আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
-
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
সরকারের সহযোগী বলে পরিচিত জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, কোন রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি। কারও লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি।
আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরাস্থ বাসভবনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করবো, কিন্তু সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সকল রাজনৈতিক দল যেনো এক হয়ে কাজ করতে পারি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয়করণের অপসংস্কৃতি শুরু করেছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপির সহিংস রাজনীতি পছন্দ করে না। দেশের মানুষ বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দেখতে চাচ্ছে। আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণে কাজ করছি।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোন একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তবে, জাতীয় পার্টির নেতা-কর্মীরা পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রওশন এরশাদ শারিরীকভাবে অসুস্থ। তিনি সংসদে অংশ নিতে পারছেন না। বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। আবার কখনো কখনো বেগম রওশন এরশাদকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেয়ার ব্যবস্থা করছেন যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাতীয় পার্টির সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন অসুস্থতা ও বয়সের কারনে তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।
এর আগে রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে জাতীয় পার্টি। দলের কাউন্সিলর 'ডাকার' চিঠি প্রত্যাহারে রাজি না হওয়ায় থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে জাপার সংসদীয় দল।
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে স্পিকার ড. শিরিন শারমিনকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে জাতীয় পার্টি। স্পিকারের অনুমোদন পেলে জাপা চেয়ারম্যান জিএম কাদের বিরোধীদলীয় নেতার পদে বসবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় চিফহুইপ মসিউর রহমান রাঙ্গাঁ স্পিকারের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে চিঠি দেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।