আর এক ঘণ্টাও নির্বাচন পেছানো যাবে না: ইসিকে আওয়ামী লীগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i65815-আর_এক_ঘণ্টাও_নির্বাচন_পেছানো_যাবে_না_ইসিকে_আওয়ামী_লীগ
বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ডিসেম্বরের পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক ঘণ্টাও পেছানো যাবে না।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
নভেম্বর ১৪, ২০১৮ ২১:০৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন এইচ টি ইমাম
    বক্তব্য রাখেন এইচ টি ইমাম

বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ডিসেম্বরের পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক ঘণ্টাও পেছানো যাবে না।

আজ (বুধবার) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি, ৩০ তারিখ পর্যন্ত নির্বাচন পিছিয়েছেন। আর নয়। একদিন নয়, এক ঘণ্টাও নয়।’

এর আগে আজ বিকেলে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি করে। বৈঠক শেষে ড. কামাল হোসেন জানান, নির্বাচন পেছানো হবে কি না, সে বিষয়ে ইসি বলেছে তারা বিষয়টি বিবেচনা করবে।

নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘আমরা কয়েকদিন ধরে লক্ষ করছি নির্বাচন পেছানোর জন্য কয়েকটি মহল বিভিন্নভাবে কথা বলেছে। কিন্তু নির্বাচন পেছালে কী অসুবিধা হবে তা ভেবে দেখছেন না। এর আগেও ২৯ ডিসেম্বর নির্বাচন হয়েছে। সে সময়ও কিন্তু বড় দিন কিংবা ইংরেজি নতুন বছর কোনো সমস্যা হয়নি। ৩০ ডিসেম্বর নির্বাচন হলে বিদেশি পর্যবেক্ষকরা যে আসবেন না তেমন কোনো বিষয় নয়।’

বিএনপির দাবি হাস্যকর উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘পৃথিবীর এমন কোনো দেশ নেই, যারা বিদেশিদের সুযোগ সুবিধার কথা ভেবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী নির্বাচন ঠিক করব।’ 

দুপুরে নয়াপল্টনে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, আজকে নয়াপল্টনের ঘটনা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। তারা একদিকে সুষ্ঠু ভোট চাইবেন, আরেকদিকে সহিংসতা করবেন। এটা হতে পারে না।

পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিনি বলেন, ‘এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা আজকের সন্ত্রাসী ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করি। ২০১৩ থেকে ২০১৫ জোট যেভাবে আগুন সন্ত্রাস  করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে এটাকে তারই আলামত বলে আমি মনে করছি।’

ধানমণ্ডিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজনের প্রাণ গেছে- এ বিষয়ে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘এটা কিন্তু নির্বাচনের আগে। সেটা নির্বাচনের ব্যাপারে নয়, গাড়ি চলাচলের ব্যাপারে।‍ দুই গাড়ি প্রতিযোগিতা করে চলতে গিয়ে দু্জন চাপা পড়ে মারা গেছে।’  

প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর যে ‘নির্বাচনী প্রচারণা’ সেটি আইনের লঙ্ঘন কি না – এই প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘সেখানে কোনো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন না। যারা দলীয় মনোনয়ন নিয়েছেন তারা প্রধানমন্ত্রীর কাছে দোয়া নিতে গেছেন।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪