সংবিধানে আলাদা নির্বাচনকালীন সরকারের বাধ্যবাধকতা নেই: তোফায়েল
-
তোফায়েল আহমেদ
'বাংলাদেশের সংবিধানে আলাদা নির্বাচনকালীন সরকারের কোন বাধ্যবাধকতা নেই। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে পারে।' এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ (রোববার) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এসব কথা বলেন। এরআগে, ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়রের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।
চলতি মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদ পুনর্গঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। তবে এর আকার নির্ধারণ করার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনিই এটা নির্ধারণ করবেন। এ সরকারে কে থাকবেন বা কে কে নতুন যুক্ত হবেন, সেটা প্রধানমন্ত্রীই নিধারণ করবেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুসারে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এলো নাকি এলো না, তার জন্য অপেক্ষা করা হবে না। আবার মওদুদ সাহেবরা একমাসের অনেক কিছু হবে বলে আশা করছেন, সেটাও হবে না। দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে, এবার আর সে ভুল করবে না। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেও জানান তিনি।
এদিকে, বিএনপি কর্মকাণ্ডের সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয়, তাদের জন্য এমন একটি রাজ্য দরকার- যেটাকে বলা হবে 'মগের মুল্লুক'। যার যা খুশি করে যাবে, কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না।
আজ (রোববার) সকালে কুষ্টিয়ার সৈয়দ মাছ-উদ রুমী কলেজ মাঠে অভিভাবক ও সুধি সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
তিনি আরও বলেন, মির্জা ফখরুলের স্মরণ থাকা উচিত, ২০০৩ সালে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিনা কারণে ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। গত ১০ বছরেও বিএনপির এতো নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নজির নেই।
হানিফ আরও বলেন, বিএনপি রাজনৈতিক কার্যক্রমের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তার জন্য কি মামলা ও বিচার হবে না? অপরাধ করলে আইনের আওতায় এনে তার বিচার হবে এটাই স্বাভাবিক। আইন সবার জন্য সমান। অপরাধ যেই করুক, সে যতো বড় নেতাই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৭