আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i64865-আওয়ামী_লীগ_একদলীয়_শাসন_প্রতিষ্ঠার_সকল_আয়োজন_সম্পন্ন_করেছে_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৮, ২০১৮ ০৮:৪৪ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে।  

আজ (সোমবার) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক মতবিনিময় সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা নিয়ে সাংবাদিক থেকে শুরু করে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে আরও চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা যে স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে দেয়া হচ্ছে। গণতান্ত্রিক, মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলা হচ্ছে। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি বহু মত, বহু পথ, ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। দেশের সকল মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের এখনও সময় আছে। উপলব্ধি করার সময় আছে। আপনাদের রক্ষাকর্তা খালেদা জিয়াকে মুক্তি দিন। একমাত্র তিনি আপনাদের মুক্তি দিতে পারবেন। তাকে মুক্ত করুন, আলোচনা করুন। কীভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা করুন।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণকে জিম্মি করে কিছুদিনের জন্য ক্ষমতায় থাকা যায়। চিরদিনের জন্য নয়।’ 

বিএনপি আয়োজিত সভায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব, কূটনৈতিক নেতৃবৃন্দ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮