আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i105718-আওয়ামী_লীগ_ছাড়া_কেউ_শান্তিপূর্ণভাবে_ক্ষমতা_হস্তান্তর_করেনি_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। এছাড়া কোনো সরকার তা করেনি, বরং প্রাণহানি ঘটিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৬, ২০২২ ১৭:১২ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। এছাড়া কোনো সরকার তা করেনি, বরং প্রাণহানি ঘটিয়েছে।

আজ (শনিবার) সন্ধ্যায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর চারদিনব্যাপী সমাপণী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে যুক্ত থেকে চারদিন ব্যাপী সমাপণী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, "আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, সেই ৭১ থেকে ৭৫ সাল এবং ৭৫ এর ১৫ আগস্টের চরম আঘাত। তারপরে অন্ধকারের যাত্রা শুরু। বাংলাদেশ হারিয়ে ফেলে তার স্বাধীনতার চেতনা, জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ, ছবি নিষিদ্ধ, ২১ বছর এভাবে বাংলাদেশের বিজয়ের ইতিহাস পদদলিত হয় এবং অন্য ইতিহাস জানানোর চেষ্টা করা হয়। ইতিহাস কখনো কেউ মুছে ফেলতে পারে না। আর সত্যের জয় হয়। এটা কেউ কখনো বাধা দিয়ে থামিয়ে দিতে পারে না। আজ সেটাই হয়েছে।"

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন," জাতির পিতা পূর্ব পরিকল্পিতভাবে স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন। এখনকার পিলখানা হেডকোয়ার্টার পিপিআর এই ফাঁড়ি থেকে তিনি এ ঘোষণা প্রচার করেছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল এবং বিভিন্ন পুলিশ স্টেশনের মাধ্যমে সংগ্রাম পরিষদের হাতে ওই ভোররাতের দিকে বার্তা পৌঁছে দেয়। আওয়ামী লীগের নেতাকর্মী ব্যাপক প্রচার শুরু করে সেদিন থেকে। ২৬ মার্চ থেকে এ ঘোষণার সাথে সাথেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে তারা নিয়ে যায় পাকিস্তানে এবং বন্দি করে রাখে। রাষ্ট্রদ্রোহী মামলা দেয়। তাকে ফাঁসি দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই পাকিস্তানি হানাদার বাহিনী এই সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়।"

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই এদেশের জনগণের প্রতি তারা বারবার ভোট দিয়ে আমাদের তাদের সেবা করার সুযোগ দিয়েছে।  আর সেজন্যই আজকে ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়েছি। ২০২১ সাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সুযোগ পেয়েছি। যদিও করোনার কারণে আমাদের অনুষ্ঠান সীমিত আকারে করতে হয়েছে। আমরা ২০২২ সাল পর্যন্ত নিয়ে এসেছি।"

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তখন এই দেশের মানুষ কিছুটা উন্নয়নের ছোঁয়া পায়। আবার ২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি পুনরায়, তখন থেকে এই ১৩ বছর, ১৩ বছরে আমরা যে লক্ষ্য স্থির করেছি, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যাতে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়, আমরা আজকে স্বল্পোন্নত দেশ। আওয়ামী লীগ সরকার আসার পর আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের দেশে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয় বৃদ্ধি পেয়েছে, স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, সবচেয়ে বড় কথা আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আজকে শতভাগ বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। সারা বাংলাদেশের প্রতিটি ঘর আমরা আলোকিত করেছি। বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে।"

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর চারদিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানের সফলতা কামনা করে তিনি বলেন, "আমরা এই সুবর্ণজয়ন্তীর পথ ধরেই এগিয়ে যাব। শতবর্ষ উদযাপন করবে আমাদের আগামী দিনের প্রজন্ম।"

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে তা কিছুক্ষণ উপভোগ করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬