চট্টগ্রাম ও বগুড়ায় আন্তর্জাতিক কুদস দিবস পালিত
-
কুদস দিবসের মিছিল শেষে ইসরাইলি পতাকা পুড়িয়ে প্রতিবাদ
শিয়া-সুন্নি ঐক্য সুসংহত করার মাধ্যমে আল-কুদস তথা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের দখলমুক্ত করার প্রত্যয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও বগুড়া শহরে পালিত হয়েছে আন্তর্জাতিক আল-কুদস দিবস।
ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনী (র.) ঘোষিত কুদস দিবস উপলক্ষে জুমাতুল বিদা’র পর চট্টগ্রামের হালিশহর হোসাইনিয়া ইমামবারগাহ থেকে ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেল ৩টায় চৌমুহনীতে মানবাধিকার ফাউন্ডেশন মহানগর শাখার সহ-সভাপতি আবেদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, "আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালানো ইরানের বিরুদ্ধে অবস্থান না নেয়ায় সুন্নি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। মার্কিন সাম্রাজ্যবাদের চোখে ইরানের অপরাধ হচ্ছে মজলুম ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে সহযোগিতা করা।"
এদিকে, বগুড়ার শিবগঞ্জে আল-কুদস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুদস কমিটির উদ্যোগে একটি মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইসরাইলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। পরে শহীদ হাফিজুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#
পার্সটুডে/মো.আবু সাঈদ/সিরাজুল ইসলাম/২৪