বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i29590-বাংলাদেশে_অনুপ্রবেশের_চেষ্টাকালে_শতাধিক_রোহিঙ্গাকে_ফেরত_পাঠাল_বিজিবি
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে প্রাণভয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১২:২১ Asia/Dhaka
  • নাফ নদীর তীরে সতর্কাবস্থায় বিজিবি
    নাফ নদীর তীরে সতর্কাবস্থায় বিজিবি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে প্রাণভয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীতে রোহিঙ্গাবাহী তিনটি নৌকা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৬ রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে রোহিঙ্গা বোঝাই ৩টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

তিনি জানান, প্রতিটি নৌকায় ১০/১২ জন করে রোহিঙ্গা ছিল। সে হিসাবে ওসব নৌকায় ৩৬/৪০ জন রোহিঙ্গা ছিল বলে ধারণা করছেন বিজিবির ওই কর্মকর্তা।

এদিকে, শুক্রবার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ৭৬ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে কক্সবাজার-৩৪ বিজিবির সদস্যরা। এর মধ্যে ১৩ জন পুরুষ, ২৪ নারী ও ৩৯ জন শিশু রয়েছে। এরা প্রত্যেকেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বলে জানান বিজিবি-৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।

লে. কর্নেল ইমরান বলেন, উখিয়া সীমান্ত এলাকার সাতটি চৌকিতে বিজিবির জনবল বাড়ানো হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের স্থলপথগুলো চিহ্নিত করে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মিয়ানমার পুলিশ বাহিনীর ৯ সদস্য নিহত হন। এরপর থেকে ওই রাজ্যে মুসলমান বিরোধী অভিযানে নামে দেশটি সেনাবাহিনী।  সেনাবাহিনী পরিচালিত জুলুম-নির্যাতন, হত্যা, ধর্ষণের হাত থেকে বাঁচতে ইতোমধ্যে ২৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে বিভিন্ন সংস্থার হিসাবে বলা হয়েছে। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রতিদিনই রোহিঙ্গাবাহী নৌকা মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে।

পার্সটুডে/এআর/৩০