রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় মিছিল, সুচির বিচার দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i45461-রোহিঙ্গা_মুসলমানদের_গণহত্যা_বন্ধের_দাবিতে_ঢাকায়_মিছিল_সুচির_বিচার_দাবি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আজ (শুক্রবার) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ১৬:০৫ Asia/Dhaka
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল ও মানববন্ধন
    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল ও মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আজ (শুক্রবার) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল।

মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও বাংলাদেশের আশ্রয়ের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন করে বিএনপি। মানবন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, মিয়ানমারের আরাকান প্রদেশের চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। 

বিএনপির মানববন্ধন

বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি দল অংশ নেয়। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচার দাবি করেন এবং রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ না করলে আরাকান (রাখাইন) রাজ্য দখলের ঘোষণা দেন তারা।

তিন দিনের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হলে সোমবার ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ। আজ বিকেলে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে ‘ঢাকা র‍্যালি’ শেষে এই ঘোষণা দেয়া হয়।

গণজাগরণ মঞ্চের র‍্যালি

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করতে এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান সংগঠনটির নেতারা।মানববন্ধনে সংগঠনের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া লিখিত বক্তব্য পাঠ করেন।

অব্যাহত গণহত্যা ও সহিংস নির্যাতনের মুখে গত দু'সপ্তাহে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে দেড় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পালাবার পথে নারী-শিশুসহ অনেক রোহিঙ্গা মর্মান্তিক ভাবে মারা গেছেন।#

পার্সটুডে/ মো.আবু সাঈদ/আশরাফুর রহমান/৮