দুই সপ্তাহে ৩০০০ রোহিঙ্গা নিহত হয়েছে: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i45575-দুই_সপ্তাহে_৩০০০_রোহিঙ্গা_নিহত_হয়েছে_বাংলাদেশের_পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও উগ্র বৌদ্ধদের হামলায় গত ২৫ আগস্ট থেকে গত দুই সপ্তাহে তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১৪:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী
    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও উগ্র বৌদ্ধদের হামলায় গত ২৫ আগস্ট থেকে গত দুই সপ্তাহে তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

আজ (রোববার) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে কূটনীতিকদের ব্রিফিংয়ে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিহতের এ তথ্য দেন। পররাষ্ট্রমন্ত্রী প্রথমে পাশ্চাত্যের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এবং পরে মুসলিম দেশের কূটনীতিকদের আলাদাভাবে ব্রিফ করেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি।

জর্জ কোচেরি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, এই সহিংসতায় মিয়ানমারের সেনাবাহিনীর হাতে তিন হাজারের মতো রোহিঙ্গা মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করছেন।’

কূটনৈতিক ব্রিফিং শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান জানান, কফি আনানের নেতৃত্বে রাখাইন পরামর্শক কমিশনের রিপোর্টের বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সিনেটে রোহিঙ্গা বিষয়ে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্যাতনের মুখে পালিয়ে আসার  বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বিভিন্ন দেশ বাংলাদেশের প্রশংসা করেছে। রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সমস্যা দূর করতে বাংলাদেশকে সহযোগিতার উপায় নিয়ে ব্রিফিংয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরা নিশ্চিত করতে হবে: আবদুল হামিদ

এদিকে, বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মিয়ানমারের রোহিঙ্গারা যাতে নিজেদের আবাসভূমিতে ফিরতে পারে তা নিশ্চিত করতে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (রোববার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, “রোহিঙ্গাদের সুরক্ষার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাগরিকত্বের অধিকারসহ সব ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত। এই জনগোষ্ঠী অস্তিত্বের সঙ্কট, নিষ্ঠুরতা এবং উৎখাতের শিকার। হাজারে হাজারে রোহিঙ্গা সীমান্ত পার করে ঢুকে পড়ায় বাংলাদেশ এ সমস্যায় সরাসরি আক্রান্ত। বাংলাদেশ একমাত্র মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে।”

বাংলাদেশে প্রেসিডেন্ট বলেন, “মিয়ানমারের এই সমস্যাকে এমনভাবে সমাধান করতে হবে যাতে রোহিঙ্গারা নিজের ভূমি রাখাইনে নিরাপত্তা এবং মর্যাদার সাথে ফিরে গিয়ে থাকতে পারে। এটা নিশ্চিত করতে আমি ওআইসি সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই।”

কয়েক দশক ধরে মিয়ানমারে চলমান জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।

এর মধ্যে গত ২৪ আগস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে কথিত হামলার পর সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নেমেছে। এ দফায় ইতোমধ্যে প্রায় তিন লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জাতিসংঘ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০