়াকে তলব পর্যন্ত করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

সেই পরিস্থিতিতেই সোমবার সব পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন সংসদ সভানেত্রী। তবে এত দিন ধরে চলে আসা বিক্ষোভে সংসদের কোনও ভূমিকা ছিল না বলে সাফ জানিয়ে দেন তিন

Mizoram-এর সঙ্গে তুঙ্গে সংঘাত, সমস্যা সমাধানে অসমের সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর -সংবাদ প্রতিদিন

সীমানা নিয়ে তুঙ্গে অসম (Assam) ও মিজোরামের বিবাদ। কয়েকদিন আগেই কাছাড়-কলাসিব সীমান্তে দুই রাজ্যের পুলিশের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ফলে প্রাণ হারান অসম পুলিশের ছয় কর্মী। তারপর থেকেই বিতর্কিত এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে সোমবার অসমের সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তাৎপর্যপূর্ণ ভাবে, আজই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে বসেন মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামভামপতি। দুই রাজ্যের মধ্যে সীমান্ত সংঘাতের বিষয়টি নিয়ে মিজোরামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট দেন রাজ্যপাল বলে খবর। সীমান্ত সংঘাতের বিষয়টিকে খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে গভর্নর হরিবাবু জানিয়েছেন, সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করতে দুই রাজ্যের সঙ্গেই আলোচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উদ্দেশ্য মোদি সরকারকে আরও চাপ, মঙ্গলবার বিরোধীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠকে রাহুল-আজকাল

সংসদের বাদল অধিবেশন কার্যত বিফলেই যাচ্ছে। পেগাসাস নজরদারি সহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে রোজ তীব্র আক্রমণ করছে বিরোধীরা। এই আক্রমণের জোরই আরও বাড়াতে চায় কংগ্রেস সহ বিরোধীরা। সে কারণে আগামিকাল, মঙ্গলবার সকালে রাহুল গান্ধীর বাড়িতে বৈঠকে বসতে চলেছেন বিরোধীরা। বিরোধীরা বারবার অভিযোগ করছেন, সংসদে মোদি সরকার যেটা বলতে চাইছে, সেটাই বলছে। বিরোধীদের কোনও কথা শোনা হচ্ছে না। তাই সংসদের বাইরে ‘‌মক পার্লামেন্ট’‌ ডাকাটা জরুরি। সেখানে বিরোধীরা নিজেদের দাবিদাওয়া, অভিযোগ জানাতে পারবেন। এবার সেই ‘‌মক পার্লামেন্ট’‌–ই বসতে চলেছে। আগামিকাল রাহুল গান্ধীর বাড়িতে। সেখানে প্রাতরাশ বৈঠকে বিরোধীদের ডেকেছেন তিনি। #

পার্সটুডে/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।