ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i64625-ক্ষমতার_ক্ষুধা_বিএনপিকে_উন্মাদ_করে_ফেলেছে_ওবায়দুল_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে। তারা পাগলের প্রলাপ বকছে। দেশের শান্তি যারা বিনষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে জিম্মি করে মাঠ দখল, ঢাকা অচল করতে যাবে; জনগণ তাদেরকেই অচল করে দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:৪১ Asia/Dhaka
  • ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে। তারা পাগলের প্রলাপ বকছে। দেশের শান্তি যারা বিনষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে জিম্মি করে মাঠ দখল, ঢাকা অচল করতে যাবে; জনগণ তাদেরকেই অচল করে দেবে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, দরিদ্র ও অস্বচ্ছল মানুষের মাঝে রিক্সা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে নির্বাচনমুখী, আন্দোলনমুখী মন-মানসিকতা ভোটারদের নেই। সবাই নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলন তখন হয় যখন আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান থাকে। দেশে কোথাও অসন্তোষ নেই। কোথাও জনমনে কোনো ক্ষোভ নেই। জনমনে কোনো অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির, ক্ষমতাকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চায়। ক্ষমতাকে কেন্দ্র করে আবারও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশে সাম্প্রদায়িকতা, অশুভ শক্তির যে বিষবৃক্ষ শাখা প্রশাখা বিস্তার করেছে, এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করতে হবে। আমরা আগামী ডিসেম্বরের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে বাংলাদেশকে সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তির করাল গ্রাস থেকে মুক্ত করবো ইনশাল্লাহ।

পরে, রাজধানীর মতিঝিলের বাফুফে মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত দোয়া মাহফিল, রক্তদান ও আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, যারা আন্দোলনের হুমকি-ধামকি দিচ্ছেন, তাদের বলবো- আপনারা আন্দোলন করে ঢাকা অচল করে দেবেন, আর আমরা ঘরে বসে বসে ডুগডুগি বাজাবো? এটা হবে না। যারাই আন্দোলনের নামে নৈরাজ্য, সন্ত্রাস করার চেষ্টা করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেবো।

দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বিএনপি জনগণের সাড়া পায়নি। তাই নাশকতা-সহিংসতার পথে যাচ্ছে। ঢাকা দখল, দেশ দখলের হুমকি দিচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা দখল পাল্টা দখলে নেই। কিন্তু সহিংসতা করলে ছাড় দেবো না।

এ সময়, আগামী বছর থেকে শেখ হাসিনার জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।#

পার্সটুডে/ শামস মন্ডল/ বাবুল আখতার/২৮

 

https://www.facebook.com/parstodaybn/