বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i45062-বাংলাদেশে_অনুপ্রবেশকারী_রোহিঙ্গাদের_ফিরিয়ে_নিতে_হবে_ওবায়দুল_কাদের
মিয়ানমারের সেনাবাহিনীর জুলুম-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে নিতে অংসান সুচি’র নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৯, ২০১৭ ১৮:৩০ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

মিয়ানমারের সেনাবাহিনীর জুলুম-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে নিতে অংসান সুচি’র নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (মঙ্গলবার) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “রোহিঙ্গাদের ওপর ভয়াবহ হামলায় তাদের আমাদের দেশের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি সামাল দেওয়া আমাদের জন্য কঠিন। বারবার মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিচ্ছি। কিন্তু আমাদের আর্থিকভাবে ত্রাণ সংকুলান করা বেশ কঠিন। যেখানে কক্সবাজারে ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ অবস্থা। সেখানে রোহিঙ্গাদের বেশি সংখ্যক উপস্থিতি আমাদের এখানে সামাজিক বিপর্যয় সৃষ্টি করছে। এর সাথে ষড়যন্ত্রমূলক রাজনীতির একটা সম্পর্ক থাকতে পারে। ষড়যন্ত্রমূলক বিষয়গুলো আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি।”

তিনি বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ আমাদের মাঝে কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে। এতে আমরা বারবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছি।’

মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের অনুশাসন অনুযায়ী বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।’ এ সময় তিনি আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গাদের আশ্রয় দিতে গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বিবৃতি দিয়েছেন সে প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে বসে বেগম জিয়ার এ ধরনের বক্তব্য দেওয়া কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতার দায়িত্ব নয়। তিনি কিছু বলবেন দেশে এসে বলুন। কিন্তু বিদেশে বসে এ ধরনের বক্তব্য সমর্থনযোগ্য নয়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ইস্যুতে সরকার মুসলিমবিরোধী মনোভাব পোষণ করছে: বিএনপি

এর আগে আজ দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। সরকার সারা বিশ্বের কাছে মুসলিমবিরোধী মনোভাব প্রমাণ করছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘মিয়ানমার সরকার পাশবিকতা করছে। অথচ তাদের কেউ কিছু বলছে না। কেন বলছে না, আজকে রোহিঙ্গারা মুসলমান বলে? তাদের একদিকে সমুদ্র, আরেকদিকে শয়তান। মুসলমান বলে তাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? আজকে কোথায় মানবাধিকার কর্মীরা? রোহিঙ্গা ইস্যুতে দেখলাম না তো তাদের কথা বলতে? এই যে জাতিগতভাবে নির্মূল, যে অন্যায় অভিযান তাদের বিরুদ্ধে তা নিয়ে আন্তর্জাতিক কোনো পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের সীমান্তে তারা (রোহিঙ্গা) আশ্রয় নিচ্ছে। তাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেই সাহায্য বাংলাদেশ সরকার দিচ্ছে না। আজকে বাংলাদেশ সরকার বিশ্বকে দেখাতে চাচ্ছে তারা মুসলিমবিরোধী।’  

গত ২৫ আগস্ট ভোররাতে রাখাইনের তিনটি জনপদে সীমান্তরক্ষী পুলিশের দুই ডজন চেকপোস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথিত হামলাকে কেন্দ্র করে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান তীব্রতর করেছে মিয়ানমারের সেনাবাহিনী। ওই হামলার পর এ পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। এসময় উগ্র বৌদ্ধরা সরকারি বাহিনীর সঙ্গে মিলিত হয়ে মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে আগুন লাগিয়েছে।

তখন থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা। তবে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা বাধা দেয়ায় নো-ম্যানস ল্যান্ডে আটকা পড়েছেন তারা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯