বিএনপি এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: কাদের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আদালতের রায়ে বিএনপি এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। তারা নৈতিকতা ও ভাবমূর্তি হারিয়ে সন্ত্রাস ও রাজনীতিকে সমার্থক করে ফেলেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) দুপুরে মাদারীপুরের জাজিরা এলাকায় পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামীকাল (রোববার) নিজে উপস্থিত থেকে পদ্মা সেতুর রেলসংযোগের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়দায়িত্ব এড়াতে পারেন না। একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারও বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন, বিএনপির নৈতিকতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দলটি তাদের নিবন্ধনের যোগ্যতাও হারিয়েছে। এ সন্ত্রাসী দলকে এ দেশের জনগণ আর ভোট দেবে না। আর বিএনপির নির্বাচনে আসবে কি আসবে না, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা যদি সত্য হয়ে থাকে, তাহলে এ রায়ও সঠিক। এখন এ রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়, নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন বলেও জানান।
অন্যদিকে, ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে তাতে উঠে এসেছে, জাতিকে নেতৃত্বশূন্য করার জন্য এই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। আদালতের এ পর্যবেক্ষণের সঙ্গে পুরো জাতি একমত পোষণ করে। বিএনপি একটি সন্ত্রাস লালনকারী রাজনৈতিক দল এটা আজ স্বীকৃত, প্রমাণ হয়েছে। আগামী নির্বাচনে এই সন্ত্রাস লালনকারী দলের অস্থিত্ব বিলীন হয়ে যাবে। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে আদালতকে ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।#
পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতর/১২
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন