দেশে আর একদলীয় কোন নির্বাচন হতে দেয়া হবে না : ব্যারিস্টার মওদুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i48311-দেশে_আর_একদলীয়_কোন_নির্বাচন_হতে_দেয়া_হবে_না_ব্যারিস্টার_মওদুদ
দেশে আর একদলীয় কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এবার দেশে একদলীয়ভাবে কোন নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ১২:৫৩ Asia/Dhaka
  • ব্যারিস্টার মওদুদ আহমদ
    ব্যারিস্টার মওদুদ আহমদ

দেশে আর একদলীয় কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এবার দেশে একদলীয়ভাবে কোন নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।

আজ (শুক্রবার) দুপুরে ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার চাচ্ছে দলীয় পদ্ধতিতে একটি নির্বাচন করতে। আর এ নির্বাচনে বিরোধী দল বলে কোন দল থাক, এটা তারা চায় না। আগামী নির্বাচন হতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ সরকারের কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না। এটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলতে পারি। আর এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে গেছে যে তারা একটি জনসভাকেও সহ্য করতে পারছে না।

আজ (শুক্রবার) রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্মরণসভায় তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের যদি কোন মেসেজ দিতে হয়, তাহলে এ মুহূর্ত থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটলে দেশ বিপর্যয়ের দিকে যাবে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।

রুহুল কবির রিজভী

অন্যদিকে, ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র অবরুদ্ধ বুটের তলায়। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে তা গণতন্ত্র নয়। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।

আজ (শুক্রবার) সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তান শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।#

পার্সটুডে/শামস মণ্ডল/নাসির মাহমুদ/১০