বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ১৮ হাজার রোহিঙ্গা: আইওএম
-
আইওএম কক্সবাজার প্রধান সংযুক্তা সাহানি
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার পর সেখান থেকে পালিয়ে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা মুসলিম নর-নারী ও শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে হিসাব দিয়েছে শরণার্থীদের বিষয়ক আন্তর্জাতিক সংস্থা –আইওএম।
আজ (বুধবার) সকালে এক সংবাদ সম্মেলনে আইওএম জানিয়েছে, তাদের ধারণা, গত এক সপ্তাহে নদী, সমুদ্র পেরিয়ে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা কক্সবাজারের উপকূলবর্তী বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে প্রবেশ করেছে।
গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর শত শত রোহিঙ্গা নারী-পুরুষ পালিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে। তবে বাংলাদেশ সীমান্তে তাদের বাধা দেয় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এক সপ্তাহে শত শত রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পালিয়ে আসা নারী-পুরুষদের অনেকেই সীমান্ত এলাকায় খোলা আকাশের নিচে নিরাপত্তাহীনতার মধ্যে অসহায় জীবনযাপন করছে।
এর মধ্যেই আজ আইওএম কক্সবাজার প্রধান সংযুক্তা সাহানি বলেছেন, ‘আমাদের ধারণা, গত এক সপ্তাহে ১৮ হাজার (রোহিঙ্গা) এসেছে। আইওএম কর্মকর্তা আরো বলেন, ‘নো-ম্যানস ল্যান্ডে (শূন্যরেখায়) অনেকে আছে, কিন্তু সেখানে গিয়ে গণনা করার কোনো সুবিধা নেই। ফলে গণনা ছাড়া প্রকৃত সংখ্যা কেউ বলতে পারবে না। তবে শত শত মানুষ সেখানে খোলা আকাশের নিচে আছে। আমরা চেষ্টা করছি, তাদের সহায়তা করতে। কারণ, জীবন রক্ষা করা প্রথম দাবি। জীবন বাঁচাতে যে সহায়তা দরকার, আমরা সেটাই দেবো। কতজন আসছে, কারা আসছে, তাদের নিয়ে কী করা হবে সেটা পরের ব্যাপার। এ মুহূর্তে আমরা তাদের জীবন রক্ষার সহায়তা দিচ্ছি।’
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিহত ৪
এদিকে, গতকাল মঙ্গলবার গভীর রাতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা নাফ নদীতে ডুবে গিয়ে অনেকে মারা যান। আজ বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নাফ নদীতে চারটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি এসে চারজনের লাশ উদ্ধার করে। নৌকাসহ আরো অনেক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল উদ্দিন।
৮৫ রোহিঙ্গা আটক
তাছাড়া, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত উখিয়া ও বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশ ৮৫ জন রোহিঙ্গাকে আটক করেছে। পরে তাদের একই সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাঠানো হবে বলে জানান তিনি।
রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না সরকার: রিজভী
ওদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুসলিম বিরোধী হওয়ায় অসহায় নিপীড়িত রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে। তাদের কান্না আওয়ামী নেতাদের কানে পৌঁছাচ্ছে না।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধনে দাড়িয়ে বিএনপির পক্ষ থেকে রিজভী আসহায় রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০