ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
জেল পালানো ফিলিস্তিনিদের ৬ আত্মীয়কে ধরে নিয়ে গেল ইসরাইল’
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- আফগানিস্তানে ৩ কোটির বেশি ডলারের সহায়তা দেবে চীন : মির্জা ফখরুল
- কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙেছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- মেজাজটাই তো আসল রাজা...জেলেও সোহেল রানা ভুলতে পারছেন না যে, তিনি একজন পুলিশ অফিসার মানবজমিন
- জেল পালানো ফিলিস্তিনিদের ৬ আত্মীয়কে ধরে নিয়ে গেল ইসরাইল’ -যুগান্তর
- টিকা বৈষম্যের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর -ইত্তেফাক
- আওয়ামী লীগ শোষণকারী দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ভিন্ রাজ্যে হুমকির শিকার কলকাতা পুলিশ, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ-আনন্দবাজার পত্রিকা
- ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ৪০ হাজার পেরোল আক্রান্তের সংখ্যা, বাড়ল অ্যাক্টিভ কেসও -আজকাল
- পঞ্জশিরে প্রতিরোধ অব্যাহত, তালিবানকে পালটা দিতে সমান্তরাল সরকার গড়ল নর্দার্ন অ্যালায়েন্স-সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
আফগানিস্তানে ৩ কোটির বেশি ডলারের সহায়তা দেবে চীন : দৈনিক প্রথম আলো
আফগানিস্তানের সদ্য ঘোষিত সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এমন প্রেক্ষাপটে আফগানিস্তানে ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এই সহায়তার আওতায় আফগানিস্তানকে খাদ্যসামগ্রী ও করোনার টিকা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের হাতে কাবুলের পতনের আগে থেকে সংগঠনটির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে চীন। সে সময় থেকেই তালেবানকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে আসছে দেশটি। চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যায়িত করে আফগানিস্তানের পুনর্গঠনে দেশটিকে পাশে চেয়েছে তালেবানও। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ঘোষিত আফগানিস্তানের অন্তবর্তী সরকারের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে দেশটি
কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙেছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হলেও মাত্র তিনশ ঘরে ত্রুটি ধরা পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হাতুড়ি-শাবল দিয়েছে ভেঙে তা মিডিয়ায় প্রচার করেছে। যারা ঘর ভেঙেছে তাদের নামের তালিকাসহ তদন্ত প্রতিবেদন আমার হাতে রয়েছে।'

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সব থেকে দুর্ভাগ্য হলো আমি যখন সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা মানুষকে আমরা ঘর করে দেবো, আমাদের দেশের কিছু মানুষ এত জঘন্য চরিত্রের, আমি কয়েকটা জায়গায় হঠাৎ দেখলাম যে কি ঘর ভেঙে পড়ছে, কোন জায়গায় ভাঙা ছবি ইত্যাদি দেখার পরে পুরো সার্ভে করালাম কোথায় কী হচ্ছে। সেখানে আমরা প্রায় দেড় লাখের মতো ঘর তৈরি করে দিয়েছি।’
মেজাজটাই তো আসল রাজা...জেলেও সোহেল রানা ভুলতে পারছেন না যে, তিনি একজন পুলিশ অফিসার মানবজমিন
তিনদিন পুলিশ রিমান্ডে কাটিয়েছেন মেখলিগঞ্জ থানার লকআপে সাধারণ কয়েদিদের সঙ্গে। বুধবার রাত থেকে জায়গা হয়েছে মেখলিগঞ্জ সাব জেলের কুঠরিতে অন্য বন্দিদের সঙ্গে গাদাগাদি করে সাধারণ ওয়ার্ডে। কিন্তু বাংলাদেশের পুলিশ কর্তা সোহেল রানা তার পুলিশি মেজাজটা আর ছাড়তে পারছেন না। জেলের অন্য ইনমেটদের ওপর হুকুমবাজির অভ্যাসটা তিনি ছাড়তে পারেননি। বাড়তি একটা মনোযোগ পাচ্ছেন বিদেশি হওয়ায়। কিন্তু ওই পর্যন্তই। কলকাতায় কারা বিভাগের খবর অনুযায়ী- সোহেল রানাকে একজন অনুপ্রবেশকারী হিসেবেই দেখা হচ্ছে। তাকে সাধারণ সেলেই রাখা হয়েছে।

ঘুমানোর জন্য কঠিন মেঝে ও একটি কম্বল, প্রাতরাশে লপসি আর এক মগ চা। দুপুরে ডাল-ভাত, সবজি। রাতে এক পিস ডিম কিংবা এক চিলতে মাছ। সপ্তাহে একদিন মাংস। বাতানুকূল ব্যবস্থায় থাকতে অভ্যস্ত সোহেল রানা সলিটারি সেলের আবেদন জানিয়েছেন।
জেল পালানো ফিলিস্তিনিদের ৬ আত্মীয়কে ধরে নিয়ে গেল ইসরাইল’ -যুগান্তর
হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনিকে খুঁজে বের করতে না পেরে তাদের ছয় আত্মীয়কে তুলে নিয়ে গেছে বর্বর ইসরাইলি সেনারা।
বুধবার তাদের ধরে নিয়ে যাওয়া হয়। খবর আরব নিউজের। ইসরাইলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগার থেকে সোমবার সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে যান ছয় ফিলিস্তিনি বন্দি। বন্দিরা পালিয়ে যাওয়ার পর তাদের খুঁজে বের করতে ইসরাইলি কর্তৃপক্ষ ড্রোন মোতায়েন করেছে, বসিয়েছে চেক পয়েন্ট এবং জেনিন শহরে সেনা অভিযানও চালানো হয়েছে। কিন্তু পালিয়ে যাওয়া বন্দিদের খুঁজে বের করতে পারেনি তারা।

তাই বুধবার ইসরাইলি সেনারা পালিয়ে যাওয়া বন্দি মাহমুদ আরদাহর দুই ভাই ও আত্মীয় ড. নিদাল আরদাহ, পালিয়ে যাওয়া বন্দি মুহাম্মদ আরদাহর দুই ভাই এবং পালিয়ে যাওয়া বন্দি মুনাদেল ইনফিয়াতের বাবাকে ধরে নিয়ে যায়। এদিকে ইসরাইলের এমন কর্মকাণ্ডে পশ্চিমতীরে উত্তেজনা দেখা দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ইসরাইল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির বলেন, কাউকে কিছু করতে বাধ্য করার ক্ষেত্রে তার আত্মীয়কে জিম্মি করে রাখা মাফিয়াদের কৌশল।
টিকা বৈষম্যের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর -ইত্তেফাক
করোনা মহামারি মোকাবিলায় টিকা বৈষম্যের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘শান্তির সংস্কৃতি’বিষয়ক জাতিসংঘের উচ্চতর ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন। ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মহামারি থেকে পুনরুদ্ধারের জন্য অবশ্যই বৈশ্বিকভাবে টিকাদান কর্মসূচির বাস্তবায়ন প্রয়োজন। এক্ষেত্রে টিকার জাতীয়করণ দুর্ভাগ্যজনক। বিশ্বকে এ ধরনের টিকা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

করোনা পরবর্তী প্রতিকূলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জনের বিষয়টি আরও এগিয়ে নিতে ‘শান্তির সংস্কৃতি’যে রূপান্তরধর্মী ভূমিকা পালন করতে পারে তা তুলে ধরা হয়। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে উদ্বোধনী পর্ব ছাড়াও একটি প্লেনারি সেশন এবং ভার্চুয়াল প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন সময় এসেছে উন্নয়ন অংশীদারদের আরও বেশি মানবিক হওয়ার এবং যাদের ভ্যাকসিন প্রয়োজন, বৈষম্যহীনভাবে তাদের তা প্রদান করার। ভ্যাকসিন বৈশ্বিক সাধারণ সম্পদ হওয়া উচিত।
আওয়ামী লীগ শোষণকারী দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগ এখন জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পড়েছে। বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের উপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। তিনি বলেন, আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা সকল দলের সাথে কথা বলছি ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।
ভিন্ রাজ্যে হুমকির শিকার কলকাতা পুলিশ, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ-আনন্দবাজার পত্রিকা
এক দুষ্কৃতীকে পাকড়াও করতে গিয়ে ভিন্ রাজ্যে হুমকির শিকার হল কলকাতা পুলিশ। মেলেনি সেই রাজ্যের পুলিশের সহায়তাও। উল্টে জেলার পুলিশ সুপার কলকাতা পুলিশ আধিকারিকদের সতর্ক করে বলেন, প্রাণে বাঁচতে চাইলে তাঁরা যেন সেখান থেকে চলে যান। অবশেষে বাধ্য হয়ে রাজ্যে ফিরে এসে কলকাতা পুলিশ হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালতে তাদের আবেদন, ওই দুষ্কৃতীকে ধরতে সিবিআই বা সিআইডি-র মতো নিরপেক্ষ কোনও সংস্থাকে যেন তদন্তের ভার দেওয়া হয়।কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে ১১ মার্চ সিদ্ধার্থ কোঠারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয় কলকাতার বটতলা থানায়। পরে নিম্ন আদালত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেয়। সেই মতো ওই ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ।

জানা যায়, ওই ব্যক্তি ছত্তীসগঢ়ের দুর্গ জেলায় গা-ঢাকা দিয়ে রয়েছেন। এর পরই অভিযুক্তকে গ্রেফতার করতে কলকাতা পুলিশের একটি দল সেখানে হানা দেয়। এবং সাহায্যের জন্য স্থানীয় থানার সঙ্গে তারা যোগাযোগও করে। কিন্তু ওই ব্যক্তিকে ধরতে গিয়েই ঘটে বিপত্তি। বাধার মুখে পড়ে এ রাজ্যের পুলিশ। অভিযুক্তের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীরাও মিলিত হয়ে কলকাতা পুলিশের উপর চড়াও হয়।
ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ৪০ হাজার পেরোল আক্রান্তের সংখ্যা, বাড়ল অ্যাক্টিভ কেসও -আজকাল
বৃহস্পতিবার ফের ৪০ হাজার পেরোল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের থেকে সংক্রমণ বাড়ল ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৪৩ হাজার ২৬৩ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। আক্রান্তের সংখ্যা ফের বাড়ায় বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। দেশে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। যা মোট আক্রান্তের ১.১৯ শতাংশ। তবে দেশে গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের।
এদিকে কেরলে ফের ৩০ হাজারের বেশি নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৯৬ জন। আক্রান্তের নিরিখে তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৪ জন। এদিকে বঙ্গেও নতুন আক্রান্তের সংখ্যা ৭০০ পেরিয়েছে। ফের আক্রান্তের সংখ্যা বাড়ায় আশঙ্কা বাড়ছে। এদিকে দেশজুড়ে বুধবার ৮৫ লক্ষেরও বেশি মানুষকে কোভিডের ডোজ দেওয়া হয়েছে। এই নিয়ে মোট ৭১ কোটিরও বেশি মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছেন।
পঞ্জশিরে প্রতিরোধ অব্যাহত, তালিবানকে পালটা দিতে সমান্তরাল সরকার গড়ল নর্দার্ন অ্যালায়েন্স-সংবাদ প্রতিদিন
আফগানিস্তানে (Afghanistan) সরকার গড়েও স্বস্তিতে নেই তালিবান। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আখুন্দ সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলল নর্দার্ন অ্যালায়েন্স। গত কয়েকদিন ধরে পঞ্জশির তাদের দখলে বলে দাবি করছিল তালিবান। বুধবার সেই দাবি উড়িয়ে প্রতিরোধ বাহিনী জানাল, মোল্লা আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে তারা মানে না। কারণ এই সরকার বেআইনি। বরং তাদের আশ্বাস, আগামী কয়েকদিনের মধ্যে সমান্তরাল সরকার গড়তে চলেছে তারা। মাসুদ আহমেদ জানিয়ে দিয়েছেন, “পঞ্জশিরে লড়াই চলছে। প্রতিরোধ থামবে না।”

এদিন এক বিবৃতি জারি করেছে নর্দার্ন অ্যালায়েন্স (Northern Alliance)। তাতে বলা হয়েছে, “সরকার গঠনের নামে আফগানিস্তানের তালিবান যা করছে, তা একথায় প্রহসন। কারণ, তালিবানের সরকার গণতন্ত্র মানে না। তাই কিছু জঙ্গি নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। দেশবাসীকে ফের একবার বন্দুকের নলের সামনে দাঁড় করাল তালিবান।”
পার্সটুডে/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।