নির্বাচন বানচালে বিএনপির চক্রান্ত সফল হবে না: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i65841-নির্বাচন_বানচালে_বিএনপির_চক্রান্ত_সফল_হবে_না_শেখ_হাসিনা
বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করার অপচেষ্টা করলে তা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৫, ২০১৮ ১৫:৩৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করার অপচেষ্টা করলে তা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভার শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে জনগণকে সোচ্চার থাকতেও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তারা যেহেতু নির্বাচনে আসবে বলে ঘোষণা দিয়েছে তাই নির্বাচন যাতে হয় সেটাই চেষ্টা করতে, অন্তত নির্বাচন বানচালের চেষ্টা যাতে না করে। এ চক্রান্ত তারা ২০১৪ সালে করেছে কিন্তু সফলতা পায়নি, আগামীতেও পাবে না কারণ জনগণ আমাদের সাথে রয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণ চায় নির্বাচন, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিয়ে তাদের মনের মতো সরকার গঠন করতে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে তাতে আমরা আশাবাদী আগামীতে জনগণ আবারও আওয়ামী লীগকে জনগণের ভোটে নির্বাচিত হবে।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুরের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জনগণ যখন উৎসবমুখর হয় তখনতো বিএনপির খুব খারাপ লাগে। তারা সেই উৎসবে পানি ঢালে। সেটাই কালকে আমরা দেখলাম।… কোনো কথা নেই বার্তা নেই। সেখানে বিএনপির এক নেতা তার মিছিল নিয়ে এলো। যেটা মিছিল নিয়ে আসার কথা না। তারপরও নিয়ে এসে সেখানে মারপিট… অনেকগুলো পুলিশ আহত। তিনটা গাড়িও পোড়ালো।” 

শেখ হাসিনা বলেন, “২০১৪ সালে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, ২০১৫ সালে অগ্নিসন্ত্রাস করেছে, আবার ঠিক সেই অগ্নিসন্ত্রাস শুরু করল। মানে অগ্নিসন্ত্রাস ছাড়া, মানুষকে আগুন দিয়ে পোড়ানো ছাড়া বিএনপি কোনো কাজ করতে পারে না- এটাই প্রমাণ।”#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫