জুলাই আন্দোলনে গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
https://parstoday.ir/bn/news/event-i157386-জুলাই_আন্দোলনে_গুলি_করে_হত্যা_শেখ_হাসিনাসহ_২৫_জনের_বিরুদ্ধে_অভিযোগপত্র
২০২৪ সালে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকার গুলশানে আবুজর শেখ নামে ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
(last modified 2026-02-27T14:27:25+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১৬:৫৯ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

২০২৪ সালে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকার গুলশানে আবুজর শেখ নামে ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

আজ (শুক্রবার) ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় এই অভিযোগপত্র দাখিল করা হয়।

মোক্তার হোসেন বলেন, "শেখ হাসিনাসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।"

শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজর শেখের মা ছবি খাতুন গুলশান থানায় হত্যা মামলা করেন।

এর আগে জুলাই আন্দোলনের সময় ঢাকার শেরেবাংলা নগর এলাকায় যুবদল নেতা হাফিজুর রহমান সুমন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।#

পার্সটুডে/এমএআর/২৭