দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ ঐক্য- ফখরুল; কাদের বললেন এটি জগাখিচুড়ি ঐক্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i65102-দেশের_গণতন্ত্র_পুনরুদ্ধারে_এ_ঐক্য_ফখরুল_কাদের_বললেন_এটি_জগাখিচুড়ি_ঐক্য
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, মানুষের অধিকার ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৩:০৩ Asia/Dhaka
  • দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ ঐক্য- ফখরুল; কাদের বললেন এটি  জগাখিচুড়ি ঐক্য

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, মানুষের অধিকার ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে।’

বুধবার দুপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নিজ জেলা ধহর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিজ বাসভবনে মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও ইভিএম পদ্ধতি বাতিল, নির্বাচনে সেনা মোতায়েনসহ ৭ দফা  দাবিতে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সকল দলের অংশগ্রহণে যেন একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন,  ‘আমরা আশাবাদী জাতীয় ঐক্য ফ্রন্টের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই  একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আনুষ্ঠান এবং  দেশনেত্রী খালেদা জিয়াসহ বিএনপির  নেতা-কর্মীদের  কারাগার থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের দেশের মঙ্গল কামনা করে প্রার্থনা করার আহ্বান জানান মির্জা ফখরুল।

ওদিকে ক্ষমতাসিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  আজ সকালে তার নিজ জেলা নোয়াখালীর বসুরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে বলেছেন,  ‘জাতীয় ঐক্য একটি জগাখিচুড়ি ঐক্য। দুঃখজনক হলেও সত্য, তাঁদের নিজেদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া মনে হয় আর কোনো নেতা নেই। তাই তাঁরা জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনের ওপর ভর করে তাঁকে নেতা করেছেন।’

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন,  ‘সাম্প্রদায়িক অপশক্তি যে রূপেই হোক, এরা আপনাদের ও আমাদের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে আপনাদের–আমাদের নির্ভরযোগ্য ঠিকানা হলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের আরো বলেন,  আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আপনাদের যেকোনো সংকটময় মুহূর্তে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আমাদের দলীয় নেতা-কর্মীদেরও নির্দেশ দিয়েছি ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকার জন্য।’#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৭