শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, বিজয় আওয়ামী লীগেরই হবে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i65861-শেখ_হাসিনার_জনপ্রিয়তা_তুঙ্গে_বিজয়_আওয়ামী_লীগেরই_হবে_কাদের
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগেরই বিজয় হবে বলে আশা প্রকাশ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১১:৩৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগেরই বিজয় হবে বলে আশা প্রকাশ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতি সম্প্রতি করা আসনওয়ারী জরিপের ফলাফলে আওয়ামী লীগই এগিয়ে আছে। ছয় মাস আগেও যেসব আসনে আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে ছিল, সেগুলোতে এখন ভালো অবস্থানে এসেছে। কাদের আশা করছেন, বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগেরই বিজয় হবে।

ওবায়দুল কাদের বলেন, "আমাদের নির্বাচনি প্রস্তুতি প্রায় শেষ। দেশি-বিদেশি সব সমীক্ষা ও জরিপে শেখ হাসিনা জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। এই মুহূর্তে সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমি পাঁচ-ছয়টি জরিপ রিপোর্ট স্টাডি করেছি। এই জরিপ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়েই করেনি, আমাদের যারা প্রতিপক্ষ তাদের অবস্থান নিয়েও জরিপ করা হয়েছে। আমরা যেসব জায়গায় পিছিয়েছি, সেসব নির্বাচনি এলাকাতেও আমরা গেছি।" 

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমর্থনের যে পারদ, তাতে তাদের অবস্থান নিচের দিকে। বিএনপি হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া বক্তব্য দিচ্ছে।

তফসিল ঘোষণার পর থেকে কয়েকটি মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে—বিএনপির এই অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, "আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এই অপকর্ম-সন্ত্রাস-সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে?"

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "তফসিল ঘোষণার পর এই দুঃসাহস বিএনপি কীভাবে দেখায়? অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ? এটা ক্রিমিনাল অফেনস, অ্যাক্ট অব টেররিজম। এ ধরনের অপরাধ বিনা শাস্তিতে যাবে না।"

বিএনপির উদ্দেশে তিনি বলেন, "পুলিশ কোনও প্রকার হস্তক্ষেপ করছে না যাতে নির্বাচনটা ভালোভাবে হয়। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন এজন্য সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি। তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে।"

ওবায়দুল কাদের আরও বলেন, পল্টনে পুলিশের ওপর হামলা করে বিএনপি প্রমাণ করেছে, তারা তাদের পুরোনো পথ, আগুন সন্ত্রাসের পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ, বিএনপি জানে, বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই। সে কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা এত দিন গণতন্ত্রের বেশে ছিলেন, তারা ছদ্মবেশী। তারা এতদিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তারা নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করতে থাকেন। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আওয়ামী লীগের লড়াই।

আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, "দুই-তিন দিনের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে। এক সপ্তাহের মধ্যে অ্যালায়েন্সের (জোট) সঙ্গে আসন ভাগাভাগীর কাজ শেষ হবে। জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। হারের রিস্ক আমরা নেব না।"# 

পার্সটুডে/আশরাফুর রহমান/শামস মণ্ডল/১৬ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন