আগস্ট ০৪, ২০২১ ১৬:৫২ Asia/Dhaka

গাজী আবদুর রশীদ: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। সপ্তাহ ঘুরে চিঠিপত্রের ঝাঁপি নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছি আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, “ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আশা অল্প এবং (জীবনের অবশিষ্ট) সুযোগকে কাজে লাগায়।

আকতার জাহান: আমরা সবাই অল্প আশা করব আর সুযোগকে কাজে লাগাব- এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের দুটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে বাংলাদেশ ও ভারত থেকে বেশকিছু শ্রোতা ইমেইল পাঠিয়েছেন এবং ফেসবুকে মতামত দিয়েছেন।

ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে আবদুস সালাম সিদ্দিক লিখেছেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান পরিবেশিত 'আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা' শীর্ষক বিশেষ অনুষ্ঠানটি শুনেছি। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয়ে সাথে আরবী সংগীতসহ ঈদ-উল-আজহার অর্থ, তাৎপর্য ও ত্যাগের ইতিহাস খুব সুন্দরভাবে উপস্থাপন করায় আমরা অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। অনুষ্ঠান থেকে শিক্ষা পেলাম যে, শুধু পশু জবাই করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেই আল্লাহ সন্তুষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত আমাদের মনের হিংসা-বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ-মোহরূপী মনের পশুগুলোকে কুরবানি বা বিসর্জন দিতে না পারি।

গাজী আবদুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মহ. হাফিজুর রহমান লিখেছেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবেশিত বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী ও আকর্ষণীয় ছিল। কুরবানির ঈদ সম্পর্কে কবি কাজী নজরুল ইসলামের 'বকরি-ঈদ' শীর্ষক কবিতা অত্যন্ত উপযোগী ও মধুর হয়েছে। তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ আলোচনা খুবই জ্ঞানবর্ধক ছিল।

আশরাফুর রহমান: ঈদের বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় আবদুস সালাম সিদ্দিক ও হাফিজুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ।

এবার ঈদের পরের দিন রংধনু আসরেও একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। এ অনুষ্ঠানটি সম্পর্কে অনেকেই চিঠি লিখেছেন। 

বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ীর রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন লিখেছেন, “গত ২২ জুলাই রংধনু আসরে প্রচারিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান 'ত্যাগের ঈদ'। বিশেষ আয়োজনে বাংলাদেশ থেকে ৩ জন বন্ধু ও ইরানের এক বন্ধুর অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছিল। বিশেষ করে অনাহিতার কণ্ঠে ফারসি ভাষায় কবিতা আবৃত্তি ও বাংলাদেশে তার নানা বাড়িতে ঈদ উদযাপন নিয়ে স্মৃতিচারণ বেশ ভালো লেগেছে। এছাড়া রাহেলা কণ্ঠে কবিতা আবৃত্তি ও কুরবানির গরু নিয়ে তার মজার অনুভূতি খুব চমকপ্রদ ছিল। এছাড়াও নিবরাস ও তাহিয়ার কণ্ঠে কবিতা আবৃত্তি ও ঈদ নিয়ে তাদের ভাবনা খুব উপভোগ্য ছিল।

আকতার জাহান: একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা থেকে ভাস্কর পাল লিখেছেন, “শিশু শিল্পীদের চমৎকার দুটি গান এবং ইরানের অনাহিতা ও বাংলাদেশের তাহিয়া, রাহেলা ও নিরবাসের কবিতা, ঈদের স্মৃতি এবং কুরবানির শিক্ষা নিয়ে সাজানো এই আকর্ষণীয় অনুষ্ঠানটি ঈদ উৎসবে এক অন্য মাত্রা যোগ করেছে। এই দিনের অনুষ্ঠান থেকে পরোপকার ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হলাম। এমন অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে মন ভরে কৃতজ্ঞতা জানাই।

গাজী আবদুর রশীদ: ঈদ উপলক্ষে রংধনু আসরের বিশেষ অনুষ্ঠানটির প্রশংসা করে আরও যারা মন্তব্য করেছেন আমি তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরছি:

  • যুবরাজ চৌধুরী, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।
  • আবদুল আজিজ জামালী, জামালপুরের মাদারগঞ্জ থেকে
  • কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আবদুল কুদ্দুস মাস্টার
  • চট্টগ্রামের বাঁশখালি থেকে মর্জিয়া আক্তার জোলি
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • হাফিজুর রহমান, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে
  • একই রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায়
  • মুর্শিদাবাদের নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ
  • আসামের বড়পেটা থেকে আবদুস সালাম সিদ্দিক

আশরাফুর রহমান: ঈদের বিশেষ অনুষ্ঠানটি শোনার পর ভালোলাগার অনুভূতি জানিয়ে চিঠি লিখায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বার্তাগুলো পেয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট্টবন্ধুরা ভীষণ খুশি হয়েছে। আশা করি রংধনু আসরের সাথেই থাকবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বহু শ্রোতা রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচালক, কলাকুশলী ও শ্রোতাবন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করছি-

  • পঞ্চগড়ের মল্লিকাদহ থেকে হরিদাস রায়
  • খোন্দকার এরফান আলী বিপ্লব, ঢাকা থেকে
  • রংপুর থেকে আতাউর রহমান রঞ্জু
  • মোঃ সাগর মিয়া কিশোরগঞ্জ থেকে
  • সাইফুল ইসলাম বগুড়া থেকে

আকতার জাহান: ভারত থেকেও ঈদের শুভেচ্ছা জানিয়ে অনেকেই চিঠি পাঠিয়েছেন। তাদের কয়েকজন হলেন-

  • জয়ন্ত চক্রবর্তী, নয়াদিল্লি থেকে
  • বিধান চন্দ্র সান্যাল, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে
  • হাফিজুর রহমান বর্ধমান থেকে
  • এবং মুর্শিদাবাদ থেকে নিজামুদ্দিন শেখ

গাজী আবদুর রশীদ: আপনাদের প্রতিও রইল ঈদোত্তর শুভেচ্ছা ও অভিনন্দন। আসরের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

গাজী আবদুর রশীদ: বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার বন্ধন অ্যান্ড লাকী শ্রোতাসংঘ থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম।

তিনি লিখেছেন, “গত ১৮ জুলাই তারিখে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ শীর্ষক আলোচনার ১৯তম পর্বে আমার দৃষ্টি নিবদ্ধ হয়েছে। মন ছুঁয়ে গেছে অনুষ্ঠানটি। অত্যন্ত গঠনমূলক, সুদুরপ্রসারী, দার্শনিক উক্তিতে ভরপুর কথাবার্তা দারুণভাবে উপভোগ করেছি। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ও জ্ঞানালোকে পরিপূর্ণ ছিল। শিশু-কিশোরদের জীবন গঠনের বেশীরভাগ তথ্যই এখানে উঠে এসেছে"। 

আশরাফুর রহমান: ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য নজরুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আসরের পরের মেইলটিও এসেছে ঝিনাইদহের মহেশপুর থেকে। আর পাঠিয়েছেন মোঃ মোহাইমিনুর রহমান। তিনি লিখেছেন, “আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। চলতি বছরের ৩ এপ্রিল  নজরুল ইসলাম স্যারের  সাথে সরাসরি  সাক্ষাৎ  করে রেডিও তেহরান সম্পর্কে জানতে পারি। সেই থেকে রেডিও তেহরানের সকল অনুষ্ঠান শুনে আসছি। গত ২২ জুলাই কিশোর-কিশোরী অংশগ্রহণে রংধনু আসর অনুষ্ঠানটি আমার মন ছুয়ে গেছে।

আকতার জাহান: নবীন শ্রোতা মোঃ মোহাইমিনুর রহমানকে প্রিয়জন আসরে স্বাগত জানাচ্ছি। সেইসাথে রেডিও তেহরানের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ায় নজরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আপনারা কাজ করে যাবেন।

কাতারের দোহা থেকে এইচ এম কাউসার পাঠিয়েছেন এবারের মেইলটি। এ শ্রোতাবন্ধুর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার বগাবাড়ি গ্রামে। তিনি লিখেছেন, “আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনার চেষ্টা করি। কোনোদিন লাইভ অনুষ্ঠান শুনতে না পারলে পরে তা ইউটিউব থেকে শুনে থাকি। ১১ জুলাই রোববারের পুরো অনুষ্ঠানটি শুনেছি; খুব ভালো লেগেছে। তবে বেশি ভালো লেগেছে ‘আসমাউল হুসনা’ অনুষ্ঠানটি।

গাজী আবদুর রশীদ: প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও অনুষ্ঠান শোনার পর চিঠি লেখায় কাউসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

আসরের এবারের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশে কক্সবাজার থেকে ইফতেখার। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রকাশিত নিউজ লেটার পত্রিকার পিডিএফ ফাইল পেয়ে ধন্যবাদ জানাতেই তিনি এই চিঠিটি লিখেছেন।

আশরাফুর রহমান: নিউজ লেটার পত্রিকার প্রাপ্তিস্বীকার করে অসংখ্য শ্রোতা আমাদের কাছে মেইল করেছেন। আমি তাদের কয়েকজনের নাম জানিয়ে দিচ্ছি।

  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে রাজিব দত্ত
  • তপন বসাক, কোচবিহার থেকে
  • পশ্চিম মেদিনিপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য
  • প্রদীপ চন্দ্র কুন্ডু, আগরতলা, ত্রিপুরা থেকে

আকতার জাহান: বাংলাদেশ থেকে যারা নিউজলেটার পত্রিকা পেয়েছেন তাদের কয়েকজন হচ্ছেন:

  • খোন্দকার রফিকুল ইসলাম, সান্তাহার, নওগাঁ 
  • ঠাকুরগাঁও থেকে শ্রী বৃত্তি রায়
  • সাইফুল ইসলাম থান্দার রাজশাহী থেকে
  • মো. আতিকুল ইসলাম আতিক, কিশোরগঞ্জ থেকে      
  • শামীম উদ্দিন শ্যামল চাঁপাইনবাবগঞ্জ থেকে
  • ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদাইড় গোপালগঞ্জ থেকে
  • আলমডাঙ্গা, ফরিদপুর থেকে মো. লাল মিয়া
  • শরিফা আক্তার পান্না কিশোরগঞ্জ থেকে
  • এবং মো. আবদুল মান্নান নাচোল, চাঁপাইনবাবগঞ্জ থেকে

গাজী আবদুর রশীদ: নিউজ লেটার পত্রিকার পিডিএফ ফাইল পাওয়ার প্রাপ্তিস্বীকার করে আরও অনেকেই আমাদেরকে ইমেইল করেছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে সবার নাম বলা সম্ভব হচ্ছে না বলে আমরা দুঃখিত।

আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন হারুন অর রশীদ, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া থেকে।

তিনি লিখেছেন, “বিশ্বসেরা গণমাধ্যম আইআরআইবি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্য ও জীবনমুখী বিশুদ্ধ বিনোদন এবং শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে কোটি শ্রোতার মন জয় করে সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত। প্রতি সোমবার প্রচারিত তেমনই একটি ব্যাপক শ্রোতাপ্রিয় ও শ্রোতা নন্দিত অনুষ্ঠান প্রিয়জন। অনুষ্ঠানে শ্রোতাদের সরাসরি অংশগ্রহণ আমাদেরকে প্রশান্তি দেয়। তাছাড়া, অনুষ্ঠান শেষের প্রতিটি গানই হৃদয়ে দোলা দিয়ে যায়। পরম তৃপ্তিতে ভরিয়ে দেয় মনকে। ইরফান মাক্কী এর কণ্ঠে তেমনই প্রিয় একটি গান 'ওয়েটিং ফর দ্যা কল' প্রিয়জনে শোনার আকুতি জানিয়ে আজ লেখা শেষ করছি।

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধু হারুন অর রশীদকে ধন্যবাদ, চমৎকার মূল্যায়নের জন্য। আর আপনার অনুরোধের গানটির কিছু অংশ এখনই বাজিয়ে শোনানো হচ্ছে।

আকতার জাহান: শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।