ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক, ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের
-
মনোনয়ন বোর্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছেন তারেক রহমান
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের সাক্ষাৎকার শুরু হয়েছে।
আজ (রোববার) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। মনোনয়ন বোর্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থীদের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, দলের জন্য অবদান ইত্যাদি বিষয়ে প্রশ্ন করছেন।
বিএনপির মনোনয়ন বোর্ডে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে, দণ্ডিত ও পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি-না, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে কাদের ইসির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এটা জাতির কাছে বলতে পারি যে একজন দণ্ডিত, পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কি-না? একটা দিক হচ্ছে, আমি জাতির কাছে এর বিচার চাইছি। আরেকটা হচ্ছে, ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে, দু’টি মামলায় একটিতে সাত বছর এবং আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত একজন বিদেশে আছেন, পলাতক- এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে কি-না, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।’
বিএনপির সূত্র জানায়, প্রথম দিন সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন রংপুর ও রাজশাহী বিভাগের ধানের শীষ থেকে মনোনয়নপ্রত্যাশীরা। পঞ্চগড়-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শুরু হয় এ প্রক্রিয়া। দুপুর আড়াইটা পর্যন্ত রংপুর বিভাগের ৩৩টি নির্বাচনী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এ সাক্ষাৎকারে অংশ নেবেন।
সাক্ষাৎকারের সময়সূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন