নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির দাবি নাকচ করলেন কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বিএনপির দাবি নাকচ করে দিয়েছেন।
নির্বাচন কমিশনের বৈঠকে যিনি নোট অব ডিসেন্ট দিলেন বা বেরিয়ে গেলেন সেই মাহবুব তালুকদার বিএনপির মনোনীত ব্যক্তি হিসেবে নির্বাচন কমিশনে এসেছেন। সেটা শুধু স্মরণ করিয়ে দেই। তার সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করতে চাই না।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে বনানীতে নির্মিত বিআরটিএ’র নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের বৈঠকে কমিশনের একজন সদস্য নোট অব ডিসেন্ট দিয়েছেন, এটা কোনো বাধা নয়, প্রতিবন্ধকতাও না। কাজেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি অযৌক্তিক।
উল্রেখ্য, গতকাল (সোমবার) কমিশনের ৩৬তম সভা শুরুর পর ৭ মিনিটের মাথায় মাহবুব তালুকদার বৈঠক ছেড়ে চলে যান। কারণ বৈঠকে তিনি ৫ দফা দাবিতে বক্তব্য দিতে চাইলে তাকে বক্তব্য দিতে দেয়া হয়নি বলে পরে তিনি প্রেস বিফ্রিংয়ে জানান। তবে একদিন পর আজ আবার নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন মাহবুব তালুকদার।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা আজ বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সবকিছুই করা হবে। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্ত্বা। সাংবিধানিক প্রতিষ্ঠান। কাজেই সাংবাধানিক দায়িত্ব থেকে কেউ কখনও বিচ্যুত হবেন না। আইনানুগ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনায় ব্রতী হবেন। সিইসি বলেন, জাতীয় নির্বাচনের সময় সমগ্র জাতি একটি আবহ সৃষ্টি করে, জাতির মধ্যে আকুল আগ্রহের সৃষ্টি হয়। কারণ এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, নতুন সরকার গঠিত হয়।
মাঠ কর্মকর্তাদের উদ্দেশ করে কেএম নূরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয়। মাঠ পর্যায়ে আপনারা কী কী সমস্যার সম্মুখীন হন তা বলবেন এবং এ সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করবেন।
ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য তাদের সাথে কাজ করা, সুশীল সমাজ, মিডিয়াসহ অন্যদের পরামর্শ গ্রহণ করে নিজেদের বিবেক-বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতিকে প্রত্যাশিত নির্বাচন উপহার দিবেন বলে মাঠ কর্মকর্তাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন