অনুমতি না পেলেও শনিবার পূর্বনির্ধারিত জনসমাবেশ অনুষ্ঠিত হবে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i64580-অনুমতি_না_পেলেও_শনিবার_পূর্বনির্ধারিত_জনসমাবেশ_অনুষ্ঠিত_হবে_ফখরুল
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, অনুমতি না পেলেও শনিবার রাজধানীতে তাদের পূর্বনির্ধারিত জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১১:৩১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, অনুমতি না পেলেও শনিবার রাজধানীতে তাদের পূর্বনির্ধারিত জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ (বুধবার) বেলা ‌১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, "আমরা ২৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভা করতে চেয়েছিলাম। পুলিশের কাছে অনুমতির জন্য যাওয়া হলে তারাই বলেছিলেন ২৭ তারিখ জনসভা করা ঠিক হবে না। ২৯ সেপ্টেম্বর ছুটির দিন আছে ওইদিন আপনারা সোহরাওয়ার্দীতেই জনসভা করতে পারবেন। পুলিশ এখন বলছে, ওইদিন (২৯ সেপ্টেম্বর) মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের মতবিনিময় সভা আছে। আমি বুঝতে পারছি না, ওই প্রোগামের সঙ্গে আমাদের জনসভার কী সম্পর্ক?”

মির্জা ফখরুল বলেন, ‘দলের নীতি-নির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যত কর্মসূচি দেওয়ার জন্য এই শনিবার সমাবেশের আয়োজন করা হয়েছে।’ এই সমাবেশে বৃহত্তর জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সময় হলেই জানতে পারবেন।’

বিরোধী পক্ষকে মোকাবেলা এবং ঢাকার রাজপথ দখলে রাখার হুমকি  দিয়ে বিরোধীদলের কর্মসূচির পাল্টা কর্মসুচি ঘোষণা করেছে ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মাদ নাসিম।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির জনসভা সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহিংসতা উসকে দিচ্ছে।

ফখরুলের উল্লেখ করেন, ‘নাসিম সাহেব (মোহম্মদ নাসিম) বলছেন রাজপথে বিএনপিকে প্রতিহত করবে। নানক সাহেব (জাহাঙ্গীর কবির নানক) হাত পা ভেঙে দিতে বলছেন- এই তো হচ্ছে তাদের গণতন্ত্রের ভাষা! এ অবস্থায় জনগণ বিবেচনা করবে সংঘাত-সহিংসতা কারা শুরু করে। তিনি স্মরণ করিয়ে দেন এরাই ২০০৬ সালের ২৭ অক্টোবরে প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে ২৭ জন তরুণকে হত্যা করেছিল।

ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশ করতে সমস্যা নেই: কাদের

রাজপথে বিএনপিকে প্রতিহত করার গতকালকের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ করতে সমস্যা নেই। এ দিন আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিবে না। তবে সারাদেশে দলীয় নেতাকর্মীরা সতর্ক থাকবে।

আজ (বুধবার) দুপুরে রাজবাড়ীতে দলীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার নোয়াখালীতে এক কর্মী সভায় ওবায়দুল কাদের বলেছেন, পাঁচমিশালি ও জগাখিচুড়ির নেতৃত্বের প্রতি জনগণের কোনো আস্থা নেই, আ.লীগ বাদে ঐক্য ‘জাতীয়তাবাদী সাম্প্রদায়িক’।

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭