রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাবার আশা বাংলাদেশের
https://parstoday.ir/bn/news/bangladesh-i45561-রোহিঙ্গা_ইস্যুতে_ভারতকে_পাশে_পাবার_আশা_বাংলাদেশের
মিয়ানমারে সেনাবাহিনী ও বৌদ্ধ জঙ্গিদের হত্যা-নির্যাতন-ধর্ষণের শিকার হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১১:২১ Asia/Dhaka
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের
    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের

মিয়ানমারে সেনাবাহিনী ও বৌদ্ধ জঙ্গিদের হত্যা-নির্যাতন-ধর্ষণের শিকার হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (রোববার) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে দেশে-বিদেশে, সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগ ও আমাদের পাশে থাকা আমাদের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন।'

ওবায়দুল কাদের বলেন, ’৭১-এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়েও ভারতকে পাশে পাব; এই মানবিক বিপর্যয় মোকাবিলায়।' 

বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্রোতের মতো আসছে রোহিঙ্গারা, তিন লক্ষ চলে আসছে। জানি না এই স্রোতের ভার কতদিন বহন করতে পারব। এই বিষয়ে সরকারকে সবার সহযোগিতা করা উচিত।’

সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘসহ সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তখন আমাদের এখানের একটি দলের টার্গেট সরকার। তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচারকারী, সেখানকার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও পুড়িয়ে মারার বিষয়ে কোনও  কথা বলছে না। তাদের আক্রমণের নিশানা হচ্ছে আওয়ামী লীগ সরকার, মিয়ানমার সরকার না। তাই আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গা সংকটে সারা দেশের মানুষ উদ্বিগ্ন আর একটা দল বিএনপি খুশি। কারণ তারা রাজনীতি করার নতুন ইস্যু পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিকে, মিয়ানমারের সেনাবাহিনীর হামলা-নির্যাতন থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন।’

জাতিসংঘের দেয়া তথ্য মতে, সহিংসতার কারণে গত ১৫ দিনে মিয়ানমার থেকে তিন লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশ সরকার মানবিক কারণে এসব শরণার্থীকে প্রাথমিক সাহায্য দিয়ে উখিয়ার বালুখালীতে বন বিভাগের জয়গায় তাদের থাকার জন্য অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০