ব্যাপক সহিংসতা ও ভোট বর্জনের মধ্য দিয়ে আজ শেষ হল ইউপি নির্বাচন
https://parstoday.ir/bn/news/bangladesh-i11185-ব্যাপক_সহিংসতা_ও_ভোট_বর্জনের_মধ্য_দিয়ে_আজ_শেষ_হল_ইউপি_নির্বাচন
আজকের চিত্র: আজ সকাল ১০টায় ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন নামক এক যুবক নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৬ ১৪:৫৮ Asia/Dhaka

আজকের চিত্র: আজ সকাল ১০টায় ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন নামক এক যুবক নিহত হয়েছেন।

হামলায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, দুজন পোলিং কর্মকর্তা ও তিনজন পুলিশ সদস্য আহত হন। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর কেন্দ্রে প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রমজান আলী গুলিবিদ্ধ হয়েছেন।

ভোটের আগের দিন শুক্রবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ফারুক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর একটি ভোট কেন্দ্রে মহড়া দেয়ার সময় অস্ত্র-গুলিসহ ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে বিজিবি। সহিংসতার ঘটনা ঘটেছে পটিয়া ও মীরসরাইয়েও।

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামুরিয়া ইউনিয়নে সাধারপাড়া গলগন্ড কেন্দ্রে শনিবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে।

পর্যবেক্ষকদের অভিমত:

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসংগে পর্যবেক্ষণকারী সংস্থা সুজন-এর সম্পাদক ড: বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন, এ নির্বাচনের মাধ্যমে মনোনয়ন বাণিজ্যকে তৃনমূল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখার বিষয় সরকার এই কাউন্সিলগুলোকে কতটা স্বাধীনভাবে কাজ করতে দেয়।

এ প্রসংগে সাংবিধানিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ রেডিও তেহরানকে বলেন, ইউনিয়ন কাউন্সিলে এবার আওয়ামীলীগের একদলীয় নির্বাচন হয়েছে, জবর দখলের ভোট হয়েছে; যেটা কোন সংবিধানের মধ্যে পড়ে না।

 

বিএনপি’র অভিযোগ:

ইউনিয়ন পরিষদে শেষ ধাপের নির্বাচনেও কেন্দ্র দখলের ‘মহোৎসব’ চলেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

পঞ্চম ধাপ পর্যন্ত সহিংসতায় শতাধিক মৃত্যুর পর শনিবার ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি কী অর্জন করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “এই নির্বাচনের মাধ্যমে সরকারের স্বরূপ, আগ্রাসী রূপ প্রকাশ পেয়েছে। তারা যে গোটা দেশকে আওয়ামী লীগের উপনিবেশে পরিণত করতে চাইছে, গণমাধ্যমের মাধ্যমে আমরা তা তুলে ধরতে পেরেছি।

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কোনো নির্বাচন যে সম্ভবপর নয়, তা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা।

নির্বাচনে ব্যাপক প্রাণহানি সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মন্তব্য করেছেন, সামাজিক দ্বন্দ্বের কারণেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণহানির ঘটনা ঘটছে। আজ (শনিবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এমন মন্তব্য করেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/মোঃ রেজওয়ান হোসেন/৪