২১ আগস্ট হামলার মামলার রায় কাল; বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i64905-২১_আগস্ট_হামলার_মামলার_রায়_কাল_বিএনপি_ও_আওয়ামী_লীগের_পাল্টাপাল্টি_বক্তব্য
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনিপ’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত ছিল না। তা সত্বেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় জড়িয়েছে। সরকার রাজনেতিক উদ্দেশ্যে এ মামলাটিকে ব্যবহার করেছে।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ১৫:২৯ Asia/Dhaka

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনিপ’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত ছিল না। তা সত্বেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় জড়িয়েছে। সরকার রাজনেতিক উদ্দেশ্যে এ মামলাটিকে ব্যবহার করেছে।’

৯০-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ জেহাদ দিবস উপলক্ষে  মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  আয়োজিত এক স্মরণসভায়  প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই যে ভয়ঙ্কর একটা ঘটনা, যার একটা সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার ছিল, প্রকৃত আসামিদের বের করে নিয়ে এসে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার ছিল। তা না করে কী করল সরকার? তারা রাজনৈতিকভাবে পুরো বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে তারেক রহমান ও আব্দুস সালাম পিন্টুসহ অন্যান্য বিরোধী দলের নেতাদের জড়িত করল।

তিনি বলেন, ‘ঘটনার পর সে সময়ের সরকার সুষ্ঠু তদন্তের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছিল। বিএনপি সরকারের আমলেই আমেরিকা থেকে এফবিআই, তদন্তকারী প্রতিষ্ঠান ইন্টারপোলের তদন্ত টিম নিয়ে আসা হয়েছিল তদন্ত করার জন্য। ‘আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু বিএনপি, তারেক রহমান বা আব্দুস সালাম পিন্টুকে দোষারোপ করেননি। দোষারোপ করেছেন শুধু সেনাবাহিনীকে।

ফখরুল জানান, তৎকালীন  ‘কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে এ মামলায়  চার্জশিট দেয়া হয়েছে, সেখানে তারেক রহমানের নাম ছিল না। প্রায় ৬১ জনের স্বাক্ষ্যগ্রহণের পর আইও চেঞ্জ করে আবার নতুন করে আইও দেয়া হলো কাহার আকন্দকে। তিনি একজন রিটায়ার্ড (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা। চাকরি হারিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিশোরগঞ্জ থেকে। তাকে আবার চাকরিতে ফিরিয়ে এনে আইও করা হলো।’

মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে রেখে নির্মম অত্যাচারের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে- অভিযোগ করে ফখরুল বলেন, ‘একসময় সে (মুফতি হান্নান) আদালতকে বলেছিল, অত্যাচার করে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এখন তারই সূত্র ধরে তারা (ক্ষমতাসীন দল) বারবার একই রেকর্ড বাজাচ্ছেন- এর সঙ্গে পিন্টু জড়িত, তারেক রহমান জড়িত, বিএনপি জড়িত।’

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ‘ফরমায়েশি’ রায়ের শঙ্কা প্রকাশ করেছে

মওদুদ আরও বলেন, ‘অতি সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈধ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর বিএনপি নেতৃত্ব সঙ্কটে পড়বে। ওবায়দুল কাদেরের এহেন বক্তব্যের পর যে কোনো ব্যক্তি ধারণা করতে পারেন যে, মামলার রায় কী হবে।’

ওদিকে ২১ আগস্টের গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি যাত্রীবাহী পরিবহনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন,  সে সময় ক্ষমতায় ছিল বিএনপি। সবাই জানে এর মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নাই।

তাছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একই সুরে বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনও স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেছেন, ‘বুধবার গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনও সুযোগ নেই। নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৯