ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ: খালেদা-তারেকের বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i21850-ফেসবুকে_প্রধানমন্ত্রীকে_হত্যার_হুমকির_অভিযোগ_খালেদা_তারেকের_বিরুদ্ধে_মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ০৯:৪২ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া ও তারেক রহমান
    বেগম খালেদা জিয়া ও তারেক রহমান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে।

আজ (সোমবার) সকালে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের। মামলার অন্য আসামি হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী।

বাদির আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ইরাদ আহমেদ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর ফেসবুকে তার ব্যক্তিগত পেইজে ইংরেজিতে একটি পোস্ট দেন। এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‌‌"শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।"

ইরাদ আহমেদ সিদ্দিকীর ফেসবুক পোস্ট

ইরাদ আহমেদ সিদ্দিকীর এ ফেসবুক পোস্টের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততার বিষয়ে মামলার বাদির আইনজীবী বলেন, “ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য। নিশ্চয়ই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের অনুমতিক্রমে তিনি এ পোস্ট দিয়েছেন। তাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।”

তিনি বলেন, আদালত মামলার নথি গ্রহণ করেছে। পরে এ বিষয়ে আদেশ দেবে বলে জানিয়েছেন।

এর আগে বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আরেকটি মামলা দায়ের হয়। মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়।

ইরাদ আহমেদ সিদ্দিকী সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন। তার বাবা বিএনপি'র সাবেক নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।#

পার্সটুডে/এআর/৩