মিয়ানমার থেকে পুশইনের প্রতিকার করব- কাদের : রোহিঙ্গা ইস্যুতে সরকার ব্যর্থ- রিজভী
-
বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে ওবায়দুল কাদের
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফ সীমান্ত থেকে স্রোতের বেগে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে ঢোকায় ওই অঞ্চল ভারসাম্যহীন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।
আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে যান ওবায়দুল কাদের। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "রোহিঙ্গাদের এই যে স্রোতের মতো পুশইন, এর প্রতিকার আমরা করব। সঙ্গে সঙ্গে যারা এসে গেছে, তাদের যে বিষয়টা, সেটা আমরা মানবিকভাবে দেখব। জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের ফরেন অফিস অলরেডি যোগাযোগ হচ্ছে। কূটনৈতিকভাবেও এই পরিস্থিতির মোকাবিলার প্রয়াস আছে।"
মন্ত্রী আরো জানান, গতকাল সোমবার রাতে রোহিঙ্গা ইস্যুতে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের যে পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল, তাতে সরকার ব্যর্থ হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। রূপাসহ দেশব্যাপী নারী ও শিশুদের ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা বলেন, ‘রূপারে বীভৎস নির্যাতনের পরে ঘাড় মটকে হত্যা করা হয়। এ যে কী মর্মান্তিক, মর্মস্পর্শী এবং ভয়ংকর মৃত্যু, তার পরও সরকারের কোনো বিকার নেই। কোনো বিচার নেই। আজ বাংলাদেশের মতো মিয়ানমারেও রক্তাক্ত তাণ্ডব চলছে। সেখানেও নারীদের ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। শিশুদের হত্যা করা হচ্ছে। আর তাদের গণতন্ত্রের নেত্রী সু চিরও তাতে সমর্থন রয়েছে। দুই দেশেই দুঃশাসনের ফলে একই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। কারণ, এরা জনগণের সরকার নয়। মিয়ানমারে গায়ের জোরে এই যে জাতিগত নির্মূল, রোহিঙ্গারা মুসলমান বলে তাদের হত্যা করা হচ্ছে। সেখানে কিছু হিন্দু রোহিঙ্গাদেরও হত্যা করা হচ্ছে। এ দেশের রোহিঙ্গাদের যারা আশ্রয় দিচ্ছে বা সাহায্য করতে চান, আমাদের সরকার তাঁদের বাধা দিচ্ছে।’
তথ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ আপনার পৈতৃক সম্পত্তি নয় যে খালেদা জিয়ার রাজনৈতিক লাইসেন্স বাতিল করবেন।’
হাসানুল হক ইনুর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনার রাজনীতি তো শুরুই করেছিলেন গণহত্যা দিয়ে। খালেদা জিয়ার বিরুদ্ধে যা বলছেন, এসব কথা বলেই আপনার চাকরি টিকে থাকে। শেখ হাসিনা আপনাকে এই দায়িত্বই দিয়েছেন। সরকারের মোসাহেবি করে যারা দুঃশাসনকে দীর্ঘায়িত করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না।’
সরকারের দুঃশাসনের ফলে এখন সমাজবিরোধীরাই কর্তাব্যক্তিতে পরিণত হয়েছেন বলেও এ সময় অভিযোগ করেন রুহুল কবির রিজভী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৫