শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতা-কর্মীরা: উপদেষ্টা জাহেদ
-
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান (মাঝে)
নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, ব্যক্তি হিসেবে যে কেউ এই নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা বা ঘোষণা দিয়েছেন—এ বিষয়ে সরকার তাদের সুযোগ দেবে কি না, সংবাদ সম্মেলনে তা জানতে চান সাংবাদিকরা। যেহেতু এই নির্বাচন নির্দলীয়ভাবে হতে যাচ্ছে, তাই সরকারের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, "কোনো রকমের সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না।"
তবে প্রচার-প্রচারণার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, "একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি যদি তাঁর প্রচারণায় আওয়ামী লীগ বা তাদের দলের যা যা বলার সেগুলো বলেন, সেটা কিন্তু সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি নির্বাচনটি করার জন্য যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে, সেটা যদি তিনি পূরণ করতে পারেন, তাহলে তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।"
যদি নির্বাচনে অংশ নেওয়া কারও আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে, সে ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে—এমন এক সম্পূরক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগ সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে (সংগঠন নিষিদ্ধ নেই), তাই এই পোস্ট পজিশন (পদ-পদবি) তিনি আসলে ব্যবহার করছেন না এবং করতে পারেন না। ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনের শর্তে যা আছে সেটা পূরণ করতে পারেন, তাহলে তিনি নির্বাচন করতে পারেন। এ ব্যাপারে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।"
পার্সটুডে/এমএআর/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।