ঐক্যফ্রন্টের সাত দফা দাবিই অযৌক্তিক; এক দফাও মানা হবে না : কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i65329-ঐক্যফ্রন্টের_সাত_দফা_দাবিই_অযৌক্তিক_এক_দফাও_মানা_হবে_না_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবিই ভিত্তিহীন ও অযৌক্তিক। এক দফাও মানা হবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৬, ২০১৮ ১৩:২৮ Asia/Dhaka
  • ঐক্যফ্রন্টের সাত দফা দাবিই অযৌক্তিক; এক দফাও মানা হবে না : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবিই ভিত্তিহীন ও অযৌক্তিক। এক দফাও মানা হবে না।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট।

ওবায়দুল কাদের বলেন, তাদের সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। তাই নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডা বাস্তবায়ন করবে। নির্বাচনের সময় বিশ্বের অন্যদেশে যেভাবে সরকার থাকে, বাংলাদেশেও একইভাবে থাকবে।

এ সময়, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনই যথেষ্ট দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং এই কমিশনে বিএনপিরও লোক আছে।

মেট্রোরেল প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, মেট্রোরেল এখন দৃশ্যমান। এটা প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। ২০১৯ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ফেজের কাজ শেষ হবে। দ্বিতীয় ফেজ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে। এতে প্রতিদিন পাঁচলাখ মানুষ যাতায়াত করতে পারবে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

এদিকে, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিচারপতি এসকে সিনহা জ্যুডিশিয়াল ক্যু করতে চেয়েছিলেন। তিনি বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন। প্রশ্নবিদ্ধ করেছেন পুরো বিচার ব্যবস্থাকে। এটা তার কাছ থেকে কেউই আশা করেনি।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন ও ব্যারিস্টার মইনুল হোসেনের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, একজন নারী সাংবাদিককে অপমান করে ব্যারিস্টার মইনুল গোটা নারী সমাজকেই অপমান করেছেন। এরপরও তার পক্ষ নিয়েছেন ড. কামাল হোসেন। এতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। এখন মইনুল হোসেন ক্ষমা না চাইলেও, তার পক্ষে ড. কামাল ক্ষমা চাইতে পারেন। তাহলেই আরো ভালো হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/রেজওয়ান হোসেন/২৬