আওয়ামী লীগের জোয়ার ও বিএনপির ভাটা চলছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i60193-আওয়ামী_লীগের_জোয়ার_ও_বিএনপির_ভাটা_চলছে_কাদের
বাংলাদেশে উন্নয়নের কারণে আওয়ামী লীগের পক্ষে জোয়ার আর নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ভাটা চলছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের এক সময় ভাটা ছিল; এখন বিএনপির। তাদের এ ভাটা জোয়ার হবে কিনা জানি না। তবে, আমার মনে হয়, আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং আবারও আওয়ামী লীগ জোয়ারে ভাসবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২০, ২০১৮ ১১:১৫ Asia/Dhaka
  • আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশে উন্নয়নের কারণে আওয়ামী লীগের পক্ষে জোয়ার আর নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ভাটা চলছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের এক সময় ভাটা ছিল; এখন বিএনপির। তাদের এ ভাটা জোয়ার হবে কিনা জানি না। তবে, আমার মনে হয়, আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং আবারও আওয়ামী লীগ জোয়ারে ভাসবে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনার মঞ্চ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে আওয়ামী লীগ।

গণসংবর্ধনা প্রসঙ্গে তিনি বলেন, আজ বাংলাদেশের উন্নয়ন সারাবিশ্বে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। এই উন্নয়ন ও অর্জন মাত্র কয়েক বছরে বিশ্বরেকর্ড হয়েছে। প্রধানমন্ত্রীর পরিশ্রমের ফলে এই অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। গণসংবর্ধনার জোয়ারের মধ্য দিয়ে আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে জানিয়ে ওবায়দুর কাদের বলেন, আমরা বলি নি সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই না। কিন্তু বিএনপি না এলে আমরা কি করবো। আমরা তো তাদেরকে টেনে আনবো না। নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের অধিকার। সরকারের দয়া বা করুণা নয়।

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপ কেন? কী প্রয়োজনে? নির্বাচন হতে তো কোনও সমস্যা নেই। বিএনপি কি জাতীয়তাবাদী নির্বাচন কমিশন চায়? তাদের কি জেতার গ্যারান্টি দিয়ে নির্বাচনে আনতে হবে? এটা তো কেউ দিতে পারবে না।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দশ বছর ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে সমৃদ্ধি এনে দিয়েছেন, তা বিশ্বের অন্য রাষ্ট্রনায়ক পারেননি। তবে কিছু সমস্যা থেকে গেছে। কারণ ১০ বছরেই জনগণের সব আশা পূরণ করা সম্ভব নয়।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। আর এই এগিয়ে যাওয়া অনেকেই সহ্য করতে পারছে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করার আহবানও জানান তিনি।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২০