কারো ব্যাপারে গীবত করবেন না, ভালো ব্যবহার করুন: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i64795-কারো_ব্যাপারে_গীবত_করবেন_না_ভালো_ব্যবহার_করুন_ওবায়দুল_কাদের
নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করে সংসদে পাঠালে তা অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সীমিত আকারে ইভিএম ব্যবহার চায় বলেও জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০৫, ২০১৮ ১৩:২৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করে সংসদে পাঠালে তা অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সীমিত আকারে ইভিএম ব্যবহার চায় বলেও জানান তিনি।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর গাবতলী বাসস্টেশন এলাকায় আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূ‌চিতে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিস্কার। কাজেই অপর্কম করবেন না। কারো ব্যাপারে গীবত করবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয় বাইরের শত্রুর প্রয়োজন হবেন না। আর গণসংযোগে প্রচারপত্র বিলি করতে গিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনগণকে খুশি রাখতে হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত নিরাপদ সড়ক আন্দোলনের নামে নিরাপদে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল। বিএনপি কোনো ইস্যু পেলে তার মধ্যে ষড়যন্ত্রের নীল নকশা করে। কিন্তু এবার নির্বাচন বানচাল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। এ সময়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আবারও অভিযোগ করেন তিনি।

এর আগে, (শুক্রবার) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের (অক্টোবরের) শেষ দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। সেখানে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকবে না। সংসদ সদস্যদের নিয়েই নির্বাচনকালীন সরকার হবে।

তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ করার বিষয়ে তিনি বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এত ব্যস্ত যে, গণসংযোগ চালাতে পারছে না।

গত একশ বছরে দেশের এত উন্নয়ন কেউ দেখেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তাই দেশের জনগণ আর বিএনপিকে চায় না। জেনেশুনে মানুষ বিষপান করবে না।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৫