জনগণই দেশকে এগিয়ে নিচ্ছে, ফলে উন্নয়নশীল দেশের গৌরব তাঁদের: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i54726-জনগণই_দেশকে_এগিয়ে_নিচ্ছে_ফলে_উন্নয়নশীল_দেশের_গৌরব_তাঁদের_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার অর্জন সাধারণ মানুষের। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে- সরকার শুধু পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের স্বপ্নপূরণ করায় আজ জাতির পক্ষ থেকে দেয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ২২, ২০১৮ ১১:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার অর্জন সাধারণ মানুষের। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে- সরকার শুধু পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের স্বপ্নপূরণ করায় আজ জাতির পক্ষ থেকে দেয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উন্নয়নশীল দেশের এই স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়েছে দেশ। যারা বাংলাদেশের অগ্রযাত্রা মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তার সরকারের উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনার সব থেকে গুরুত্ব দিয়েছিলাম গ্রাম থেকে উন্নয়ন। তার সরকারের নানা সফলতার কথা তুলে ধরে বলেন, নিজের জন্য নয়, জনগণের ভাগ্যের উন্নয়নই আমার রাজনীতি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ করার অঙ্গীকার আজ প্রতিষ্ঠা করতে পেরেছি। বিদ্যুতের উন্নতির জন্য বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম।

আজ (বৃহস্পতিবার)  সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উৎসব অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ডাকটিকিট, ৭০ টাকার স্মারক মুদ্রা এবং উন্নয়ন আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও এডিবির প্রধান। এর পর বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে থেকে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরুর পর উন্নয়নের এ স্তরে উত্তরণ এবং জাতিসংঘের সুপারিশপত্র গ্রহণ পর্যন্ত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এদিকে বিকাল ৩টায় রাজধানীতে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। সান্ধ্যকালীন কর্মসূচিতে রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসব উপলক্ষে রাজধানী নতুন সাজে সেজেছে । ফেস্টুন, ব্যানার, পোস্টার,  লাইটিং, রঙিন পতাকায় শহর সজ্জিত করা হয়েছে। ফেসবুক, টুইটার, ব্লগসহ নানা মাধ্যমে এ অর্জনের ব্যাপক প্রচার শুরু হয়েছে। এলডিসি উত্তরণ সংক্রান্ত তথ্য উপস্থাপনে সম্পৃক্ত হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২